১৯২৬-এর আলোকধারায় কী পেলাম

১৯২৬ সালের জানুয়ারি মাসে ঢাকায় প্রতিষ্ঠিত হয় মুসলিম সাহিত্য সমাজ। এর মুখপত্র ছিল শিখা। শিখার প্রথম সংখ্যা প্রকাশিত হয় ১৩৩৩ বঙ্গাব্দে। মুসলিম সাহিত্য সমাজ না বলে, বলা হতো শিখাগোষ্ঠী। ইয়ংবেঙ্গল গোষ্ঠীর অনুকরণে হয়তো বলা হয়ে থাকে। আমরা বলছি বুদ্ধির মুক্তি আন্দোলন। তখন কয়েকজন অগ্রসর তরুণ ঢাকায় এ-সংগঠন প্রতিষ্ঠা করেন। ওই সময় আবুল হুসেন, কাজী আনোয়ারুল কাদীর, কাজী আবদুল ওদুদ, আবুল ফজল, আবদুল হক, কাজী মোতাহার হোসেন, মোতাহের হোসেন চৌধুরী ও আবদুল কাদির প্রমুখ সাংগঠনিক ভূমিকা পালন করেন। তৎকালীন ঢাকাবাসী শিক্ষা, সাহিত্য, সংস্কৃতি ক্ষেত্রে সচেতন ছিল। তবে এমন একটি সংগঠনের বিষয়ে সংবেদনশীল ছিল না। বরং কখনো উলটো ভূমিকাও পালন করেছেন। মুসলিম সাহিত্য সমাজ ও শিখা বিরোধী তৎপরতা আমরা লক্ষ করেছি। মুসলিম সাহিত্য সমাজের মূল বাণী ছিল— ‘জ্ঞান যেখানে সীমাবদ্ধ, বুদ্ধি সেখানে আড়ষ্ট, মুক্তি সেখানে অসম্ভব’। এ বাণীকে কেন্দ্র করেই সংগঠনের প্রতিষ্ঠা ও সকল কার্যক্রম পরিচালিত হতো।

আমাদের মূল প্রশ্ন হলো, ১৯২৬ সালের এ সংগঠন, পত্রিকা ও তৎপরতা থেকে কী অর্জিত হলো, মুক্তচিন্তা চর্চায় কতটুকু এগিয়েছে এ-সমাজ ইত্যাদি। এ-প্রশ্নের উত্তর খোঁজ করা আরো বেশি জটিল হয়ে গিয়েছে এখন। বিশ্বপুঁজিবাদের আধিপত্য, একইসাথে কূপমণ্ডুকতা আরও বেশি শক্তিমত্তাসহ আমাদের ঘর ও মগজে ঢুকে পড়েছে। তবে পুঁজির মুক্তবাজারে মানুষ আরো বেশি স্বাধীন, মুক্ত হওয়ার কথা ছিল। উলটো পুঁজির শক্তি অন্ধত্বকে উসকে দিয়ে বাণিজ্যিক ফায়দা তুলে নিচ্ছে। মুক্ত পরিসর কমে যাচ্ছে ক্রমশ। ফলত সমূহ উত্তরে যাওয়ার আগে দেখতে হয় মুসলিম সাহিত্য সমাজের লক্ষ ও উদ্দেশ্য কী ছিল। আমাদের পর্যবেক্ষণ, উপলব্ধির আলোকে সূত্রাকারে যা বলা যায়।  

১. শিক্ষা, সংস্কৃতি, জ্ঞানচর্চা ও সামাজিক উন্নয়ন
২. মানবসৃষ্ট কুসংস্কার; আনুগত্য থেকে মুক্তি
৩. বুদ্ধির মুক্তি
৪. ঐতিহ্যের সংযোগ, মাতৃভাষা চর্চা ও স্বাতন্ত্র্য পরিচিতি স্পষ্টকরণ
৫. জীবন- জগতের বোঝাপড়ায় নবজাগরণ সৃষ্টি।

প্রসঙ্গত অস্তিত্ববাদী দার্শনিকরা বলেছেন, বুদ্ধিবৃত্তিক চর্চা হলো, আত্মনির্মাণ ও দায়বদ্ধতার কর্মকাণ্ডে নিজের রূপান্তর। ব্যক্তিকে বুদ্ধিবৃত্তিক চিন্তন-মননের মাধ্যমে জীবনার্থ গড়ে তুলতে হয় এবং প্রকৃত সত্তা অনুযায়ী জীবনযাপন করতে হয়। এ প্রসঙ্গে এডি সার্টিলানজেস (The intellectual life) মনে করেন, বুদ্ধিজীবী হওয়াটা এক পবিত্র ব্রত। একজন চিন্তকের লক্ষ ব্যক্তিগত মর্যাদা, সম্পদ কিংবা প্রাতিষ্ঠানিক প্রশংসা নয়; বরং সত্যের কাছে নিজেকে সম্পূর্ণভাবে সমর্পণ করা। এক্ষেত্রে চতুরতা নয়, সততাই কর্তব্য। নিষ্ঠার জন্য উদ্দেশ্যের বিশুদ্ধতা, বিনয় এবং নৈতিক সততা অপরিহার্য। অনিয়ন্ত্রিত আবেগ ও অহংবোধ চিন্তার স্বচ্ছতাকে ব্যাহত করে। কারণ চিন্তা বিচ্ছিন্নভাবে কাজ করে না—মানুষের চিন্তার গভীরতা তার শরীর, মানসিক অবস্থা এবং আধ্যাত্মিক অভ্যাসের দ্বারা সরাসরি প্রভাবিত হয়।

এ-প্রসঙ্গে বুদ্ধির মুক্তি আন্দোলনের অন্যতম ব্যক্তি কাজী আনোয়ারুল কাদীরের বক্তব্য উল্লেখ করা যেতে পারে। তিনি সামাজিক গলদ প্রবন্ধে বলেছেন, ‘বুদ্ধির মুক্তি না হলে ধর্মশিক্ষা হতে পারে না। ধর্মের আদেশ ও নিষেধ পালন করার জন্য বুদ্ধির দরকার। বুদ্ধির অভাবে আজকাল আমাদের ভিতর প্রকৃত ধর্মভাব লোপ পেয়েছে। এখন গোঁড়ামিই আমাদের ধর্ম হয়ে দাঁড়িয়েছে।… গোঁড়ামির প্রধান কারণ এই যে আমরা ধর্মের সব বিধিনিষেধের কতকগুলো সহজ অর্থ করে নিয়েছি। এইরূপ সহজ অর্থ করার দরুণই যে আমাদের এই দুর্দশা একথা অস্বীকার করার সময় চলে গেছে।’

সময়ের দিকে নজর দিলে বুঝা যায় অত্যন্ত দূরদর্শী ভাবনা থেকে মুসলিম সাহিত্য সমাজ গঠিত হয়। সংগত কারণে এর প্রভাব প্রসারিত হয়েছে একাত্তরে অর্জিত স্বাধীনতার উত্তরকাল পর্যন্ত। এখনও ওই দৃষ্টিকোণ থেকেই বাংলাভাষা, উদারপন্থার রাজনীতি, সাহিত্য সংস্কৃতির পক্ষে কথা বলা হয়। মুক্তবুদ্ধিচর্চার জন্য যাবতীয় উদ্যোগ ও পরিসরের যে আকাঙ্ক্ষা, তার ভিত্তি নির্মাণ করেন ওই শিখাগোষ্ঠী। কারণ জনসমাজ আড়ষ্ট হলে, যুক্তি, সংশয়, বিজ্ঞান, তর্ক, অনুসন্ধান না থাকলে উন্নতি হয় না। ফলত এর চিন্তা, যুক্তি গোটা সমাজকে আন্দোলিত করে। মুসলিম সাহিত্য সমাজ সম্পর্কে আবুল কাসেম ফজলুল হক স্পষ্ট বলেছেন, ‘তাঁরা মনে করতেন, বাস্তব অবস্থার পরিবর্তনের সঙ্গে সঙ্গে বিশ্বাসেরও পরিবর্তন ঘটাতে হবে-…তাঁরা মনে করতেন বিকাশশীল প্রকৃতিই মানুষের সবচেয়ে মূল ও বড় শিক্ষক। তাঁরা প্রচলিত বিশ্বাসকে ত্যাগ করে, ইন্দ্রীয়প্রত্যক্ষ জ্ঞান ও অভিজ্ঞতা আর বিবেক-বুদ্ধি ও বিচার-বিবেচনা অবলম্বন করে, ইতিহাসের ধারাবাহিকতায় উন্নততর নতুন বিশ্বাস উদ্ভাবন ও আয়ত্ত করতে তৎপর ছিলেন।’

মুসলিম সাহিত্য সমাজ গঠনের পর ঘটলো দেশভাগ। দুটো দেশ গঠিত হলো দ্বিজাতিতত্ত্ব ও ধর্মের ভিত্তিতে। ঐতিহাসিক ধারাবাহিকতা যদি লক্ষ করি, সেই সময় ব্রিটিশ উপনিবেশ বিরোধী আন্দোলনে সারা ভারতবর্ষ উত্তাল। তখন স্বাধীনতা ছাড়া মুক্তির বিকল্প ছিল না। একইসাথে ফ্যাসিবাদের বিপক্ষে লেখক শিল্পীরাও সংগঠিত হয়েছেন। রাজনীতিতে বেড়েছিল বামপন্থার প্রতি ঝোঁক। বিভিন্ন ধাপে উত্তরণে বায়ান্নের ভাষা আন্দোলন, যুক্তফ্রন্ট নির্বাচনে বাঙালির জয়লাভ, সামরিক শাসনের বিরুদ্ধে কৃষক-শ্রমিক, শিক্ষা আন্দোলন এবং গণঅভ্যুত্থানের ভেতর দিয়ে একাত্তরে স্বাধীন রাষ্ট্র নির্মাণে পৌঁছা। হঠাৎ করে তা হয় না। এ পর্যায়ে পৌঁছাতে হলে সর্বোচ্চ ত্যাগে উপনীত হতে দীর্ঘদিনের প্রস্তুতি ও চর্চা প্রয়োজন। রাজনৈতিক ঘটনাবলির বাইরে রয়েছে বিভিন্ন সংগঠনের ভূমিকা, সাংস্কৃতিক আন্দোলন ও তৎপরতা। বলার অপেক্ষা রাখে না যে, সবকিছুর মূলে রয়েছে মুসলিম সাহিত্য সমাজের প্রণোদনা। প্রশ্ন হতে পারে লেখক বুদ্ধিজীবীদের সংগঠন থেকে কী জাতিরাষ্ট্রের উত্থান হতে পারে। মূলত তাঁরা একটা বীজমন্ত্র ছড়িয়ে দিয়েছেন।   

সেই সময় এমন সংগঠন তৈরি হয়েছে বলেই এর উত্তরকালে নানা সংগঠন, সৃজনশীল পত্রিকা প্রকাশ, সাংস্কৃতিক তৎপরতা আমরা লক্ষ করি। সেসূত্রে সংস্কৃতিচর্চা, সংগঠন ও পত্রিকা প্রকাশনার উদ্যোগ গ্রহণ করা হয়। এখানে অনেক সংগঠনের নাম পরিচিত উল্লেখ করা সম্ভব হচ্ছে না। ক্রমশ কয়েকটি সংগঠনের জন্ম হয়;  আবার হঠাৎ হারিয়েও যায়। এর মধ্যে কয়েকটি হলো, তমদ্দুন মজলিশ, সংস্কৃতি সংসদ, পাকিস্তান সাহিত্য সংসদ, বুলবুল ললিতকলা একাডেমি, ছায়ানট, নজরুল একাডেমি, সৃজনী লেখক ও শিল্পী গোষ্ঠী, উন্মেষ, ক্রান্তি, উদীচী শিল্পী গোষ্ঠী, কথাশিল্পী সম্প্রদায়, চারু ও কারুশিল্পী সংগ্রাম পরিষদ, প্রগতি লেখক সংঘ, লেখক সংগ্রাম শিবির, শুকতারা শিল্পী গোষ্ঠী। এ ছাড়াও পাকিস্তান আমলে গুরুত্বপূর্ণ কয়েকটি পত্রিকাও প্রকাশিত হয়। যেমন, সওগাত, সংকেত, অগত্যা, যাত্রিক, স্পন্দন, সমকাল, পূর্বমেঘ, পূবালী, স্বদেশ, কণ্ঠস্বর ইত্যাদি।

বলা বাহুল্য শিখা যে আলো জ্বেলেছিল; এর আলো ছড়িয়ে গেল চারদিকে। পূর্ববাংলার রাজনৈতিক, সাংস্কৃতিক কর্মকাণ্ড থেকে সহজেই বোঝা যায়, এর প্রভাব ছিল সর্বত্র। শিখাগোষ্ঠীর সংগঠকরা পাকিস্তান প্রতিষ্ঠার আগে থেকেই সাম্প্রদায়িক রাজনীতির গতিরেখা বুঝতে পেরেছেন। সকলের অভিমুখ ছিল বাংলা ভাষাকেন্দ্রিক। রাষ্ট্র পাকিস্তান হলেও সাংস্কৃতিক চেতনা ছিল অসাম্প্রদায়িক। তাঁরা চেষ্টা করেছেন সাম্প্রদায়িক চিহ্নগুলো মুছে দিতে, এমকি দল থেকেও। এর মধ্যে পাকিস্তানবাদী ধারার সংগঠন ও সংগঠক কম ছিল না। লক্ষণীয় পূর্ব পাকিস্তান রেনেসাঁ সোসাইটি (১৯৪২)সহ বিভিন্ন সংগঠনের তৎপরতা ছিল। 

শিখাগোষ্ঠীর চিন্তাবিদরা অনেক আগেই বুঝতে পেরেছেন, দেশভাগ আসন্ন। পূর্ব বাংলায় তেমন চিন্তাচর্চার কোনোকিছুই ছিল না। স্বভাবতই শিল্প ও সংস্কৃতিচর্চার রাজধানী ছিল কলকাতা। ঊনিশ শতকের নবজাগরণের সীমাবদ্ধতা মেনে নিয়ে বলতে হয়, এর প্রভাবে কলকাতা বা পশ্চিমবঙ্গে শিক্ষা, সংস্কৃতি, রাজনীতি প্রসারিত হয়েছে। অপ্রিয় হলেও সত্য ওই নবজাগরণের সাথে বাঙালি মুসলমান সমাজের কোনো সংযোগ ছিল না। সমাজরূপান্তরে বুদ্ধিবৃত্তিক চর্চা, সাহিত্য, শিল্প নন্দনতাত্ত্বিক সাধনার প্রয়োজন তারা তখনো বুঝে উঠতে পারেনি। বরং উলটো সমাজনেতারা সামনে নিয়ে আসেন আইডেনটিটি সংকট। এর বিপরীতে যে সাধনায় মুসলিম সাহিত্য সমাজের কর্মতৎপরতা। সনৎকুমার সাহা যেভাবে দেখেছেন, ‘‘আপনার নিরানন্দ অন্ধ কারাগার’ ভেঙে বেরিয়ে আসাই তার লক্ষ্য। ‘মুসলিম’ বলে আলাদা পরিচয় জানান দেওয়া এখানে সাম্প্রদায়িকতার চাষ নয় করা নয়। বরং ঠিক তার উলটো। আমরা দেখেছি, অর্থনৈতিক ও সামাজিক বাস্তবতায় বাংলার মুসলিম সমাজ ব্রিটিশ রাজত্বে একরকম পশ্চাৎমুখী জীবনচর্চায় তখনও মগ্ন।… এই পরিস্থিতিতে সমগ্র মুসলিম সমাজকে মুক্তচিন্তায় উদ্বুদ্ধ করতে চাওয়া পরিপূর্ণ মানবিক দায়িত্ব পালনেরই এক আন্তরিক প্রয়াস।’’

অতএব মুসলিম সাহিত্য সমাজ তেমন কিছু না করলেও স্বীকার করতে হবে তৎকালীন সমাজের মাইন্ডসেট পরিবর্তনে এর অবদান তাৎপর্যময়। এখানে গভীরভাবে বিবেচনা করতে হয় কাল ও রাষ্ট্রকাঠামোকে। তখন ব্রিটিশ উপনিবেশকের বিদায়ের সুর, থেমে থেমে সাম্প্রদায়িক দাঙ্গা। এমনকি ১৯২৬ সালেও দাঙ্গা অনুষ্ঠিত হয়েছে। এ অবস্থায় মুসলিম সাহিত্য সমাজ-এর কার্যক্রম চলমান ছিল। আবার এর ভূমিকা ও তৎপরতা নবগঠিত পাকিস্তানেও বৃদ্ধি পায়। এর প্রভাব প্রসারিত হয় রাষ্ট্রভাষা-আন্দোলন পর্যন্ত। সংগত কারণেই ভাষা আন্দোলনের ভিত তৈরি করে দেয় মুসলিম সাহিত্য সমাজ। আবার ওই চেতনার প্রজ্জ্বলিত শিখার আলো বিস্তৃত হয় একাত্তরের মুক্তিযুদ্ধে। কারণ ভাব, ভাবনা, চিন্তা তো একই।

শিখাগোষ্ঠী অল্পদিনের ব্যবধানে ভেঙে গেলেও এর প্রতিনিধিরা সক্রিয় ছিলেন লেখালেখি ও চর্চায়।   আরও ভাবতে হয় পূর্ব বাংলায় শিক্ষার হার ছিল অনুল্লেখ্য। বাঙালি মুসলমান সমাজ নানা কারণে শিক্ষা সংস্কৃতিতে যুক্ত হতে পারেনি। তারা নিয়োজিত ছিল মূলত কৃষিকাজে। এর মধ্যে মুসলিম অভিজাত ক্ষমতাবান শ্রেণি বাঙালিসমাজের উন্নয়ন ভাবনা থেকে ছিল বিচ্ছিন্ন। এমনকি ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠাকর্মে সক্রিয় ও আন্তরিকভাবে তারা অংশগ্রহণ করেনি। এখন কালের ব্যবধানে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার কার কত ক্রেডিট তা নিয়ে কাড়াকাড়ি করতেই পারেন। আবার মুসলিম সাহিত্য সমাজ প্রতিষ্ঠায় বিরোধিতাও করেছেন। এ ছাড়াও লেখালেখির অপরাধে সাহিত্য সমাজের অন্যতম ব্যক্তিবর্গের বিরুদ্ধে শাস্তির আয়োজন করা হয়েছে। কারো দেশত্যাগ করতে হয়েছে। ফলে শিখা আর প্রকাশিত হয়নি। কিন্তু আন্দোলন কী আর থেমে থাকে। এগিয়ে গিয়েছে বলেই আজকের স্বাধীন বাংলাদেশে বাংলা ভাষা নিয়ে আমরা উন্নয়ন-বিতর্ক করতে পারছি। তবে একটি বিতর্ক এখনও বিদ্যমান; বাঙালি মুসলমান কী পরিচয় দেবে—বাঙালি নাকি মুসলমান। উপনিবেশ বিরোধী আন্দোলন ও পাকিস্তান প্রতিষ্ঠা সামনে রেখে যেভাবে শুরু হলো বাঙালি-মুসলমান বিতর্ক; এটা তৎকালীন বুদ্ধিজীবীসমাজ অনুধাবন করেছেন। এ-বিষয়টি নিছক অ্যাকডেমিক তর্কে সীমাবদ্ধ থাকল ভালো হতো; যা এখন ওই দেওয়াল ভেদ করে সাম্প্রদায়িক খাতে প্রবহমান। এ বিতর্ক যে বিপদে ফেলবে এটা তাঁরা অনেক আগেই বুঝতে পেরেছেন। মূলত মুসলিম সাহিত্য সমাজের উদ্যোক্তারা সে বিতর্ক অপনোদন করতে চেয়েছেন।

শিখাগোষ্ঠীর বিরোধিতায় যেভাবে খেলো কথা বলেছেন সৈয়দ আলী আহসান ‘দেশ বিভাগের পূর্ব পর্যন্ত মুসলমান সাহিত্যিকেরা অনেকটা হিন্দু ভাবধারায় দীক্ষিত ছিলেন। এই দীক্ষার চরম নিদর্শন মেলে ঢাকার মুসলমান সাহিত্য সমাজের তথাকথিত বুদ্ধির মুক্তি আন্দোলনে। ইসলামী নীতিবোধকে লাঞ্ছিত করে যে মুক্তবুদ্ধির প্রতিষ্ঠা তা বিকৃত মানসের সৃষ্টি, তাতে নতুনত্বের উন্মত্ততা আছে; কিন্তু স্থির বিবেচনার প্রশান্তি নেই। কাজী আবদুল ওদুদ এই আন্দোলনের পুরোভাগে ছিলেন সত্য, কিন্তু তাঁর প্রাজ্ঞ চিন্তাধারার দ্বারা এই আন্দোলন লালিত হ’তে পারেনি। বাবু যত বলে পারিষদদলে বলে তার শতগুণ।—অবস্থাটা দাঁড়িয়েছিলো তাই। অতিরিক্ত বলায় ও বিকৃত ব্যাখ্যায় সাধারণ ত্রুটিও আকাশচুম্বী হ’য়ে দাঁড়িয়েছিলো। এই মুক্তবুদ্ধির আন্দোলনকে বাংলার মুসলমান কখনও স্বীকার করে নেয়নি।’

এত সব নেতিবাচক আলোচনার পরেও বলতে হয় ঊনিশ শতকের নবজাগরণকৃত ফাঁক খানিকটা পূরণ করতে চেষ্টা করেছে এই মুসলিম সাহিত্য সমাজ। সেই সময় মনে রাখতে হবে, একদিকে উপনিবেশ, অন্যদিকে মুসলমানদের প্রতিনিধিত্ব করেছে মুসলিম লিগ। বাস্তবতা ছিল মুসলিম লিগের সাথে এ-সংগঠনের সম্পর্ক ছিল না। এর মানে হলো সাম্প্রদায়িক রাজনীতি, সংস্কৃতি চর্চা থেকে তাঁরা দূরে থাকতে চেয়েছেন। বলার অপেক্ষা না যে তাঁরা ছিলেন সমকালীন চিন্তা থেকে অনেক বেশি অগ্রসর। আবদুল হক বলেছেন, ‘‘মুসলিম সাহিত্য সমাজে’র লেখকদের দৃষ্টিভঙ্গি ছিল যুক্তিবাদীর দৃষ্টি, চিন্তা-সংস্কারের দৃষ্টি, এবং সমাজ-সংস্কারের। তাঁদের দৃষ্টি ছিল রেনেসাঁর দৃষ্টি, …।’ যেসব প্রতিনিধিত্বশীল রাজনীতি সক্রিয় ছিল, তাতে দেশীয় ঐতিহ্য ও সাংস্কৃতিক কোনো যোগ ছিল না। স্বভাবতই সর্বজনীন না হওয়ার ফলে উদারপন্থার কাছে তা পরাজিত হয়। এ বিষয়টি তাঁরা বুঝতে পেরেছেন। ফলে তাঁরা ধর্মীয় অনুশাসনকে সমুন্বত রেখেই ঐতিহ্যের বিনির্মাণ করতে প্রয়াসী ছিলেন। ঐতিহ্যের সংযোগ তৈরি করা ও এর বিস্তারে বিশদ অবদান ছিল মুসলিম সাহিত্য সমাজের। ওই সাংস্কৃতিক বোধ, চিন্তা ছড়িয়ে দিয়েছেন রাজনীতির কর্মসূচিতে। পুরো পাকিস্তান শাসনে পাকিস্তানের উপনিবেশ বিরোধী যত আন্দোলন ও সাংস্কৃতিক কর্মসূচি ছিল, সবগুলোর নেতৃত্বে ছিল প্রগতিশীল অংশ। ফলত ভাষা আন্দোলন থেকে শুরু করে পরবর্তী যা কিছু ঘটেছে সাংস্কৃতিক বিনির্মাণে; সবখানে ওই চেতনারই প্রেরণা লক্ষ করি।  বস্তুত ভারত ও পাকিস্তানপন্থার জোরালো তৎপরতার বিপক্ষে শিক্ষাগোষ্ঠীর ভূমিকা ছিল বাঙালিপন্থের স্বাতন্ত্র্য নির্মাণে।    

শিখাগোষ্ঠী শুধু সংগঠন ও সাহিত্যকর্মে সীমাবদ্ধ ছিল না। পরিবেশনা শিল্পের প্রতিও ছিল আগ্রহ। সমাজে চর্চার জন্য তাঁরা সুপারিশও করেছেন। কারণ মুসলিম সাহিত্য সমাজের লক্ষ ছিল সমাজ সংস্কার ও প্রগতিশীল রূপান্তর। ফলে শিখার সংখ্যাগুলো পর্যালোচনা করে দেখা যায়, সমাজবিষয়ক লেখা মূলত গুরুত্ব দিয়ে ছাপা হতো। শিখা পত্রিকায় প্রকাশিত বিভিন্ন প্রবন্ধ ছিল, যেমন : বাঙালী মুসলমানের সাহিত্য-সমস্যা, সঙ্গীতচর্চায় মুসলমান, নাট্যাভিনয় ও মুসলমান সমাজ, স্থাপত্য-চর্চায় মুসলমান, বাঙালী মুসলমানের সামাজিক গলদ, আমাদের নবজাগরণ ও শরিয়ত, বাঙালী মুসলমানের শিক্ষা সমস্যা, বাঙালী মুসলমানের আর্থিক সমস্যা, মানব প্রগতি ও মুক্তবুদ্ধি,  মুসলিম জাগরণ, নাস্তিকের ধর্ম, মুসলিম নারীর কথা, সভ্যতার উত্তরাধিকার ইত্যাদি। এসব শিরোনাম কীসের ইংগিত বহন করে। সাহিত্য সমাজের লক্ষ ছিল- মুসলমান সমাজের জাগরণ ও উত্থান। যা পিছিয়ে পড়েছিল বিশেষত বুদ্ধিবৃত্তিককর্মে।   

বাংলাদেশের অনেক সীমাবদ্ধতা রয়েছে, তাতে সন্দেহ নেই। কিন্তু এটা তো স্বীকার করতে হবে, একটা স্বাধীন দেশ, রাষ্ট্র প্রতিষ্ঠায় এদেশের মানুষের সৃজনশীলতা ছিল। স্বাধীন দেশ প্রতিষ্ঠা করতে গেলে শুধু সেনা বা সশস্ত্র যোদ্ধা দিয়ে স্বাধীন করা যায় না। প্রয়োজন শিল্প, সাহিত্যচর্চা ও বুদ্ধিবৃত্তিক সমাবেশ। আমরা স্বীকার করি বা না করি এর প্রত্যক্ষ বা পরোক্ষ প্রভাব সবখানেই রয়েছে। ফলত, জাগরণে, উত্থানে বুদ্ধির মুক্তি আন্দোলনের প্রসঙ্গ অভিজ্ঞতা, মৌল লক্ষ্য স্মরণ করতেই হবে। লক্ষণীয় যে, ‘আমি কে তুমি কে/ বাঙালি বাঙালি’ শ্লোগান, জাতীয়তাবাদী চেতনার ভিত্তিতে ভাষা আন্দোলন এবং একাত্তরের স্বাধীনতা অর্জন।  এখন বাঙালি, বাংলাদেশি নিয়ে তর্ক হতেই পারে; যা কোনো তর্কের বিষয়ও নয়। কিন্তু ভাষাভিত্তিক স্বাধীনতা অর্জনে সব মিলিয়ে যে জাগরণ প্রয়োজন ছিল তা অস্বীকার করা যাবে না।

বাংলাভাষার মর্যাদা প্রতিষ্ঠায় তাঁদের মধ্যে কোনো দ্বিধা ছিল না। ফলে মুসলিম সাহিত্য সমাজের এক অধিবেশনে স্পষ্ট ঘোষণা করা হয় : ‘মাতৃভাষাই হবে শিক্ষার মাধ্যম’। প্রসংগত প্রথম থেকেই বিভিন্ন এর সভায় ভাষাকেন্দ্রিক প্রবন্ধ পাঠ ও আলোচনা হতো। সেখানে তাঁরা স্পষ্ট উচ্চারণ করেছেন এবং মাতৃভাষা বাংলার স্বপক্ষে অবস্থান নিয়েছেন। ফলত মুসলিম সাহিত্য সমাজের ভাষাকেন্দ্রিক চিন্তা-ভাবনা ভাষা আন্দোলনের মাঠে প্রেরণা জুগিয়েছে। এ ছাড়াও নারী শিক্ষা ও ক্ষমতায়নে তারা কথা বলেছেন। বস্তুত নবজাগরণের বীজঘর থেকে জন্ম হয়েছে, বিশ্বখ্যাত লেখক, কবি, দার্শনিক ও চিন্তাবিদ। সবচেয়ে বড়ো পাওয়া হলো— চিন্তার স্বাধীনতা, ব্যক্তিস্বাতন্ত্র্যের প্রকাশ, প্রাচ্য ও পাশ্চাত্যের মধ্যে সেতু নির্মাণের শক্তি ইত্যাদি। এসব ভাবনা থেকে কয়েকজন মুক্তচিন্তার ব্যক্তিবর্গ চিন্তা করেছেন, এ-অঞ্চলে শিক্ষা সংস্কৃতিতে অগ্রসর, হতে হলে ঢাকাকেন্দ্রিক কিছু করা প্রয়োজন। এ থেকেই শিখাগোষ্ঠীর প্রতিষ্ঠা। মুসলিম সাহিত্য সমাজের সাধকরা ছিলেন মানবতাবাদে ব্রতী, মনুষ্যত্ববোধে উদ্বুদ্ধ। তবে এর তৎপরতা বন্ধ হলেও এর সাথে জড়িত সকলেই সক্রিয় ছিলেন আজীবন।

উল্লেখযোগ্য যে, পাকিস্তান শাসনামলে রবীন্দ্রনাথ ঠাকুর বর্জনের উদ্যোগ নেওয়া হয়। স্মরণ করতে হয়, এর প্রভাব ও উপলব্ধিতে সাহিত্য সংস্কৃতিকর্মীরা তা প্রতিরোধ করেন। এমন কি এর পরেও আমরা সেই একই কার্যক্রম লক্ষ করেছি। একইভাবে রবীন্দ্রনাথসহ বিভিন্ন লেখকদের লেখা, লোকসংস্কৃতি, পরিবেশনাশিল্প বর্জন ও নিষিদ্ধের কথা, এখনো গ্রহণ-বর্জনের সংকট রয়েছে। বিপক্ষে শক্তি প্রয়োগও লক্ষ করছি। এ থেকে আমরা প্রশ্ন করতেই পারি, তা হলে কি মুসলিম সাহিত্য সমাজ ব্যর্থ হয়েছে। অংশত অস্বীকারের সুযোগ নেই। আমরা ধরে নিতে পারি কি বুদ্ধিবৃত্তিক চর্চা রুদ্ধ হয়েছে? কখনো আশা জাগে, আবার ওই শিখাগোষ্ঠীর উত্তরকালের সংস্কৃতিকর্মীরা ধারাবাহিকতা বজায় রাখতে সক্রিয় রয়েছেন। ওই প্রভাব সাধারণত দৃশ্যমান থাকে না। ফলত এর প্রতিক্রিয়ায় উত্তরকালে চমৎকার সাহিত্যকর্ম আমরা লক্ষ করি। এসব সাহিত্যে সামাজিক, পারিবারিক, কৃষকশ্রেণি, কৃষিজ জীবন-যাপন, সংস্কৃতি সত্য হয়ে উঠেছে। আমরা অস্বীকার করছি না, চিন্তার মুক্তি, বুদ্ধিবৃত্তিক স্বাধীনতার জন্য মুক্তচিন্তার পক্ষের রাষ্ট্র ও সমাজব্যবস্থা প্রতিষ্ঠা করা যায়নি। আবার মুসলিম সাহিত্য সমাজ, বুদ্ধির মুক্তি আন্দোলনের চিন্তা, দর্শন থেকে অবস্থান অনেক দূরে। অতএব কখনো এগিয়ে আবার পিছিয়ে পড়েছে সমাজব্যবস্থা। বৈষয়িক দিক থেকে সফল হয়েছি সত্য। অবক্ষয়ের সুবিধা, সুযোগ বৃদ্ধির লক্ষে বুদ্ধি চর্চা হলেও মূল্যবোধ প্রতিষ্ঠায় কোনো চর্চা কাজে আসে নি। ফলত আমাদের চিন্তার পুনর্গঠন ও নবায়ন প্রয়োজন। অত্রএব শিখা-র আলোয় ফিরতে মুসলিম সাহিত্য সমাজ- অন্নদাশঙ্কর রায়ের ভাষায়- ‘দ্বিতীয় রেনেসাঁ’র পথেই সক্রিয় থাকতে হবে।