শতবর্ষে মুসলিম সাহিত্য সমাজ

প্রসঙ্গ শিখা গোষ্ঠী

সুমন সাজ্জাদ
০১ ফেব্রুয়ারি ২০২৬, ০০:০০ আপডেট : ১৩ নভেম্বর ২০২৬, ২২:১৭

বাংলা সাহিত্যের ইতিহাসে ‘মুসলিম সাহিত্য সমাজ’-এর মুখপত্র ‘শিখা’ পত্রিকা ছিল এক ধরনের বুদ্ধিবৃত্তিক ঘোষণাপত্র। যুক্তি, আত্মসমালোচনা এবং ধর্মীয় ও সাহিত্যিক পুনর্বিবেচনার এক সাহসী পদক্ষেপ। ‘শিখা’ পত্রিকার শতবর্ষ উপলক্ষ্যে পত্রিকাটির ঐতিহাসিক ভূমিকা, সম্পাদকীয় দর্শন, তাত্ত্বিক ও রাজনৈতিক অবস্থান এবং বাংলা সাহিত্যে দীর্ঘমেয়াদি প্রভাব নিয়ে ধারাবাহিক সাক্ষাৎকারের এ পর্বে সাক্ষাৎকার দিয়েছেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক কবি ও গদ্যকার সুমন সাজ্জাদ। সার্বিক সহযোগিতা করেছেন হেমায়েত উল্লাহ ইমন ও শাহরিয়ার হিরাজ।

বাংলা ট্রিবিউন: মুসলিম সাহিত্য সমাজ গঠনের ঐতিহাসিক প্রেক্ষাপট কী ছিল? এক্ষেত্রে তাদের মূল আদর্শ ‘বুদ্ধির মুক্তি’ তৎকালীন বাংলা সাহিত্য সমাজে কতটা ব্যতিক্রমী ছিল বলে আপনি মনে করেন?

সুমন সাজ্জাদ: মুসলিম সাহিত্য সমাজ গঠনের ঐতিহাসিক ও বুদ্ধিবৃত্তিক প্রেক্ষাপট বেশ দীর্ঘ। জবাব নির্ভর করবে কোন দৃষ্টিকোণ থেকে এই ইতিহাস আমরা পাঠ করছি, তার ওপর। এই সংগঠনের গড়ে ওঠার পেছনে আছে বাঙালি মধ্যবিত্তের আর্থ-সামাজিক বিকাশের ইতিহাস—এই মধ্যবিত্ত ব্রিটিশ ঔপনিবেশিক ও সাম্রাজ্যবাদী শাসনের ভেতর দিয়ে বড়ো হয়েছে। প্রকৃতপক্ষে, ঔপনিবেশিক শিক্ষার ফল হিসেবে গড়ে ওঠা মধ্যবিত্ত শ্রেণির পূর্ববঙ্গীয় রূপ মুসলিম সাহিত্য সমাজ। প্রাতিষ্ঠানিক সুযোগ আর অর্থের অভাবে এদের বিকাশ ঘটেছে বেশ দেরিতে। এমনও নয় যে, মুসলমানেরা ইংরেজি বা পাশ্চাত্য শিক্ষার জন্য মুখিয়ে ছিল। উনিশ শতকের মুসলমান সমাজের ভেতর ইংরেজি বা পাশ্চাত্য শিক্ষা গ্রহণ না করার মানসিকতাও ছিল। মুসলিম সাহিত্য সমাজ এই বাস্তবতা থেকে বেরিয়ে এসেছিল। গ্রহণ করেছিল পাশ্চাত্য আদলের শিক্ষা। হিন্দু-ব্রাহ্ম মধ্যবিত্তের সঙ্গে লড়াই করার জন্য এর কোনো বিকল্প ছিল না; আদতে কোনো বিকল্প তৈরি করার মতো রাজনৈতিক ও অর্থনৈতিক শক্তি পূর্ববঙ্গের মুসলমানের ছিল না। সত্যিকার অর্থে মুসলিম সাহিত্য গঠনের এই প্রেক্ষাপট অত্যন্ত জটিল।

সে সময়ের বাংলা সাহিত্য সমাজে ‘বুদ্ধির মুক্তি’ ব্যাপারটি ‘ব্যতিক্রমী’ তো ছিলই। বুদ্ধি বা ইন্টেলেক্টকে এভাবে চিন্তা ও প্রয়োগ-উপযোগী করার সাংগঠনিক তৎপরতা উভয় বঙ্গেই ছিল বিরল। যদিও হিন্দু কলেজকেন্দ্রিক ইয়ং বেঙ্গল বা তরুণ বঙ্গসন্তানদের বুদ্ধির আধুনিক প্রকাশ হিসেবে বিবেচনা করা হয়ে থাকে। কিন্তু উনিশ শতকের কলকাতায় বুদ্ধিচর্চা বিশেষভাবে ব্যয়িত হয়েছে ধর্মতত্ত্ব ও ধর্মকেন্দ্রিক সংস্কৃতির পেছনে। একজন একটি ধর্মমতকে খারিজ করেছে তো অন্যজন অন্য একটি ধর্মমতের সমস্যা খুঁজে পেয়েছে। বুদ্ধি ও যুক্তি দিয়ে ধর্ম বোঝার পালা বেশ জমে উঠেছিল। কিন্তু বুদ্ধি দিয়ে সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক, সাহিত্যিক আর পরিচয়গত সমস্যাকে সাংগঠনিকভাবে মোকাবিলা করতে হবে—এই উপলব্ধিজাত সংগঠন উনিশ শতকের কলকাতায় তেমন নেই, থাকলেও ধর্মকেন্দ্রিক ব্যাপারে মত্ত সংগঠনগুলোর চেয়ে সেগুলো প্রধান হয়ে উঠতে পারেনি। কিন্তু ঢাকার এই ‘বুদ্ধির মুক্তি’র চেষ্টা অল্প সময়ের মধ্যেই সর্বাত্মক বিষয়নির্ভর হতে পেরেছিল। সেদিক থেকে মুসলিম সাহিত্য সমাজের সাংগঠনিক ‘ব্যতিক্রমী’ প্রবণতার কথা স্বীকার করতে হবে। তবে কলকাতার মতোই ঢাকার মুসলিম সাহিত্য সমাজ ইউরোপীয় আধুনিকতাকেই আত্তীকরণ করতে চেয়েছিল। কলকাতা প্রায় একশো বছরের সাধনায় যে আধুনিকতা ছুঁতে পেরেছে, ঢাকা তা ছুঁয়েছে চল্লিশ-পঞ্চাশ বছরের শ্রমে। শেষমেশ ছুঁতে চেয়েছে একই জিনিস—সামাজিক ও সাংস্কৃতিক আধুনিকতা।

বুদ্ধির মুক্তি আন্দোলনের পুরোধা ব্যক্তিত্বরা। বাঁ থেকে উপরে- কাজী মোতাহার হোসেন, কাজী আবদুল ওদুদ। নিচে- আবুল ফজল, কবি আবদুল কাদির এবং মোতাহের হোসেন চৌধুরী।
প্রশ্ন: মুসলিম সাহিত্য সমাজের নবজাগরণ কি ডিরোজিওপন্থি নবজাগরণ নাকি এর প্রতিক্রিয়ায় সৃষ্টি? এর সাথে মুসলিম জাতীয়তাবাদের ধারণা কোনোভাবে সম্পর্কিত কিনা?

উত্তর: মুসলিম সাহিত্য সমাজের কর্মকাণ্ড ইউরোপের রেনেসাঁ ঘরানার। ডিরোজিওর অনুসারী কবি-লেখকেরাও রেনেসাঁর বাহক। মুসলিম সাহিত্য সমাজ ইউরোপীয় রেনেসাঁর আলোকে প্রধানত বুদ্ধি ও যুক্তিকেই হাতিয়ার করতে চেয়েছিল। ওদিকে ডিরোজিয়ানরাও ছিলেন যুক্তিবাদী। এদিক থেকে নিঃসন্দেহে সাদৃশ্য আছে। ‘শিখা’র সঙ্গে সংশ্লিষ্ট কারো কারো ওপর ডিরোজিয়ানদের প্রভাব আছে। কিন্তু সামগ্রিকভাবে মুসলিম সাহিত্য সমাজ নামক সংগঠনের ওপর ডিরোজিওপন্থীদের ব্যাপক প্রভাব ছিল কিংবা ডিরোজিয়ানদের পায়ের ছাপ মেপেই মুসলিম সমাজ সাংগঠনিক তৎপরতা চালিয়েছে—এমনটা বলা যায় না। যদিও তা-ই হতো, তাহলে মুসলিম সাহিত্য সমাজে নবীন ও প্রবীণের সম্মিলন আমরা দেখতে পেতাম না। অন্যদিকে, দেশজ জীবনপ্রবাহকে ‘অচ্ছুত’ মনে করার দৃষ্টিভঙ্গিও দেখতে পেতাম। মুসলিম সাহিত্য সমাজ অনেকটাই প্রাতিষ্ঠানিক, সংহত ও সংযত পদ্ধতিতে কাজ করেছে। আদতে ডিরোজিয়ান গোষ্ঠী ও মুসলিম সাহিত্য সমাজ একই উৎসের ভাবধারা গ্রহণ করেছে।

আবার এমনও বলা যায় না যে, কলকাতার ডিরোজিয়ানদের প্রতিপক্ষ হিসেবে কল্পনা করে তারই প্রতিক্রিয়ায় মুসলিম সাহিত্য সমাজের জন্ম। আসলে একশো বছরের ব্যবধানে গড়ে ওঠা দুটি ধারাই রেনেসাঁসীয় ডিসকোর্সের অধীন। ‘শিখা’র কর্মকাণ্ডকে ডিরোজিওপন্থীদের প্রভাব অথবা প্রতিক্রিয়াজাত—অবশ্যম্ভাবীভাবে যেকোনো একটি বলে ধরে নেয়ার কোনো মানে নেই। বাঙালি মুসলমানকে ঔপনিবেশিক ইতিহাসের ফয়সালা করতে গিয়েই পশ্চিমের শিক্ষা আর রেনেসাঁবাহিত চিন্তাধারায় ঢুকতে হয়েছে। উপনিবেশিত যেসব অঞ্চলে বঙ্গদেশি ডিরোজিও কিংবা ডিরোজিয়ানরা ছিলেন না, সেসব অঞ্চলেও যুক্তি ও বুদ্ধির ধারণা প্রবেশ করেছে।

‘মুসলিম আইডেনটিটি’ বা পরিচয়ের তৎপরতা থাকলেও মুসলিম সাহিত্য সমাজের মধ্যে মুসলিম জাতীয়তাবাদী উদ্যোগ ও আয়োজন ছিল না। স্থানিক, আঞ্চলিক ও সম্প্রদায়গত কারণে ‘মুসলিম’ পরিচিতি ধারণ করতে হয়েছে। সেই সময়ের পরিপ্রেক্ষিতে সেটা যৌক্তিক আর স্বাভাবিক বিষয়। মুসলিম সাহিত্য সমাজের ক্ষেত্রে ‘মুসলিম’ ছিল পূর্ববাংলার সংখ্যাগরিষ্ঠ জনগোষ্ঠীর সম্প্রদায়গত পরিচয়। তারা ওই পরিচয়কে কেন্দ্র করে সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ড পরিচালনা করেছে ঠিকই, কিন্তু শ্রেষ্ঠত্ব ও বিশেষত্বের আবেগকে পুঞ্জীভূত করে কোনো রাজনৈতিক অভীপ্সা তৈরি করেনি, স্বতন্ত্র কোনো মুসলিম রাষ্ট্র, দেশ, ভূখণ্ড আর জনপদের কথা মুসলিম সাহিত্য সমাজ ভাবেনি। মুসলিম সাহিত্য সমাজের জাগরণ-প্রয়াসের ভেতর জাতীয়তাবাদী আবেগের চেয়ে কাজ করেছে সম্প্রদায়ের জনগোষ্ঠীর প্রতি নিরঙ্কুশ কল্যাণবোধ।

প্রশ্ন: ‘শিখা’কে কেন্দ্র করে সেসময়ের কলকাতাভিত্তিক সাহিত্য সমাজের প্রতিক্রিয়া কেমন ছিল?

উত্তর: ‘শিখা’কে কেন্দ্র করে কলকাতাকেন্দ্রিক সাহিত্য সমাজে তেমন কোনো প্রতিক্রিয়া তৈরি হয়েছিল বলে মনে হয় না। তেমন কোনো উল্লেখের কথা মনে পড়ে না। ‘সওগাত’, ‘খাদেম’ প্রভৃতি মুসলমান-প্রধান বা মুসলমান সম্পাদিত পত্রিকায় ‘শিখা’ বিষয়ক মন্তব্য পাওয়া যায়। এর বাইরে ‘মানসী ও মর্ম্মবাণী’, ‘জাগরণ’, ‘জনবাণী’ পত্রিকায় ‘শিখা’র বিজ্ঞাপন কিংবা খবর ছাপা হয়েছে। বৃহত্তর কিংবা প্রভাববিস্তারী সাহিত্য পত্রিকায় ‘শিখা’র উল্লেখ আছে কিনা, জানি না। কিন্তু সে সময়কার কলকাতাভিত্তিক লেখকদের স্মৃতি-উল্লেখ কিংবা সাহিত্য-সংস্কৃতি বিষয়ক লেখাপত্রের সূত্রে ধরে নেয়া যায়, কলকাতায় ‘শিখা’ বিষয়ক প্রতিক্রিয়া ছিল ক্ষীণ।

আবুল ফজল এবং অধ্যাপক আবুল হুসেন সম্পাদিত 'শিখা' পত্রিকার দুটি সংখ্যা
প্রশ্ন: বেশ স্পষ্ট ও শক্তিশালী আহ্বানের পরেও কেন মুসলমানদের মধ্যে চিন্তার জাগরণ সামাজিক পর্যায়ে ঘটেনি? ‘শিখা’র ব্যর্থতা কোথায়?

উত্তর: মনে রাখতে হবে, মুসলিম সাহিত্য সমাজ একটি নগরকেন্দ্রিক সংগঠন। ‘শিখা’ সেই সংগঠনের একটি পত্রিকা। তাও আবার বিশেষ শ্রেণির পত্রিকা, সোজা কথায় শহরবাসী শিক্ষিত মধ্যবিত্তের পত্রিকা। এই পত্রিকার পাঠকেরা সাধারণ জনগোষ্ঠী থেকে উদ্ভূত নয়। নাগরিক মধ্যবিত্তের বড়ো অংশই যে ধরনের চিন্তা গ্রহণে দ্বিধান্বিত হয়েছে সামাজিক পর্যায়ের বিপুলসংখ্যক মানুষ তা গ্রহণ করবে বা প্রভাব অনুভব করবে, তেমনটা আশা করা যায় না। একটি সংগঠনের একটি মুখপত্রের মাত্র পাঁচটি সংখ্যা দিয়ে সামাজিক ও সাংস্কৃতিক পর্যায়ে চিন্তার বিরাট জাগরণ ঘটবে—এই প্রত্যাশা মাত্রাতিরিক্ত। ‘শিখা’র ব্যর্থতা আবিষ্কারের চেয়ে আমার কাছে জরুরি মনে হয় সে কালের সমাজ-সত্তার ধরন অনুধাবন করা। ওই সমাজে পত্রিকা পড়ার মতো কিংবা রেনেসাঁসীয় যুক্তি গ্রহণ করার মতো শিক্ষা কত শতাংশ মানুষ পেয়েছে? ফলে চিন্তার জাগরণ সহজ বিষয় নয়। কিন্তু চিন্তার জাগরণ তো ঘটেছে—অন্য অর্থে ঘটেছে, পূর্ববঙ্গের মুসলমানেরা জমিদারি শোষণের বিরুদ্ধে কথা বলেছে, বৈষম্যের বিরুদ্ধে কথা বলেছে। এক্ষেত্রে ‘শিখা’ কিংবা মুসলিম সাহিত্য সমাজের প্রয়োজন পড়েনি।

প্রশ্ন: মাত্র পাঁচটি সংখ্যা প্রকাশ হওয়ার পর কেন ‘শিখা’ আর প্রকাশিত হলো না?

উত্তর: প্রকাশ না পাওয়ার ব্যাপারে নানা ধরনের কারণের কথা বলা হয়ে থাকে; তবে সম্ভবত আর্থিক সমস্যা একটা বড়ো সমস্যা হয়ে উঠেছিল। সমাজের উচ্চবর্গের অনেকেই মুসলিম সাহিত্য সমাজের কাজ মেনে নিতে পারেনি। এটাও সত্য। আবুল হুসেনকে চাকরি ছাড়তে হয়েছিল। সংগঠনের অভ্যন্তরীণ শক্তি কমে এসেছিল। আরেকটা কারণ হতে পারে, ‘শিখা’র শেষ দিককার রাজনৈতিক পরিস্থিতি। সর্বভারতে হিন্দু ও মুসলমানকেন্দ্রিক জাতীয়তাবাদ প্রবল হয়ে উঠেছে। সে সময় ‘শিখা’র সম্প্রদায়নিরপেক্ষ ও উদারনৈতিক অবস্থান গ্রহণের মতো ‘জাতীয় মন’ আমাদের দেশে ছিল কি? ‘শিখা’র শেষ সংখ্যায় প্রকাশিত (১৯৩১) বিভিন্ন লেখায় শোনা যাচ্ছে উদারবাদীদের দীর্ঘশ্বাস —বিভিন্ন সাম্প্রদায়িক গোষ্ঠীর কাছে যারা আক্রমণের শিকার। এরকম এক বাস্তবতায় ‘শিখা’র প্রকাশ থেমে যেতেই পারে।

প্রশ্ন: বর্তমানে নতুনভাবে ‘মুসলিম সাহিত্য’ প্রকল্পের প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে। যেখানে “আমাদের নজরুল”, “আমাদের মাহমুদ” বিপরীতে “তাদের ছায়ানট”, “তাদের রবীন্দ্রনাথ” এর মতো শব্দবন্ধের বারংবার ব্যবহার লক্ষ্য করা যাচ্ছে। এই প্রেক্ষিতে কোনোভাবে ‘শিখা’ বা ‘মুসলিম সাহিত্য সমাজ’ এখনো প্রাসঙ্গিক?

উত্তর: নতুনভাবে ‘মুসলিম সাহিত্য’ তৈরি করার প্রবণতা অগ্রসর সাহিত্যচিন্তার ফল নয়। ‘হিন্দু সাহিত্য’, ‘খ্রিস্টান সাহিত্য’, ‘ইহুদি সাহিত্য’—যে নামেই ডাকি না কেন, সাহিত্য যদি ‘শিল্পত্ব’, ‘সহিতত্ব’ অর্জন করতে ব্যর্থ হয়, ওই সাহিত্য কালের ধাক্কায় টাল খেয়ে পড়বে। এই বঙ্গদেশে অগণিত ‘মুসলিম সাহিত্য’ রচিত হয়েছে, লেখা হয়েছে ‘হিন্দু সাহিত্য’, টিকে আছে কয়টা? কেউ পড়েন?

যে সাহিত্য মুসলমানত্বকে রেখেই সবার কাছে পৌঁছুবার ভাষা পেয়েছে কেবল সেই সাহিত্যই টিকে থেকেছে। ‘বিষাদ-সিন্ধু’ কিংবা নজরুলের কবিতা—যেমন ‘মহররম’, ‘খেয়াপারের তরণী’ তার বড়ো প্রমাণ। মজার ব্যাপার হলো, এরা কেউই বিশেষভাবে ‘মুসলিম সাহিত্য’ লিখতে চাননি। কিন্তু সাহিত্যের জন্য চেয়েছিলেন মুসলমান জীবনের আখ্যান ও উপাদান, যা তাঁরা শিল্পতাত্ত্বিক প্রয়োজনে ব্যবহার করবেন।

এই সময়ে এসে ‘মুসলিম সাহিত্যে’র ধারণা মূলত উদ্দেশ্যবাদী মানসিকতার নিদর্শন। আমরা কি বলব, ‘মুসলমান মোবাইল’, ‘হিন্দু ওয়াশিং মেশিন’, ‘খ্রিস্টান পাউরুটি’, ‘ইহুদি টেলিভিশন’? ‘মুসলিম সাহিত্যে’র প্রয়োজন এক সময় ছিল, যখন মুসলমানেরা সংখ্যাগরিষ্ঠ হওয়ার পরও অর্থনৈতিক, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিকভাবে ছিল ‘প্রান্তিক’। তখনকার মধ্যবিত্ত মুসলমানের পরিচিতি নির্মাণের জন্য সাহিত্য ছিল কার্যকরী মাধ্যম; তখন সেই সাহিত্যের পরিচয় দেয়া হতো ‘মুসলিম সাহিত্য’। কিন্তু এই মুহূর্তের পৃথিবীতে মুসলমান, হিন্দু জনগোষ্ঠী থাকা সত্ত্বেও ‘হিন্দু সাহিত্য’ অদরকারি, একইভাবে অদরকারি ‘মুসলমান সাহিত্য’। যারা এসব উৎপাদন করতে চান, নিশ্চয়ই তা করতে পারেন, সৃষ্টিশীলতার স্বাধীনতা অবশ্যই আছে।

‘মুসলিম সাহিত্য’ তো বিরাট ও ব্যাপক এক ক্যাটাগরি। কোন মুসলমান? আরব, ইরান, তুরস্কের? মালেশিয়া, ইন্দোনেশিয়া, মালদ্বীপের? সুদান, তিউনিসিয়া, কেনিয়ার? ভারতের, পাকিস্তানের? নাকি বাংলাদেশের ‘বাঙালি মুসলমানে’র সাহিত্যই ‘মুসলিম সাহিত্য’?

'শিখা'য় প্রকাশিত কাজী নজরুল ইসলামের কবিতা
আমি মনে করি, এ ধরনের বিভাজনবাদী প্রবণতা সাহিত্যের পরিসরকে সংকুচিত করে ফেলে। এ কারণে আমি ফিলিস্তিনের সাহিত্যকে সাহিত্য হিসেবেই পড়ি, ‘মুসলমান সাহিত্য’ হিসেবে পড়ি না। তবে পড়তে গিয়ে এটাও বুঝি ফিলিস্তিনের মুসলমানের ব্যথা কোথায়, রক্তক্ষরণ কোথায়। তাদের জাতীয় ও ধর্মীয়—দুই পরিচয়ই আমাকে ফিলিস্তিনের সাহিত্য পড়তে উৎসাহিত করে, কিন্তু শেষ পর্যন্ত তাদের সাহিত্য কেবল ‘মুসলিম সাহিত্য’ থাকে না। একইভাবে কাশ্মীরের সাহিত্যকে কেবলই ‘মুসলিম সাহিত্যে’র দৃষ্টিকোণ থেকে পড়ি না। কাশ্মীরী জনগোষ্ঠীর জাতিগত পরিচয়ের কথাও ভাবি; একইসঙ্গে মনে রাখি, কাশ্মীরের বড়ো একটি অংশ মুসলমান, ভারতের হিন্দুত্ববাদী রাষ্ট্রকাঠামোর প্রতাপের ভেতর ওই পরিচয় ক্রমশ বিধ্বস্ত।

আমরা বাস করছি, স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশে; এখানে মুসলিম পরিচয় কোনো অভ্যন্তরীণ কিংবা বহিরাগত শক্তির চ্যালেঞ্জের মুখোমুখি দাঁড়িয়ে নয় যে, সাহিত্যের মাধ্যমে তাকে নতুন করে একটি ধর্ম ও সম্প্রদায়কেন্দ্রিক পরিচয় তৈরি করতে হবে। মুসলিম জনসংখ্যা এখানে সংখ্যাগরিষ্ঠ। মুসলিম পরিচয়ের কারণে এখানে কোনো মুসলমান ধর্মচর্চা ও সংস্কৃতিচর্চায় বাধাপ্রাপ্ত হচ্ছেন না।

এ কারণে ‘আমাদের নজরুল’, ‘আমাদের মাহমুদ’, ‘তাদের ছায়ানট’, ‘তাদের রবীন্দ্রনাথ’—এ ধরনের বাইনারি আমার কাছে অপ্রয়োজনীয় মনে হয়। শুধু তা-ই নয়, একধরনের পণ্ডশ্রমও মনে হয়। প্রশ্ন জাগে, এ ধরনের ‘আমাদের’ পরিচয়ের মধ্যে কারা আছে? হিন্দু, মুসলমান, বাঙালি, চাকমা, গারো? বাংলাদেশে আত্মরক্ষা ও আত্মবিকাশের জন্য ‘মুসলিম’ পরিচিতি নির্মাণের তৎপরতা এই মুহূর্তে মোটেও জরুরি নয়। ‘বাংলাদেশি’—এই পরিচয়ই যথেষ্ট। বাংলাদেশ পরিচয়ের ভেতর থেকে যদি কেউ নজরুল, রবীন্দ্রনাথকে বিশেষভাবে বুঝতে চান, সেই বোঝাপড়া চলতেই পারে। এর বিপরীতে ‘আমাদের’/‘তাদের’—এ ধরনের ছাপ্পড় আখেরে বিভক্তি ছাড়া কিছুই দেয় না।

আর তাই, আমার মনে হয়, সম্প্রদায়নির্ভর সাহিত্য সংগঠনের যৌক্তিক কোনো প্রয়োজন এখন আর নেই। মুসলিম সাহিত্য সমাজ ও ‘শিখা’র দিকেও যদি তাকাই তাহলে দেখতে পাব, মুসলিম পরিচয় যুক্ত করেও এরা ছিলেন সম্প্রদায়নিরপেক্ষ, উদার ও গ্রহণমনস্ক। তার মানে এই নয় যে, তারা সম্প্রদায়গত স্বার্থকে উপেক্ষা করে গেছেন। এখনকার বিশ্বে সম্প্রদায়গত পরিচয়ের চেয়ে মুখ্য দেশ, জাতি ও সার্বভৌমত্বের পরিচয়। সেখানে নতুন করে সম্প্রদায়ের নাম দিয়ে সাহিত্য ও সাহিত্যিককে চিহ্নিত করা সত্যিকার অর্থে অতি-সাম্প্রদায়িক রাজনীতিকীকরণের ফল। এসব করতে গিয়েই উপমহাদেশের বারোটা বেজে গেছে। তাহলে ‘শিখা’ ও মুসলিম সাহিত্য সমাজের কাছ থেকে কী নেব? এক বাক্যে—উদার ও সহৃদয় এক গ্রহণমনস্কতা। এই সময়ের বাংলাদেশে এর চেয়ে বড়ো কোনো চাওয়া নেই।

/জেড-এস/
সম্পর্কিত
১৯২৬-এর আলোকধারায় কী পেলাম
মুক্তবুদ্ধির শিখা
শতবর্ষে মুসলিম সাহিত্য সমাজ প্রসঙ্গ শিখা গোষ্ঠী
সর্বশেষ খবর
পরিসংখ্যানে বাংলাদেশ নাকি পাকিস্তান এগিয়ে, আজ খেলা দেখবেন কোথায়
পরিসংখ্যানে বাংলাদেশ নাকি পাকিস্তান এগিয়ে, আজ খেলা দেখবেন কোথায়
সচিবালয় স্থানান্তর: অনড় অবস্থানে সরকার ও শেকৃবির শিক্ষার্থীরা, সমাধান কোন পথে? 
সচিবালয় স্থানান্তর: অনড় অবস্থানে সরকার ও শেকৃবির শিক্ষার্থীরা, সমাধান কোন পথে? 
১৯২৬-এর আলোকধারায় কী পেলাম
১৯২৬-এর আলোকধারায় কী পেলাম
পোস্টারে ভয়ংকর নারী, ‘হিরো কি হররিন’-এ কে থাকছেন এই চরিত্রে
পোস্টারে ভয়ংকর নারী, ‘হিরো কি হররিন’-এ কে থাকছেন এই চরিত্রে
সর্বাধিক পঠিত
এবার সরকারের মালিকানায় যাচ্ছে ইসলামী ব্যাংক!
এবার সরকারের মালিকানায় যাচ্ছে ইসলামী ব্যাংক!
ঢাকা থেকে চট্টগ্রামে কবে যাবে তিন ঘণ্টায় ট্রেন 
ঢাকা থেকে চট্টগ্রামে কবে যাবে তিন ঘণ্টায় ট্রেন 
৬১ কোটি টাকার মুকুট জিতলেও মালিক হতে পারবেন না মাহি
৬১ কোটি টাকার মুকুট জিতলেও মালিক হতে পারবেন না মাহি
অবশেষে মাহফিল করলেন আমির হামজা, তবে মানতে হয়েছে শর্ত
অবশেষে মাহফিল করলেন আমির হামজা, তবে মানতে হয়েছে শর্ত
বিশ্বজুড়ে কত আয় ‘রামায়ণ’-এর, ভাঙলো ‘বাহুবলী ২’-এর রেকর্ড
বিশ্বজুড়ে কত আয় ‘রামায়ণ’-এর, ভাঙলো ‘বাহুবলী ২’-এর রেকর্ড