শতবর্ষে মুসলিম সাহিত্য সমাজ

প্রসঙ্গ শিখা গোষ্ঠী

খন্দকার শামীম আহমেদ
২৫ জানুয়ারি ২০২৬, ০০:০০ আপডেট : ১৩ নভেম্বর ২০২৬, ২২:১৬

বাংলা সাহিত্যের ইতিহাসে ‘মুসলিম সাহিত্য সমাজ’-এর মুখপত্র ‘শিখা’ পত্রিকা ছিল এক ধরনের বুদ্ধিবৃত্তিক ঘোষণাপত্র। যুক্তি, আত্মসমালোচনা এবং ধর্মীয় ও সাহিত্যিক পুনর্বিবেচনার এক সাহসী পদক্ষেপ। ‘শিখা’ পত্রিকার শতবর্ষ উপলক্ষ্যে পত্রিকাটির ঐতিহাসিক ভূমিকা, সম্পাদকীয় দর্শন, তাত্ত্বিক ও রাজনৈতিক অবস্থান এবং বাংলা সাহিত্যে দীর্ঘমেয়াদি প্রভাব নিয়ে ধারাবাহিক সাক্ষাৎকারের এ পর্বে সাক্ষাৎকার দিয়েছেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক খন্দকার শামীম আহমেদ। সার্বিক সহযোগিতা করেছেন হেমায়েত উল্লাহ ইমন ও শাহরিয়ার হিরাজ।

বাংলা ট্রিবিউন: মুসলিম সাহিত্য সমাজ গঠনের ঐতিহাসিক প্রেক্ষাপট কী ছিল? এক্ষেত্রে তাদের মূল আদর্শ ‘বুদ্ধির মুক্তি’ তৎকালীন বাংলা সাহিত্য সমাজে কতটা ব্যতিক্রমী ছিল বলে আপনি মনে করেন?

খন্দকার শামীম আহমেদ: ধন্যবাদ, একশ বছর পুরোনো একটি সংগঠন নিয়ে প্রশ্ন করার জন্য। ‘মুসলিম সাহিত্য সমাজ’ গঠনের ঐতিহাসিক প্রেক্ষাপট সম্বন্ধে বলতে গেলে প্রথমেই বলা দরকার এই সংগঠনের জন্ম ঢাকায়, ১৯২৬ সালের ১৯ জানুয়ারি। ঢাকার কথা এ কারণে ঐতিহাসিক যে এর আগে মুসলমান সমাজের জন্য বিশেষ যে সাহিত্য-সংগঠন গড়ে উঠেছিল, সেগুলো ছিল কলকাতায়। ইতিহাস ঘাঁটলে দেখা যায় ‘মহামেডান লিটারেরি সোসাইটি’, ‘মহামেডান লিটারেরি একাডেমি’, ‘সাহিত্য বিষয়িনী মুসলমান সমিতি’, ‘বঙ্গীয় মুসলমান সাহিত্য সমিতি’ প্রকাশ হয়েছিল কলকাতায়, প্রকাশকাল যথাক্রমে ১৯৬৩, ১৮৯৩, ১৯০০ ও ১৯১১ সালে।

বঙ্গভঙ্গের ফলে ঢাকায় রাজনৈতিক, সাংস্কৃতিক নানা কর্মকাণ্ড সংঘটিত হয়। এদেশের রাজনীতিবিদ, বুদ্ধিজীবীদের নতুনভাবে চিন্তার সুযোগ সৃষ্টি হয়। নবাব সলিমুল্লাহ উদ্যোগে ১৯০৫ সালে ‘পূর্ববঙ্গ ও আসাম প্রাদেশিক মহামেডান এসোসিয়েশন’ গঠিত হয়। ১৯০৬ সালে ঢাকায় ‘অল ইন্ডিয়া মুসলিম লীগে’র জন্ম হয়। ‘পূর্ববঙ্গ ও আসাম প্রাদেশিক মুসলমান শিক্ষা সমিতি’ স্থাপিত হয়। বঙ্গভঙ্গ রদ হলে এ অঞ্চলের মানুষের উপর বিরূপ প্রভাব পড়ে। মুসলমানগণ ক্ষুব্ধ হন; সেইসঙ্গে হতাশাও পেয়ে বসে। এমন পরিস্থিতিতে আলোর সংবাদ হয়ে আসে ১৯২১ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠা। মুহম্মদ শহীদুল্লাহ, কাজী মোতাহার হোসেন, আবুল হুসেন, এ. এফ. রহমান প্রমুখ উচ্চশিক্ষিত মুসলমানগণের কর্মচাঞ্চল্যে মুখরিত হয় ঢাকা বিশ্ববিদ্যালয়। এই আলোকিত ব্যক্তিরাই মুসলমানদের নিয়ে চিন্তা করেন, সাহিত্য-শিক্ষা-সামাজিক বিভিন্ন সমস্যা, আর্থিক দিকটিও তাদের নজরে আসে।

কলকাতায়, প্রগতিশীল লেখকদের হাতিয়ার হিসেবে প্রকাশিত হয়েছিল কল্লোল পত্রিকা, ১৯২৩ সালে। এ পত্রিকাকে কেন্দ্র করে বাংলা সাহিত্যে একটি নতুন যুগ সৃষ্টির আয়োজন চলেছিল। ঢাকায়, ১৯ জানুয়ারি ১৯২৬ খ্রিষ্টাব্দে ঢাকাকেন্দ্রিক কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও ছাত্রের মিলিত প্রয়াসে ‘মুসলিম সাহিত্য-সমাজ’ নামে একটি সংগঠনের জন্ম হয়। নিজেদের কর্মকাণ্ডকে তাঁরা অভিহিত করেছিলেন ‘বুদ্ধির মুক্তি আন্দোলন’ নামে। এটি বাঙালি মুসলমান সমাজের অগ্রগতির ইতিহাসে একটি উল্লেখযোগ্য পদক্ষেপ।

‘মুসলিম সাহিত্য সমাজ’ এর বার্ষিক মুখপত্র হিসেবে ১৯২৭ খ্রিষ্টাব্দে প্রকাশিত হয় ‘শিখা’। ‘শিখা’ প্রকাশিত হয়েছিল পাঁচ বছর (১৯২৭-১৯৩১)। কাজী নজরুল ইসলামের ‘খোশ আমদেদ’ গানটি দিয়ে ‘শিখা’র শুরু হয়েছিল। কাজী নজরুল ইসলাম সম্পাদিত পত্রিকা ‘লাঙ্গল’ (১৯২৫) থেকে ‘মুসলিম সাহিত্য সমাজ’ এর লেখকগণ অনুপ্রেরণা পেয়েছিলেন।

বুদ্ধির মুক্তি আন্দোলনের পুরোধা ব্যক্তিত্বরা। বাঁ থেকে উপরে- কাজী মোতাহার হোসেন, কাজী আবদুল ওদুদ। নিচে- আবুল ফজল, কবি আবদুল কাদির এবং মোতাহের হোসেন চৌধুরী;

প্রশ্ন: মুসলিম সাহিত্য সমাজের নবজাগরণ কি ডিরোজিওপন্থি নবজাগরণ নাকি এর প্রতিক্রিয়ায় সৃষ্টি? এর সাথে মুসলিম জাতীয়তাবাদের ধারণা কোনোভাবে সম্পর্কিত কিনা?

উত্তর:
রোজিও ছিলেন কলকাতার হিন্দু কলেজের (১৮১৭ সালে প্রতিষ্ঠিত) তরুণ শিক্ষক। সেখানে শিক্ষকতা করেছেন ১৮২৬ থেকে ১৮৩১ সাল পর্যন্ত। ছাত্রদের নিয়ে তিনি ‘অ্যাকাডেমিক অ্যাসোসিয়েশন’ নামের সংগঠন তৈরি করেছিলেন। শিবনাথ শাস্ত্রীর ভাষায় এই সভায় নৈতিক ও সামাজিক বিষয় স্বাধীন অসংকুচিতভাবে বিচার করা হতো। ডিরোজিওর শিষ্যদের মনে স্বাধীন চিন্তার স্পৃহা উদ্দীপ্ত হয়ে ওঠে। তারা অসংকোচে প্রাচীন রীতিনীতির আলোচনা করতে শুরু করে। এই শিষ্যরাই ‘ইয়ং বেঙ্গল’। এরা ইউরোপিয় ভাবনাচিন্তাকে আত্মস্থ করেন। আস্তিকতা হোক বা নাস্তিকতা—কোনো জিনিসকে পূর্ব থেকে গ্রহণ না করা—জিজ্ঞাসা করা বা প্রশ্ন করা—এই ছিল তার মন্ত্র। ১৮৩১ সালে ‘এনকোয়ারার’ ও ‘জ্ঞানান্বেষণ’ পত্রিকার মাধ্যমে ইয়ং বেঙ্গল আত্মঘোষণা করে। এর প্রায় শতবর্ষ পরে প্রতিষ্ঠিত হয় ‘মুসলিম সাহিত্য সমাজ’।

‘মুসলিম সাহিত্য সমাজ’ এর উদ্দেশ্য ছিল বুদ্ধির মুক্তি। স্বাধীনভাবে চিন্তা করাকে তারাও গুরুত্ব দিয়েছেন। সৃষ্টিধর্মী সাহিত্যের চেয়ে সমাজ, দেশ, জাতির সমকালীন সমস্যার কথাই এতে বেশি আলোচিত হয়েছে। তাদের চিন্তায় যুক্তির পরিমাণ বেশি ছিল। ভাবাবেগ কিংবা উগ্রতাকে তারা প্রশ্রয় দেননি। মুসলমান সমাজের নানা সমস্যাকে তারা চিহ্নিত করা এবং নতুন চিন্তায় জারিত করে তার সমাধানের পথনির্দেশ দেওয়া ছিল এই সমাজের উদ্দেশ্য। বার্ষিক সভায় যেসব আলোচিত হতো, তাই শিখায় প্রকাশিত হতো। তাদের কর্মপন্থায় উগ্রতা ছিল না। মুসলমান সমাজের জাগরণকে এরা ব্রতে পরিণত করেছিল।

প্রশ্ন: ‘শিখা’কে কেন্দ্র করে সেসময়ের কলকাতাভিত্তিক সাহিত্য সমাজের প্রতিক্রিয়া কেমন ছিল?

উত্তর: ‘শিখা’ প্রকাশের পর মিশ্র প্রতিক্রিয়া হয়েছিল। কলকাতা থেকে প্রকাশিত পত্রিকার সমান্তরালে ঢাকা থেকে নতুন পত্রিকা, নতুন চিন্তাকে আবাহন করে নিয়েছিল বিদগ্ধসমাজ। পাশাপাশি এর মুক্তচিন্তা বিশেষত সামাজিক, ধর্মীয় বিষয়ে অনেক স্পর্শকাতর প্রসঙ্গে আলোড়ন উঠেছিল।

প্রশ্ন: বেশ স্পষ্ট ও শক্তিশালী আহ্বানের পরেও কেন মুসলমানদের মধ্যে চিন্তার জাগরণ সামাজিক পর্যায়ে ঘটেনি? ‘শিখা’র ব্যর্থতা কোথায়?

উত্তর: একটা বিষয় স্পষ্ট করা প্রয়োজন এই সমাজের সঙ্গে যুক্ত ব্যক্তিগণ ছিলেন শিক্ষিত, চিন্তাশীল। তাদের মুক্তচিন্তা ও স্বাধীন মতামত বার্ষিক সাধারণ সভায় আলোচিত হতো, বাদ-প্রতিবাদ হতো; পরে শিখায় প্রকাশিত হতো। তারা দেশের সাধারণ মানুষের মাঝে ব্যাপক, প্রত্যক্ষ কোনো প্রভাব রাখতে পারেননি। কারণ তাদের পরিসর ছিল বুদ্ধিবৃত্তিক—সভা-সমিতি-পত্রিকার পাতা। বার্ষিক একটি পত্রিকা, পাঁচটি মাত্র সংখ্যা! কিন্তু শিক্ষিত সমাজের আলোচনায় ‘শিখা’র নাম উচ্চারিত হতো। এই পত্রিকার প্রভাব প্রত্যক্ষ নয়, পরোক্ষ।

প্রসঙ্গ শিখা গোষ্ঠী
প্রশ্ন: মাত্র পাঁচটি সংখ্যা প্রকাশ হওয়ার পর কেন ‘শিখা’ আর প্রকাশিত হলো না?

উত্তর:
‘মুসলিম সাহিত্য সমাজ’-এর লেখকগণ তাঁদের চিন্তাধারাকে বাঙালি সমাজের কাছে পৌঁছে দেওয়ার জন্য তিনটি পথ অবলম্বন করেছিলেন: পত্র-পত্রিকা প্রকাশ, সাময়িক অধিবেশন-বার্ষিক সম্মেলন ও গ্রন্থ প্রকাশ। দশ বছর তারা তাদের কার্যক্রম চালু রাখতে সক্ষম হয়েছিলেন। দশম বার্ষিক সভায় কাজী আবদুল ওদুদ বলেছিলেন যে সাহিত্য সমাজের যা বলার তা বলা হয়েছে। এখন কাজ চাই। সমিতির কাজ শেষ হয়েছে।

এ থেকে বোঝা যায় সমিতি আলাপ-আলোচনা, বাদ-প্রতিবাদ এবং পত্রিকা প্রকাশের মাধ্যমে তাদের মুক্তচিন্তার প্রচার করেছেন। এখন সমাজের সবাইকে এ থেকে আলো নিতে হবে। স্বপ্নকে বাস্তবায়নের কাজে সর্বস্তরের মানুষকে এগিয়ে আসতে হবে।

পেশাগত কারণে সাহিত্য সমাজের অনেক দক্ষ, উদ্যোগী কর্মী ঢাকা ত্যাগ করেছিলেন। যেমন আবদুল কাদির, আবুল ফজল, কাজী আনোয়ারুল কাদির ঢাকা ত্যাগ করে বিভিন্ন স্থানে চলে গিয়েছিলেন। আবুল হুসেন কলকাতায় চলে গিয়েছিলেন। সর্বোপরি এটাও ধারণা করা যায় যে তৎকালীন সমাজের সাম্প্রদায়িক মনোভাবের মাঝে অসাম্প্রদায়িক মনোভাব পোষণকারী একটি সাহিত্য সমাজের টিকে থাকাটাও চ্যালেঞ্জ ছিল।

প্রশ্ন: বর্তমানে নতুনভাবে ‘মুসলিম সাহিত্য’ প্রকল্পের প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে। যেখানে “আমাদের নজরুল”, “আমাদের মাহমুদ” বিপরীতে “তাদের ছায়ানট”, “তাদের রবীন্দ্রনাথ” এর মতো শব্দবন্ধের বারংবার ব্যবহার লক্ষ্য করা যাচ্ছে। এই প্রেক্ষিতে কোনোভাবে ‘শিখা’ বা ‘মুসলিম সাহিত্য সমাজ’ এখনো প্রাসঙ্গিক?

উত্তর:
খুবই প্রয়োজনীয়, তাৎপর্যময় একটি প্রশ্ন। ‘মুসলিম সাহিত্য সমাজ’ এবং ‘শিখা’র আলো আজও প্রয়োজন। একটি সুস্থ সমাজের জন্য দরকার স্বাধীনভাবে কথা বলতে পারা, মুক্তচিন্তা করতে পারা, ভিন্নমত পোষণ করতে পারা, প্রতিবাদ করতে পারা। আপনার পরিচয় নিয়ে সুখে, শান্তিতে বাঁচার অধিকার প্রত্যেকটা জীবের-মানুষের-হিন্দুর-মুসলমানের আছে। তাই ‘আমাদের নজরুল’, ‘তাদের রবীন্দ্রনাথ’ নামক বিভেদ অপ্রয়োজনীয়। জাতি, ধর্ম, গোত্র, সংস্কৃতি নানা মানদণ্ডে মানুষের পরিচয় চিহ্নিত হতে পারে। বৈচিত্র্য স্বাভাবিক। এটাই প্রকৃতির সৌন্দর্য।

/জেড-এস/
সম্পর্কিত
১৯২৬-এর আলোকধারায় কী পেলাম
মুক্তবুদ্ধির শিখা
শতবর্ষে মুসলিম সাহিত্য সমাজ প্রসঙ্গ শিখা গোষ্ঠী
সর্বশেষ খবর
পরিসংখ্যানে বাংলাদেশ নাকি পাকিস্তান এগিয়ে, আজ খেলা দেখবেন কোথায়
পরিসংখ্যানে বাংলাদেশ নাকি পাকিস্তান এগিয়ে, আজ খেলা দেখবেন কোথায়
সচিবালয় স্থানান্তর: অনড় অবস্থানে সরকার ও শেকৃবির শিক্ষার্থীরা, সমাধান কোন পথে? 
সচিবালয় স্থানান্তর: অনড় অবস্থানে সরকার ও শেকৃবির শিক্ষার্থীরা, সমাধান কোন পথে? 
১৯২৬-এর আলোকধারায় কী পেলাম
১৯২৬-এর আলোকধারায় কী পেলাম
পোস্টারে ভয়ংকর নারী, ‘হিরো কি হররিন’-এ কে থাকছেন এই চরিত্রে
পোস্টারে ভয়ংকর নারী, ‘হিরো কি হররিন’-এ কে থাকছেন এই চরিত্রে
সর্বাধিক পঠিত
এবার সরকারের মালিকানায় যাচ্ছে ইসলামী ব্যাংক!
এবার সরকারের মালিকানায় যাচ্ছে ইসলামী ব্যাংক!
ঢাকা থেকে চট্টগ্রামে কবে যাবে তিন ঘণ্টায় ট্রেন 
ঢাকা থেকে চট্টগ্রামে কবে যাবে তিন ঘণ্টায় ট্রেন 
৬১ কোটি টাকার মুকুট জিতলেও মালিক হতে পারবেন না মাহি
৬১ কোটি টাকার মুকুট জিতলেও মালিক হতে পারবেন না মাহি
অবশেষে মাহফিল করলেন আমির হামজা, তবে মানতে হয়েছে শর্ত
অবশেষে মাহফিল করলেন আমির হামজা, তবে মানতে হয়েছে শর্ত
বিশ্বজুড়ে কত আয় ‘রামায়ণ’-এর, ভাঙলো ‘বাহুবলী ২’-এর রেকর্ড
বিশ্বজুড়ে কত আয় ‘রামায়ণ’-এর, ভাঙলো ‘বাহুবলী ২’-এর রেকর্ড