রাবির নতুন জনসংযোগ প্রশাসক অধ্যাপক প্রদীপ কুমার

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) জনসংযোগ দফতরের প্রশাসক পদে নিয়োগ পেয়েছেন গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক ড. প্রদীপ কুমার পাণ্ডে 

সোমবার (১০ জানুয়ারি) বিকালে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার আবদুস সালাম স্বাক্ষরিত এক অফিস আদেশে তাকে আগামী তিন বছরের জন্য এই পদে নিয়োগ দেওয়া হয়।  

আদেশে বলা হয়েছে, বর্তমান প্রশাসক আজিজুর রহমানের আবেদনের প্রেক্ষিতে তাকে অব্যাহতি দেওয়া হয়েছে। নতুন প্রশাসক হিসেবে অধ্যাপক ড. প্রদীপ কুমার পাণ্ডেকে আগামী তিন বছরের জন্য দায়িত্ব দেওয়া হয়েছে। দায়িত্ব পালনকালে ভাড়ামুক্ত বাসাসহ প্রতিমাসে পাঁচ হাজার টাকা সম্মানী পাবেন তিনি।

প্রদীপ কুমার পাণ্ডে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের প্রথম ব্যাচের শিক্ষার্থী ছিলেন। পরবর্তী সময়ে একই বিভাগের শিক্ষক হিসেবে নিয়োগ পান। তিনি বাংলাদেশ, ভারত, ব্রিটেন ও  যুক্তরাষ্ট্রসহ বিশ্বের বিভিন্ন দেশে আন্তর্জাতিক সেমিনারে প্রবন্ধ উপস্থাপন করেছেন। দুইটি বইসহ জাতীয় ও আন্তর্জাতিক জার্নালে তার ২০টিরও বেশি প্রবন্ধ প্রকাশ হয়েছে।