‘আমের চেয়েও রাজশাহীর মানুষের ব্যবহার বেশি মিষ্টি’

রাজশাহীর আমের চেয়ে মানুষের ব্যবহার মিষ্টি বেশি বলে মন্তব্য করেছেন ভারতের ত্রিপুরা রাজ্য সরকারের মন্ত্রী রামপ্রসাদ পাল। 

তিনি বলেছেন, ‘আমাদের রাজ্যে রাজশাহীর আম খুব প্রসিদ্ধ। রাজশাহীর আমকে সুস্বাদু হিসেবে দাবি করি। এখানে এসে আরেকটা জিনিস আমের সঙ্গে যুক্ত হলো—এখানকার মানুষের ব্যবহার।’

সোমবার (২৮ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টায় রাজশাহী বিশ্ববিদ্যালয় পরিদর্শনে এসে তাজউদ্দিন আহমদ সিনেট ভবনে আয়োজিত এক সংক্ষিপ্ত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। 

রামপ্রসাদ পাল বলেন, ‘বাংলাদেশের স্বাধীনতার যুদ্ধে ভারতের বিরাট ভূমিকা ছিল। বাংলাদেশ-ভারত যে মৈত্রীর বন্ধন, সেটাকে আজীবন অটুট রাখার প্রয়াস নিয়ে ‘ফ্রেন্ডস অব বাংলাদেশ’ দায়িত্ব পালন করে যাচ্ছে।’ 

রাবি উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তারের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন ভারতের সিস্টার নিভেদিতা বিশ্ববিদ্যালয়ের আচার্য সত্যম রায় চৌধুরী। অনুষ্ঠানের সঞ্চালনা করেন বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতরের প্রশাসক অধ্যাপক প্রদীপ কুমার পাণ্ডে।

এর আগে বেলা ১১টায় শহীদ মিনার প্রাঙ্গণে আসেন ভারতীয় সাংস্কৃতিক দলের প্রতিনিধিরা। সেখানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য তাদেরকে স্বাগত জানান। পরে প্রতিনিধিদলের সদস্যরা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সহকারে ভাষা শহীদদের স্মরণে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন। এরপর শহীদ স্মৃতি সংগ্রহশালা পরিদর্শন করেন তারা। সেখানে সংগ্রহশালার ডায়েরিতে স্মৃতি স্বাক্ষর করেন। 

এরপর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন। এ সময় সেখানে এক মিনিট নীরবতা পালন করা  হয়। পরে রাবির কেন্দ্রীয় মন্দির পরিদর্শন করেন। দুপুর ১২টায় শহীদ বুদ্ধিজীবী চত্বরে শহীদ ড. শামসুজ্জোহার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন তারা।

দুপুর সাড়ে ১২টায় সৈয়দ তাজউদ্দিন আহমেদ সিনেট ভবনে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক চৌধুরী মো. জাকারিয়া ও অধ্যাপক সুলতান-উল-ইসলাম, রেজিস্ট্রার অধ্যাপক আবদুস সালাম, কোষাধ্যক্ষ অবায়দুর রহমানসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
  
উল্লেখ্য, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ, বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও বাংলাদেশ-ভারত মৈত্রীর ৫০ বছর পূর্তিতে রাজশাহী সিটি করপোরেশনের পৃষ্ঠপোষকতায় এবং ফ্রেন্ডস অব বাংলাদেশের উদ্যোগে রাজশাহীতে মিলনমেলা অনুষ্ঠিত হচ্ছে। বাংলাদেশ-ভারত ৫ম সাংস্কৃতিক মিলনমেলা উপলক্ষে ভারত থেকে প্রায় ৪০ জন মন্ত্রী, অভিনেতা, কবি, শিল্পী ও সাংবাদিক সফরে এসছেন। আজ রাজশাহী বিশ্ববিদ্যালয় পরিদর্শনে আসেন ভারতের প্রতিনিধি দল।