রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা ছাত্রলীগের সমন্বিত হল সম্মেলন আগামী ১৪ মার্চ। সম্মেলনকে ঘিরে পদ প্রত্যাশীদের ব্যানার-ফেস্টুনে ছেয়ে গেছে ক্যাম্পাস। এই ব্যানারের জন্য নবাব আব্দুল লতিফ হলের পদপ্রত্যাশী এক নেতার বিরুদ্ধে কর্মীদের কাছ থেকে জোরপূর্বক চাঁদা নেওয়ার অভিযোগ উঠেছে।
অভিযুক্ত পদপ্রত্যাশী ওই নেতার নাম শুভ্রদেব ঘোষ। তিনি শাখা ছাত্রলীগের সভাপতি গোলাম কিবরিয়ার অনুসারী।
হল সূত্রে জানা গেছে, নবাব আব্দুল লতিফ হলের কয়েকজন কর্মীকে গেস্টরুমে ব্যানার বানানোর জন্য টাকা দিতে নির্দেশ দেন শুভ্র। কয়েকজন ছাত্রলীগ কর্মী টাকা দিতে রাজি হয়নি। পরবর্তী সময়ে শুভ্র ‘শাখা ছাত্রলীগ সভাপতির নির্দেশনা রয়েছে’ বলে জোরপূর্বক তাদের কাছ থেকে চাঁদা নেন।
নাম প্রকাশে অনিচ্ছুক এক ছাত্রলীগ কর্মী বলেন, ‘প্রথমে ব্যানারের জন্য টাকা চাইলে আমিসহ আরও কয়েকজন অসম্মতি জানাই। পরে সভাপতির নির্দেশের কথা বলে জোর করে আমাদের কাছ থেকে টাকা নেওয়া হয়।’
তবে বিষয়টি অস্বীকার করে অভিযুক্ত শুভ্রদেব ঘোষ বলেন, ‘এই অভিযোগ পুরোটাই ভিত্তিহীন ও বানোয়াট। রাজনীতিতে অনেক প্রতিযোগিতা থাকে। হল সম্মেলনকে কেন্দ্র করে আমার প্রতিদ্বন্দ্বীরা এমন মিথ্যা অভিযোগ তুলে আমাকে ফাঁসানোর চেষ্টা করছে।’
অভিযোগের বিষয়ে বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রলীগের সভাপতি গোলাম কিবরিয়া বলেন, ‘বিষয়টি জেনেছি। অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে। অভিযোগ প্রমাণ হলে ব্যবস্থা নেওয়া হবে।’