ইন্টারনেটের ধীরগতি সমাধানে ওয়াই-ফাইয়ের বিকল্প আনছে রাবি

আবাসিক হলগুলোতে ইন্টারনেটের ধীরগতির জন্য প্রায় সমালোচিত হয় রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) প্রশাসন। একাধিক রাউটার বসিয়েও মিলছে না সুফল। তাই আবাসিক হল ও অন্যান্য ভবনে ইন্টারনেটের ধীরগতির সমস্যা সমাধানে ওয়াই-ফাইয়ের বিকল্প হিসেবে ল্যান্ড এরিয়া নেটওয়ার্ক (ল্যান) সংযোগ দেওয়ার পরিকল্পনা করছে বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেন্টার। 

রাবি শিক্ষার্থীদের জন্য ১৮টি আবাসিক হল রয়েছে। এর মধ্যে ছেলেদের ১১টি এবং মেয়েদের সাতটি। ছাত্রদের হলগুলো ঘুরে দেখা গেছে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল ছাড়া বাকিগুলোতে প্রতি মেঝেতে মাত্র দুটি করে রাউটার বসিয়ে ইন্টারনেট সেবা দেওয়া হচ্ছে। এতে দুই সিট বা এক সিট বিশিষ্ট কক্ষগুলোতে কিছুটা ধীরগতিতে ইন্টারনেট চললেও চার জনের কক্ষে সিগন্যাল পাওয়া যায় না বলে অভিযোগ শিক্ষার্থীদের। 

এদিকে বঙ্গবন্ধু হলের প্রতিটি কক্ষের সামনে রাউটার বসানো হলেও আশানুরূপ গতি পাচ্ছেন না শিক্ষার্থীরা। এর কারণ হিসেবে আইসিটি সেন্টারের কর্মকর্তারা বলছেন, অল্প দূরত্বে অতিরিক্ত রাউটার স্থাপন করা হলে সিগন্যালগুলো ক্রস করে। এতে ইন্টারনেটের গতি কমে আসে।

এই সমস্যা সমাধানে উদ্যোগ নিয়েছে বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেন্টার। তারা লোকাল এরিয়া নেটওয়ার্ক সংযোগ পদ্ধতিতে ইন্টারনেট সরবরাহ করতে চান। 

ইতোমধ্যে বেসরকারি ইন্টারনেট সরবরাহ প্রতিষ্ঠান বিডিরেনের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের সবগুলো হল ও প্রশাসনিক ভবনে সম্ভাব্যতা যাচাই করা হয়েছে। সপ্তাহ খানেক আগেই শেষ হয়েছে তাদের পরীক্ষা-নিরীক্ষা। 

বিশ্ববিদ্যালয়ের আইসিটি  সেন্টারের পরিচালক অধ্যাপক বাবুল ইসলাম বলেন, আমরা এই মাসের ১৫-১৬ তারিখের দিকে প্রস্তাবটা পাবো। এর পরপরই বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনে (ইউজিসি) পাঠানো হবে। 

তিনি আরও বলেন, যদিও এটি দীর্ঘমেয়াদী প্রক্রিয়া, তবে বাস্তবায়ন হলে শিক্ষার্থীদের ইন্টানেট নিয়ে অভিযোগ থাকবে না। কারণ নতুন ব্যবস্থায় আবাসিক শিক্ষার্থীদের জন্য প্রতি কক্ষে ল্যান সংযোগ পৌঁছে দেওয়া হবে। সেখান থেকে তার দিয়ে কম্পিউটার বা ল্যাপটপে দেওয়া হবে সংযোগ। আর প্রতিটি কক্ষেই শিক্ষার্থী প্রতি একটি করে ল্যান সংযোগ দেওয়া হবে। কেউ চাইলে সেখান থেকে রাউটার মাধ্যমে মোবাইলে সংযোগ নিতে পারবে।