রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ক্যাম্পাসে লিচু গাছ থেকে পড়ে বহিরাগত এক শিশু (১২) গুরুতর আহত হয়েছে। মঙ্গলবার (১০ মে) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবন সংলগ্ন লিচু বাগানে এ ঘটনা ঘটে।
ওই শিশু রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালের ৮ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছে। সে ট্রেনে বেলুন বিক্রি করে বলে জানা গেছে।
ক্যাম্পাস সূত্রে জানা গেছে, বিশ্ববিদ্যালয় প্রশাসন এবার লিচু গাছ লিজ দেয়নি। ফলে সবার জন্য উন্মুক্ত রয়েছে। মঙ্গলবার বেলা পৌনে ১১টার দিকে ওই শিশু বন্ধুকে (১০) নিয়ে লিচু পাড়তে আসে। পরে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের পশ্চিম পাশের গাছ থেকে লিচু পাড়তে গিয়ে ডাল ভেঙে পড়ে যায়। তাকে উদ্ধার করে বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা কেন্দ্র নেওয়া হয়। পরে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক আসাবুল হক বলেন, ‘যতটুকু জেনেছি ছেলেটি ট্রেনে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ায়। বর্তমানে সে রামেকে চিকিৎসাধীন রয়েছে।’