রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচন-২০২৫-এর প্রধান নির্বাচন কমিশনার হিসেবে প্রফেসর এফ নজরুল ইসলামকে (পদার্থবিজ্ঞান বিভাগ) নিয়োগ দেওয়া হয়েছে। তিনি আগে থেকেই অন্যতম নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
প্রধান নির্বাচন কমিশনার হিসেবে তার নিয়োগের কারণে শূন্য নির্বাচন কমিশনার পদে লোকপ্রশাসন বিভাগের প্রফেসর পারভেজ আজহারুল হককে নিয়োগ দেওয়া হয়েছে। শনিবার (২৩ আগস্ট) উপাচার্য প্রফেসর সালেহ্ হাসান নকীব এ নিয়োগ দেন। শনিবার রাত ৯টায় রাবি জনসংযোগ দফতর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।
প্রফেসর মো. আমজাদ হোসেন পাবলিক সার্ভিস কমিশনের সদস্য হিসেবে নিয়োগ পাওয়ায় প্রধান নির্বাচন কমিশনার পদটি শূন্য হয়। এর আগে শনিবার তিনি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কাছে পদত্যাগপত্র জমা দেন।
আমজাদ হোসেন বলেন, আমি ওই দিনই (২০ আগস্ট, পিএসসি সদস্য হিসেবে নিয়োগ পাওয়ার পর) পদত্যাগ করেছি। তবে উপাচার্য রাজশাহীর বাইরে থাকায় পদত্যাগপত্র জমা দিতে পারিনি। আজ সেটি জমা দিয়েছি।
রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ইফতিখারুল আলম মাসউদ বলেন, ‘প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক আমজাদ হোসেন পদত্যাগপত্র জমা দিয়েছেন। উপাচার্য সেটি গ্রহণ করেছেন।’
উল্লেখ্য, এর আগে গত বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব আবু সালেহ মো. মাহফুজুল আলম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে অধ্যাপক আমজাদ হোসেনকে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সদস্য পদে নিয়োগ দেওয়া হয়।
অন্যদিকে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু), সিনেটে ছাত্র প্রতিনিধি ও হল ছাত্র সংসদ নির্বাচনের মনোনয়নপত্রের মূল্য পুনরায় নির্ধারণ করা হয়েছে। রাকসু ও সিনেটে ছাত্র প্রতিনিধির মনোনয়নপত্রের মূল্য ৩০০ ও হল ছাত্র সংসদের মনোনয়নপত্রের মূল্য ২০০ টাকা করা হয়। নির্বাচন কমিশন সূত্রে এ তথ্য জানা গেছে।