সংবাদ সম্মেলনে এনবিআর চেয়ারম্যান

দুই হাজার টাকা আয়কর দিয়ে উন্নয়নে শামিল হওয়া গর্বের ব্যাপার

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম বলেছেন, আমি অনুরোধ করবো দেখে নিন কাদের টিআইএন (ট্যাক্স আইডেন্টিফিকেশন নম্বর) আছে। টিআইএন বাধ্যতামূলক আমদানিকারক প্রতিষ্ঠানের জন্য, গাড়ি কেনাসহ বিভিন্ন ক্ষেত্রে। গরিব মানুষের জন্য তো টিআইএন বাধ্যতামূলক নয়। তাই আমি মনে করি তাদের দুই হাজার টাকা সরকারের কোষাগারে দিয়ে উন্নয়নে শামিল হওয়া গর্বের ব্যাপার।

শুক্রবার (২ জুন) বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ২০২৩-২৪ অর্থবছরের বাজেট পরবর্তী সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। রিটার্ন দাখিল করলে দুই হাজার টাকা কর দেওয়া বাধ্যতামূলক করা প্রসঙ্গে জানতে চাইলে এনবিআর চেয়ারম্যান এই উত্তর দেন।  

সংবাদ সম্মেলনে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেন, আইএমএফের সঙ্গে যারা যুক্ত তাদের সবার সার্বিক বিষয়ে তারা দেখে। তারা শুধু লোন দিয়েই সাহায্য করে না, কিছু প্রজেক্টও সাজেস্ট করে। কোন কোন বিষয় বাস্তবায়ন করা যাবে সেগুলোও তারা পরামর্শ দেয়। আমি মনে করি তাদের পরামর্শ শুনলে সফল হবো।

এসময় কৃষিমন্ত্রী ড. আবদুর রাজ্জাক, শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি, পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান, স্থানীয় সরকারমন্ত্রী তাজুল ইসলাম, শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন, বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি উপস্থিত ছিলেন। এছাড়াও মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন, প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা ড. মশিউর রহমান, অর্থসচিব ফাতিমা ইয়াসমিন, বাংলাদেশ ব্যাংকের গভর্নর আবদুর রউফ তালুকদার প্রমুখ উপস্থিত ছিলেন।