গ্যাস সমস্যা নিয়ে কাজ করছে সরকার, তবে সমাধান সহজ নয়: তথ্য উপদেষ্টা

চলমান গ্যাস সংকট নিয়ে সরকার কাজ করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তবে সমাধান সহজ নয় বলেও উল্লেখ করেছেন তিনি।

মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে সচিবালয়ে তথ্য অধিদফতরের সম্মেলন কক্ষে সরকারের সাপ্তাহিক ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

বাংলাদেশের রফতানি খাত এবং শিল্প উৎপাদনে ভিয়েতনামের তুলনায় পিছিয়ে পড়ার বিষয়ে প্রশ্ন করা হলে তথ্য উপদেষ্টা বলেন, সংকটটি শুধু রফতানির নয়। দেশের সামগ্রিক বিনিয়োগ ও শিল্পায়নের সক্ষমতাই দীর্ঘদিনের নানা সমস্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে।

তিনি বলেন, বিগত বছরগুলোতে অর্থনীতিতে অকল্পনীয় লুটপাট ও অর্থপাচার হয়েছে। এর সঙ্গে করোনা মহামারি, বৈশ্বিক অর্থনৈতিক সংকট এবং ২০২১-২২ সাল থেকে তৈরি হওয়া ডলার সংকট যুক্ত হয়েছে। সব মিলিয়ে বিনিয়োগ ও শিল্প উৎপাদন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

জ্বালানি নিরাপত্তাকে শিল্পায়নের সবচেয়ে বড় পূর্বশর্ত উল্লেখ করে তিনি বলেন, বর্তমানে বিদ্যমান শিল্পপ্রতিষ্ঠানগুলোতেই প্রয়োজনীয় গ্যাস সরবরাহ করা যাচ্ছে না। এই কারণে আপাতত নতুন শিল্পে গ্যাস সংযোগ না দেওয়ার সিদ্ধান্ত নিতে হয়েছে।

তিনি বলেন, একজন উদ্যোক্তা বিনিয়োগের আগে চিন্তা করবেন, তিনি নিয়মিত গ্যাস ও বিদ্যুৎ পাবেন কি না। উৎপাদন অব্যাহত রাখতে পারবেন কি না। পর্যাপ্ত জ্বালানি নিরাপত্তা না থাকলে দেশীয় ও বিদেশি— কোনও বিনিয়োগই প্রত্যাশিত মাত্রায় আসবে না।

দেশীয় গ্যাস অনুসন্ধানে দীর্ঘদিনের অবহেলা

ডা. জাহেদ উর রহমান বলেন, দীর্ঘদিন দেশীয় গ্যাস অনুসন্ধান ও উত্তোলনে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হয়নি। এর পরিবর্তে আমদানিনির্ভর তরলীকৃত প্রাকৃতিক গ্যাস বা এলএনজির দিকে ঝোঁক তৈরি করা হয়েছিল।

এলএনজির মূল্য আন্তর্জাতিক বাজারে ব্যাপকভাবে ওঠানামা করে উল্লেখ করে তিনি বলেন, কিছু সুবিধাভোগী গোষ্ঠীর স্বার্থ বিবেচনায় নিয়ে আগের নীতিগুলো করা হয়েছিল কিনা— সেটিও পর্যালোচনার বিষয়।

বর্তমান সরকার স্থলভাগে গ্যাস অনুসন্ধান, ভোলার গ্যাস জাতীয় গ্রিডে আনা, এলএনজি আমদানি বৃদ্ধি এবং সমুদ্রের গ্যাস অনুসন্ধানের উদ্যোগ নিচ্ছে বলে জানান তিনি।

তবে সমুদ্রের গ্যাস অনুসন্ধানের দরপত্র দ্রুত সম্পন্ন হলেও সেখান থেকে গ্যাস উত্তোলনে কয়েক বছর সময় লাগবে। ফলে দীর্ঘদিনের সংকট রাতারাতি সমাধান হবে না বলেও সতর্ক করেন উপদেষ্টা।