যৌক্তিক কারণ ছাড়া আউটসোর্সিং কর্মীদের বাদ দেওয়া যাবে না

আউটসোর্সিংয়ের মাধ্যমে নিয়োজিত সরকারি সেবাকর্মীদের যৌক্তিক কারণ ছাড়া বাদ দেওয়া যাবে না। চাকরির ধারাবাহিকতা বজায় রাখতে কর্মী পরিবর্তনের ক্ষেত্রে সংশ্লিষ্ট দফতরের আউটসোর্সিং সেবা পরিবীক্ষণ কমিটির মতামত নেওয়া বাধ্যতামূলক করা হয়েছে। একই সঙ্গে নতুন সেবা ক্রয়ের ক্ষেত্রে বেসরকারি প্রতিষ্ঠানের মাধ্যমে কর্মী নিয়োগের সুযোগ বন্ধ করে সরাসরি ব্যক্তির কাছ থেকে সেবা কেনার ব্যবস্থা করা হয়েছে।

সোমবার (১৬ নভেম্বর) জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের ষষ্ঠ দিনের প্রশ্নোত্তর পর্বে চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য মো. মাসুদ পারভেজের প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এ তথ্য জানান।

অর্থমন্ত্রী বলেন, সরকারি কাজে গতিশীলতা আনা, স্বল্পতম সময়ে সেবা গ্রহণ এবং মানসম্মত সেবা কেনার লক্ষ্যে ২১ সেপ্টেম্বর ২০২৬ তারিখে ‘আউটসোর্সিং প্রক্রিয়ায় সেবাগ্রহণ নীতিমালা, ২০২৫’-এর কয়েকটি অনুচ্ছেদ সংশোধন করা হয়েছে। সংশোধিত নীতিমালা অনুযায়ী সরকারি ক্রয় প্রক্রিয়া অনুসরণ করে ক্রয়কারী মন্ত্রণালয়, বিভাগ ও দফতরগুলো সরাসরি ব্যক্তির কাছ থেকে সেবা কিনতে পারবে। পাশাপাশি অর্থ বিভাগ কর্তৃক অনুমোদিত বিশেষায়িত সরকারি প্রতিষ্ঠান থেকেও সেবা কেনার ব্যবস্থা বহাল রয়েছে। তবে নতুন সেবা কেনার ক্ষেত্রে বেসরকারি প্রতিষ্ঠানের মাধ্যমে সেবা নেওয়া যাবে না।

তিনি বলেন, তৃতীয় পক্ষের সম্পৃক্ততা ছাড়াই সরাসরি ব্যক্তির কাছ থেকে সেবা কেনার সুযোগ তৈরি হওয়ায় ক্রয় প্রক্রিয়া সহজ হবে এবং কম সময়ে সম্পন্ন করা সম্ভব হবে। এতে বিভিন্ন হয়রানি ও অনিয়মের অভিযোগ কমবে বলে আশা করছে অর্থ বিভাগ।

কর্মীদের চাকরির ধারাবাহিকতা প্রসঙ্গে অর্থমন্ত্রী জানান, আউটসোর্সিং নীতিমালা অনুযায়ী কর্তব্যে অবহেলা ও অসদাচরণের মতো কারণ ছাড়া সেবাকর্মী পরিবর্তন করা যায় না। শৃঙ্খলাজনিত কারণে কোনও কর্মীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আগে সেবা ক্রয়কারী দফতরের নিয়ন্ত্রণকারী মন্ত্রণালয় বা বিভাগের আউটসোর্সিং সেবা পরিবীক্ষণ কমিটির মতামত নিতে হয়। যৌক্তিক কারণ ছাড়া কর্মী বাদ দেওয়া যাবে না। যৌক্তিক কারণে বাদ দেওয়ার ক্ষেত্রেও কমিটির মতামত গ্রহণ করতে হবে।

আউটসোর্সিং কর্মীদের বেতন-ভাতা পরিশোধের বিষয়ে অর্থমন্ত্রী বলেন, কর্মীর সেবামূল্য কর্মকালীন মাসের পরবর্তী মাসের প্রথম সপ্তাহের মধ্যে পরিশোধ করতে হবে। এ অর্থ কর্মীর নিজ নামীয় ব্যাংক হিসাব অথবা মোবাইল আর্থিক সেবার মাধ্যমে ব্যাংকিং চ্যানেলে দেওয়ার বিধান রয়েছে। সম্পাদিত চুক্তি অনুযায়ী অর্থ বিভাগ থেকে সংশ্লিষ্ট সংস্থার অনুকূলে পর্যাপ্ত বাজেট বরাদ্দ দেওয়া হয়।

তিনি জানান, সেবাকর্মীদের প্রশিক্ষণ, নিরাপত্তা, কল্যাণ ও ব্যবস্থাপনা নিশ্চিত করার আইনি বাধ্যবাধকতা রয়েছে সেবা ক্রয়কারী প্রতিষ্ঠানের। চুক্তি অনুযায়ী কর্মীদের ছুটি, প্রশিক্ষণ ও শৃঙ্খলাসংক্রান্ত বিষয় নির্ধারিত হয়। প্রতি পঞ্জিকাবর্ষে কর্মীরা ১৫ দিনের ছুটি এবং নারী কর্মীরা ৪৫ দিনের মাতৃত্বকালীন ছুটি পান। সবার জন্য ইউনিফর্মের ব্যবস্থাও রয়েছে। পাশাপাশি সেবাকর্মীদের সর্বজনীন পেনশন স্কিমের আওতায় আনা হয়েছে।

ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে অর্থমন্ত্রী বলেন, রাজস্ব খাতের নিয়োগ স্থায়ী ধরনের হলেও আউটসোর্সিংয়ের মাধ্যমে সেবা গ্রহণ চুক্তিভিত্তিক ও অস্থায়ী। মন্ত্রণালয়, বিভাগ ও দফতরের কাজের ধরন এবং চাহিদা অনুযায়ী অর্থ বিভাগ দুই বছরের জন্য আউটসোর্সিংয়ের মাধ্যমে সেবা গ্রহণে সম্মতি দেয়। মেয়াদ শেষে প্রয়োজন বিবেচনায় অর্থ বিভাগের সম্মতি নিয়ে সেবা গ্রহণের মেয়াদ বাড়ানো যায়। সে অনুযায়ী সেবাকর্মীদের কাজের মেয়াদও বাড়ানো সম্ভব।

তিনি আরও বলেন, ২১ সেপ্টেম্বরের সংশোধনের ফলে বেসরকারি প্রতিষ্ঠানের সম্পৃক্ততা ছাড়াই সরাসরি ব্যক্তির কাছ থেকে সেবা কেনার সুযোগ তৈরি হয়েছে। এতে যোগ্য, দক্ষ ও ভালো কাজ করেন—এমন সেবাকর্মীদের মেয়াদ সহজে বাড়ানো যাবে বলে মনে করে সরকার।