সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি প্রয়াত চেয়ারপারসন খালেদা জিয়ার রাজনৈতিক ভূমিকা ও অবদান পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত করার দাবি জানিয়েছেন নওগাঁ-৪ আসনের সংসদ সদস্য একরামুল বারী টিপু। গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন, সংসদীয় ব্যবস্থা চালু এবং তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা প্রতিষ্ঠায় তার ভূমিকা নতুন প্রজন্মের সামনে তুলে ধরতে পাঠ্যপুস্তকে এসব বিষয় অন্তর্ভুক্ত করার প্রস্তাব দিয়েছেন তিনি।
সোমবার (১৬ নভেম্বর) জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের ষষ্ঠ দিনে কার্যপ্রণালি বিধির ৭১ বিধিতে জরুরি জন-গুরুত্বপূর্ণ বিষয়ে মনোযোগ আকর্ষণের নোটিশ দিয়ে শিক্ষামন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন বিএনপির এই সংসদ সদস্য।
নোটিশে একরামুল বারী টিপু বলেন, ১৯৮২ সালে এইচ এম এরশাদের ক্ষমতা দখলের পর দীর্ঘ নয় বছর গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন-সংগ্রামে নেতৃত্ব দিয়েছিলেন খালেদা জিয়া। পরবর্তী সময়েও দেশে গণতন্ত্র বাধাগ্রস্ত হলে তা পুনরুদ্ধারে তাকে আন্দোলন-সংগ্রামে নেতৃত্ব দিতে হয়েছে।
তিনি আরও বলেন, ১৯৯১ সালের সংসদ নির্বাচনের পর প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিয়ে খালেদা জিয়া দেশে সংসদীয় ব্যবস্থা চালু করেছিলেন। বাংলাদেশের গণতন্ত্র সমুন্নত রাখতে সাংবিধানিকভাবে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থাও প্রতিষ্ঠা করেছিলেন। দীর্ঘ ১৭ বছর ফ্যাসিবাদী ও স্বৈরাচারবিরোধী আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন তিনি।
নোটিশে একরামুল বারী টিপু দাবি করেন, খালেদা জিয়া ছয় বছর জেল-জুলুম, অত্যাচার ও নির্যাতন সহ্য করেছেন। বিনা চিকিৎসায় কারারুদ্ধ থেকেও দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন।
বিএনপির এই সংসদ সদস্য বলেন, বিগত স্বৈরশাসনের সময়ে বারবার ইতিহাস বিকৃত করা হয়েছে। ইতিহাসকে সঠিক ধারায় ফিরিয়ে আনতে গণতন্ত্র পুনরুদ্ধারে খালেদা জিয়ার ভূমিকা ও অবদান পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত করা প্রয়োজন।