সমস্যাগ্রস্ত আটটি বিমা কোম্পানির ২২ হাজার ৩০ জন গ্রাহককে ৮৪ কোটি ৬ লাখ ৩৫ হাজার ৯৫৫ টাকার বিমা দাবি পরিশোধ করা হয়েছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তবে এসব কোম্পানির লাইসেন্স বাতিলের বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। পলিসিধারীদের স্বার্থ ও কোম্পানির আইনগত এবং আর্থিক দায়বদ্ধতা বিবেচনায় নিয়ে এ বিষয়ে পর্যালোচনা করা হবে বলে জানিয়েছেন তিনি।
সোমবার (১৬ নভেম্বর) জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের ষষ্ঠ দিনের প্রশ্নোত্তর পর্বে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য মোসা. নাজমুন নাহারের প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী এসব তথ্য জানান।
প্রশ্নে নাজমুন নাহার জানতে চান, যেসব জীবন বিমা কোম্পানি বছরের পর বছর ধরে গ্রাহকদের মেয়াদোত্তর বিমা দাবি পরিশোধ করছে না, সেসব চিহ্নিত কোম্পানির লাইসেন্স বাতিলের পরিকল্পনা সরকারের আছে কি না।
জবাবে অর্থমন্ত্রী বলেন, দেশে রাষ্ট্রায়ত্ত সাধারণ বিমা করপোরেশন ও জীবন বিমা করপোরেশনসহ লাইফ ও নন-লাইফ মিলিয়ে মোট ৮২টি বিমা কোম্পানি কার্যক্রম পরিচালনা করছে। এর মধ্যে দুর্বল আর্থিক অবস্থা ও নিম্নমানের কার্যক্ষমতাসম্পন্ন আটটি বিমা কোম্পানির বিরুদ্ধে ইতোমধ্যে কঠোর নিয়ন্ত্রণমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।
তিনি জানান, বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) মাধ্যমে সমস্যাগ্রস্ত আটটি কোম্পানির ২২ হাজার ৩০ জন গ্রাহককে মোট ৮৪ কোটি ৬ লাখ ৩৫ হাজার ৯৫৫ টাকার বিমা দাবি পরিশোধ করা হয়েছে। এ কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে দক্ষ ও নিরপেক্ষ অডিট ফার্ম নিয়োগ এবং পৃথক ব্যাংক হিসাবের মাধ্যমে অগ্রাধিকার ভিত্তিতে দাবি নিষ্পত্তির ব্যবস্থা নেওয়া হয়েছে।
অর্থমন্ত্রী বলেন, এ ধারাবাহিকতায় অন্যান্য বিমা কোম্পানিও দাবি পরিশোধের কার্যক্রম ত্বরান্বিত করেছে। ফলে বিমা দাবি নিষ্পত্তি বর্তমানে কাঙ্ক্ষিত লক্ষ্যের দিকে এগিয়ে যাচ্ছে।
কোম্পানিগুলোর লাইসেন্স বাতিলের বিষয়ে তিনি বলেন, আইনগত ও আর্থিক দায়বদ্ধতা এবং পলিসিধারীদের স্বার্থ বিবেচনায় নিয়ে বিষয়টি পর্যালোচনা করা হবে। কারণ, লাইসেন্স বাতিল হলেও বিমাগ্রাহকদের প্রতি কোম্পানির বিদ্যমান দায়বদ্ধতা বিলুপ্ত হয় না। তাই গ্রাহকদের স্বার্থ সুরক্ষাকে অগ্রাধিকার দিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।