একই প্রতিষ্ঠানে সেন্ড মানির চার্জ অভিন্ন নয়, প্রতিযোগিতার ভিত্তিতে নির্ধারণের নির্দেশনা

একই মোবাইল আর্থিক সেবা (এমএফএস) প্রতিষ্ঠানের গ্রাহকদের মধ্যে টাকা পাঠানোর ক্ষেত্রে সব প্রতিষ্ঠানে অভিন্ন চার্জ নেই। সেবার ধরন, লেনদেনের পরিমাণ, অ্যাপ বা ইউএসএসডি ব্যবহারের মতো বিষয় বিবেচনায় প্রতিষ্ঠানগুলো নিজস্ব চার্জ নির্ধারণ করে। তবে সব প্রতিষ্ঠানে সেন্ড মানির জন্য চার্জ প্রযোজ্য নয়।

সোমবার (১৬ নভেম্বর) জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের ষষ্ঠ দিনের প্রশ্নোত্তর পর্বে ঢাকা-১১ আসনের সংসদ সদস্য মো. নাহিদ ইসলামের প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এ তথ্য জানান।

অর্থমন্ত্রী বলেন, দেশে কার্যরত মোবাইল আর্থিক সেবা প্রতিষ্ঠানগুলোতে একই প্রতিষ্ঠানের গ্রাহকদের মধ্যে অর্থ স্থানান্তরের ক্ষেত্রে অভিন্নভাবে ফি বা চার্জ আরোপ করা হয় না। সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের সেবার ধরন, লেনদেনের পরিমাণ, ব্যবহৃত মাধ্যম এবং প্রযোজ্য শর্ত অনুযায়ী চার্জ নির্ধারিত হয়ে থাকে।

তিনি জানান, প্রতিষ্ঠানভেদে সেন্ড মানি চার্জের কাঠামো ভিন্ন। আবার সব প্রতিষ্ঠানে এ সেবার জন্য চার্জ নেওয়া হয় না।

অর্থমন্ত্রী আরও বলেন, বাংলাদেশ মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসেস (এমএফএস) রেগুলেশনস, ২০২২-এর ৯.০ অনুচ্ছেদ অনুযায়ী, সেবার চার্জ প্রতিযোগিতামূলকভাবে নির্ধারণ এবং গ্রাহকদের তা অবহিত করার নির্দেশনা রয়েছে।