সংকটে পড়া ২ ব্যাংককে ২৪ হাজার কোটি টাকার তারল্য সহায়তা

সংকটে পড়া ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসিকে ১৭ হাজার কোটি টাকা ডিমান্ড লোন এবং ন্যাশনাল ব্যাংক পিএলসিকে ৭ হাজার কোটি টাকার ব্যাংক গ্যারান্টি দেওয়া হয়েছে। এই গ্যারান্টির বিপরীতে সোনালী ব্যাংক ইতোমধ্যে ন্যাশনাল ব্যাংককে সাত হাজার কোটি টাকা দিয়েছে।

সংসদ সদস্য শওকত আরা আক্তারের এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী সংসদে এ তথ্য জানান।

অর্থমন্ত্রী জানান, দেশের আর্থিক খাতের স্থিতিশীলতা রক্ষা এবং সম্ভাব্য ব্যাংক রান ঠেকাতে বাংলাদেশ ব্যাংক অর্ডার, ১৯৭২-এর ১৭(১)(বি) ধারা অনুযায়ী সরকার সংকটে পড়া ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানকে বিশেষ তারল্য সহায়তা দিতে পারে।

তিনি বলেন, তারল্য সহায়তা দেওয়ার সময় ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের কাছ থেকে ডিমান্ড প্রমিসরি নোট নেওয়া হয়। এর ভিত্তিতে দেওয়া তারল্য সহায়তা সংশ্লিষ্ট ব্যাংকের পরিশোধের বাধ্যবাধকতা রয়েছে।