মিরপুরের সুদের কারবারি শামসুজ্জামান সেন্টুকে জিজ্ঞাসাবাদের জন্য একদিনের রিমান্ডে নেওয়া হয়েছে। মঙ্গলবার (১৮ ডিসেম্বর) রাতে সেন্টুকে গ্রেফতার করে শাহ আলী থানা পুলিশ। বুধবার (১৯ ডিসেম্বর ) তাকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড চায় পুলিশ। ঢাকা মহানগর হাকিম রাজেশ চৌধুরী শুনানি শেষে একদিনের রিমান্ড মঞ্জুর করেন।
শাহ আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সালাউদ্দিন মিয়া জানান, সেন্টুর বিরুদ্ধে বিভিন্ন থানায় রাষ্ট্রদ্রোহ, নাশকতা ও বিস্ফোরক আইনে মামলা রয়েছে। এছাড়া সুদের ব্যবসা, জাল-জালিয়াতি, প্রতারণার অভিযোগও আছে তার বিরুদ্ধে।
দারুস সালাম থানার স্থায়ী বাসিন্দা শামসুজ্জামান সেন্টুর উত্থান আশির দশকের মাঝামাঝি সময়ে। স্থানীয় বাসিন্দা হওয়ার সূত্র ধরে ১৯৮৫ থেকে ২০০৭ সাল পর্যন্ত গাবতলি বাস টার্মিনালের নিয়ন্ত্রণ করতেন তিনি। বাস মালিক মালিক সমিতির নেতাও ছিলেন সেন্টু।
চাঁদাবাজি, অস্ত্রবাজি আর সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত সেন্টু দীর্ঘদিন ধরাছোঁয়ার বাইরেই ছিলেন। আশির দশকে শুরু করা তার সুদের ব্যবসার ফাঁদে নিঃস্ব হয়েছে অসংখ্য মানুষ। প্রতারণার শিকার ব্যক্তিদের অভিযোগ প্রধানমন্ত্রীর দফতর, দুর্নীতি দমন কমিশন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, পুলিশ সদর দফতরসহ বিভিন্ন সরকারি দফতরে নথিভুক্ত হয়েছে।
উল্লেখ্য, সেন্টুর এই অপতৎপরতার কাহিনী বাংলা ট্রিবিউনে ধারাবাহিকভাবে প্রকাশিত হচ্ছে।
এ বিষয়ে আরও পড়ুন: