প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলামের অবিলম্বে নিঃশর্ত মুক্তিসহ চার দফা দাবি জানিয়েছে বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক। বিবৃতিতে নেটওয়ার্কের ১০০ জন সদস্য সই করেছেন।
বুধবার (১৯ মে) গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক এই দাবির কথা জানায়। চার দফা দাবির মধ্যে রোজিনা ইসলামের নিঃশর্ত মুক্তি ছাড়াও রয়েছে— রোজিনাকে যারা অন্যায়ভাবে আটকে রেখে নির্যাতন ও পেশাগত কাজে বাধা দিয়েছেন তাদের বিচার করা, অনুসন্ধানী সাংবাদিকতা ও সার্বিকভাবে সবার মত প্রকাশের স্বাধীনতার জন্য বাধা স্বরূপ ‘দাফতরিক গোপনীয়তা আইন ১৯২৩’ ও ‘ডিজিটাল নিরাপত্তা আইন ২০১৮’ বাতিল করা এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ের দুর্নীতির শ্বেতপত্র প্রকাশ করা।
নেটওয়ার্কের বিবৃতিতে বলা হয়, রোজিনাকে অপরাধী সাজানোর পুরো আয়োজন ভয়াবহ ও প্রতিহিংসার দলিল। তাকে জোরপূর্বক আটকে রাখার ব্যাপারটি ফৌজদারি অপরাধ। তার গ্রেফতার হওয়ার সচিত্র প্রতিবেদন থেকে সারা দেশের মানুষ যা বোঝার, তা বুঝেছে। স্বাস্থ্য খাতের দুর্নীতির বিরুদ্ধে কাজ করতে থাকা একজন ‘সৈনিকের’ বিরুদ্ধে দুর্নীতিবাজদের আস্ফালন হিসেবেই জনগণ একে পাঠ করেছে।
বিবৃতিতে বলা হয়, কর্তব্যরত অবস্থায় অনুসন্ধানী সাংবাদিক রোজিনাকে সোমবার (১৭ মে) স্বাস্থ্য মন্ত্রণালয়ে প্রায় পাঁচ ঘণ্টা আটকে রাখা হয়। তিনি সেখানে অসুস্থ হয়ে পড়লেও চিকিৎসার ব্যবস্থা না করে তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। পুলিশ পরদিন মঙ্গলবার (১৮ মে) সকালে তাকে আদালতে নেয়। আদালত তাকে কারাগারে পাঠান। এই পুরো ঘটনায় বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক ক্ষুব্ধ। নেটওয়ার্ক মনে করে, রোজিনা কোনও অপরাধ করেননি। অপরাধ কারা করেছে, রোজিনা তা চিহ্নিত করেছেন তার প্রতিবেদনে। উপরন্তু, সোমবারের ঘটনায় অপরাধ করেছেন মন্ত্রণালয়ের কর্মকর্তা ও কর্মচারীরা। তারা অপরাধ করেছেন রোজিনাকে অবৈধভাবে আটকে রেখে। শারীরিকভাবে নির্যাতন করে। অসুস্থতার দিকে ঠেলে দিয়ে। চিকিৎসা থেকে বঞ্চিত করে। সর্বোপরি তার পেশাগত কাজে বাধা দিয়ে।
নেটওয়ার্ক বলেছে, তারা জানে ও বোঝে, রোজিনার মূল ‘অপরাধ’ ভিন্ন। তিনি চলমান অতিমারির মধ্যে ধারাবাহিকভাবে স্বাস্থ্য মন্ত্রণালয়ের দুর্নীতি নিয়ে বেশ কয়েকটি অনুসন্ধানী প্রতিবেদন করেছেন। তাই তাকে ‘বাগে’ পেয়ে ‘শাস্তি’ দিচ্ছে উন্মোচিত মুখের ঐক্যবদ্ধ দল। এ ক্ষেত্রে রাজনৈতিক নির্বাহী ও আমলাতন্ত্রের মধ্যে ঐক্য লক্ষ্য করা যাচ্ছে। কারণ, স্বাস্থ্য বিপর্যয়ের মধ্যে স্বাস্থ্য সংক্রান্ত দুর্নীতিতেও উভয় পক্ষের যোগসাজশ রয়েছে। রোজিনার প্রতিবেদনে তা-ই উঠে এসেছে।
আরও পড়ুন:
‘রোজিনা ইসলাম ঠিক কাজটিই করেছেন’
সাংবাদিক রোজিনা ইসলামকে চিকিৎসা দেওয়ার নির্দেশ
রোজিনার প্রিজন ভ্যানের ছবি কী কথা বলে?
স্বেচ্ছায় কারাবরণ করতে আবেদন নিয়ে থানায় অনুসন্ধানী সাংবাদিকরা
রোজিনা ইসলামকে হেনস্তার ঘটনায় সম্পাদক পরিষদের নিন্দা
রোজিনা ইসলামের গ্রেফতারের ঘটনায় পেন বাংলাদেশের নিন্দা
সাংবাদিক রোজিনার বিরুদ্ধে মামলার প্রতিবেদন ১৫ জুলাই
রোজিনা ইসলামকে হেনস্তা করায় জাতীয় প্রেস ক্লাবের নিন্দা
রোজিনা ইসলামের নিঃশর্ত মুক্তি চায় প্রথম আলো
‘আমার সঙ্গে অন্যায় হয়েছে’ (ভিডিও)
সাংবাদিক রোজিনার রিমান্ড নামঞ্জুর, কারাগারে পাঠানোর নির্দেশ
নথি চুরির অভিযোগ: সাংবাদিক রোজিনাকে স্বাস্থ্য মন্ত্রণালয়ে হেনস্তার পর থানায় হস্তান্তর
রোজিনা ইসলামকে আটকের ঘটনায় জাতীয় পার্টির নিন্দা