সিজিপিএ শর্ত শিথিল করে সর্বোচ্চ তিন কোর্স পর্যন্ত মানোন্নয়ন দিয়ে পরবর্তী বর্ষে চূড়ান্ত পরীক্ষা বসার সুযোগ দেওয়ার দাবিতে দুপুর থেকে নীলক্ষেত মোড় অবরোধ করে আসছেন ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) অধিভুক্ত সাত কলেজের শিক্ষার্থীরা। তাদের দাবি মেনে নোটিশ দেওয়া পর্যন্ত তারা অবরোধ কর্মসূচি চালিয়ে যাবেন বলে জানিয়েছেন তারা।
তবে কর্তৃপক্ষ বলছে, বিষয়টি নিয়মবহির্ভূত এবং এটা পরিবর্তনের চিন্তাও নেই বলেও জানায়।
মঙ্গলবার (২২ আগস্ট) বেলা পৌনে ১টায় নীলক্ষেত মোড় অবরোধ করেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আন্দোলনরত শিক্ষার্থীদের জনদুর্ভোগ না বাড়িয়ে আলোচনার মাধ্যমে বিষয়টি সমাধান করতে বলে। কিন্তু শিক্ষার্থীরা তাতে রাজি হয়নি। পরে বিকাল সোয়া ৫টায় সাত কলেজের সমন্বয়ক ইডেন কলেজের অধ্যক্ষ সুপ্রিয়া ভট্টাচার্য প্রতিনিধি দল নিয়ে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলতে আসেন।
ঢাকা কলেজের বিভাগীয় প্রধান অধ্যাপক খাইরুল হোসেন খানের নেতৃত্বে একটি প্রতিনিধি দল শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে। তিনি শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা শেষে সাংবাদিকদের জানান, শিক্ষার্থীদের প্রথম দাবি এখন মানা সম্ভব নয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের নীতিমালায় দুইয়ের অধিক বিষয়ে অকৃতকার্য হলে তাকে প্রমোশন দেওয়ার নিয়ম নেই। আর সাত কলেজ যেহেতু বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত, তাই এই নিয়মের বাইরে যাওয়া সম্ভব নয়। আর নিয়ম পরিবর্তনে বিশ্ববিদ্যালয়েরও কোনও চিন্তা নেই আপাতত।
তবে শিক্ষক প্রতিনিধি দল বেশ কিছুক্ষণ আলোচনা করার পরও শিক্ষার্থীরা দাবি থেকে সরতে রাজি হননি।
আন্দোলনে অংশ নেওয়া ঢাকা কলেজের ইংরেজি বিভাগের শিক্ষার্থী শাহরিয়ার বলেন, আমাদের দাবি মেনে নোটিশ দেওয়া না পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাবো। এত দিন ধরে আমরা আন্দোলন করে আসছি, আমাদের বারবার আশ্বাস দেওয়া হয়েছে। কিন্তু আমাদের কখনও এই নিয়মের বিষয়ে জানানো হয়নি। এখন হঠাৎ এসে কঠিন হয়ে গেলে আমরা মানবো না। আর ফলাফল তিন মাসের জায়গায় নয় মাসে দিলে কার দোষ? আমরা কেন দায়ভার নেবো?