প্রাণনাশের হুমকিতে ঢাবি শিক্ষকের জিডি, হেনস্তার জবাব দিলেন ফেসবুকে

কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সংঘর্ষ ও সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা ধরনের গুজবের প্রসঙ্গ নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক সোনম সাহা ফেসবুকে বিভিন্ন তথ্য প্রচার করে হুমকির মুখে পড়েছেন বলে অভিযোগ করেছেন।

২৫ জুলাই (বৃহস্পতিবার) ক্যাম্পাস এলাকায় প্রকাশ্যে প্রাণনাশের হুমকির ঘটনায় শাহবাগ থানায় একটি সাধারণ ডায়রি করেছেন সোনম সাহা। জিডির বিষয়টি নিশ্চিত করেছেন শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা  মোস্তাজিরুর রহমান।

সাধারণ ডায়েরি করার পরেও তাকে নানাভাবে হেনস্তা করা হচ্ছে অভিযোগ করে, তিনি কেন সাধারণ ডায়েরি করেছেন— সেই ব্যাখ্যা দিয়েছেন তার স্যোশাল হ্যান্ডেলে। সোনম সাহা বলেন, ‘গত ১৭ জুলাই ২০২৪ মধ্য রাতে (অর্থাৎ গ্রেগরি ক্যালেন্ডারে ১৮ তারিখ শুরু হয়েছিল) ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসকে নিজ চোখে সরেজমিনে কেমন দেখে এসেছি, তা জানিয়ে একটি পোস্ট দিই। দুই সপ্তাহ অতিক্রান্ত হয়েছে, তবু এই পোস্টের প্রতিক্রিয়া এখনও চলছে। তার আগে বলে রাখা প্রয়োজন, আমি বরাবরই সরকারি চাকরিতে কোটা সংস্কারের পক্ষে এবং কোটা সংস্কারের দাবিকে ছাড়িয়ে ছাত্রদের ক্যাম্পাসকেন্দ্রিক বৈষম্যসমূহের প্রতিকারও আমি চাই এবং সেটা স্পষ্টভাবেই সব সময় বলি।’

‘১৭ জুলাই বিশ্ববিদ্যালয়ের হল ভ্যাকেন্ট ঘোষণা হলে তীব্র উত্তেজনার পরিস্থিতি হয় এবং অনেক সংঘাত ও গোলোযোগের মধ্য দিয়ে শিক্ষার্থীরা সন্ধ্যায় হল ত্যাগ করে। পরবর্তীকালে রাত ১০টা থেকে ফেসবুকে বিভিন্ন পেজ (যাদের ভিত্তি যাচাই করা কঠিন নয়) থেকে গুজব ছড়িয়ে পড়ে যে, ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে গণহত্যা ও গণধর্ষণ ঘটছে। খবরটি দেখে আমি বিচলিত হই এবং অত রাতেই সাহস সঞ্চয় করে ক্যাম্পাসে যাই। ক্যাম্পাসে গিয়ে আমি দেখতে পাই— গণহত্যা ও গণধর্ষণের গুজবটি মিথ্যা। সারা দিন সংঘাত চললেও মধ্যরাতের ক্যাম্পাস সেই মুহূর্তে শান্ত ও নির্বিঘ্ন ছিল। কোনও সংঘাত ছিল না।’

আমি ফিরে এসে নিজ চোখে যা দেখেছি, তা লেখার সময় অনেক সতর্কভাবে তা বর্ণনার চেষ্টা করি। গত বুধবার (২৫ জুলাই) অজ্ঞাত পরিচয় দুই ব্যক্তির কাছ থেকে প্রকাশ্য দিবালোকে প্রাণনাশের হুমকি পাই। আমি তথাকথিত নিরপেক্ষ লেখালেখি করে সরকারের সুবিধা করে দেওয়া বন্ধ না করলে, আমাকে মেরে ফেলা হবে বলে জানানো হয়। আমি প্রাণনাশের হুমকি পাওয়ার বিষয়ে শাহবাগ থানায় জিডি করেছি এবং আমার বয়ানে সামগ্রিক বিষয়টি সংক্ষেপে বলেছি।’

সোনম সাহা তার পোস্টে আরও বলেন, ‘এই বিষয়টি আমি ফেসবুকে তুলে আনতে চাইনি। কিন্তু গতকাল পত্রিকার সংবাদের প্রেক্ষিতে অনেকেই আমাকে এ বিষয়ে জিজ্ঞাসা করেছেন, অনেকেই অগ্রহণযোগ্য আচরণ করেছেন, তাই সবার জ্ঞাতার্থে আমি আমার ব্যাখ্যাটি বললাম।’

তিনি ফেসবুক পোস্টে বিশ্ববিদ্যালয়ের দুই জন শিক্ষক ও একজন অ্যাক্টিভিস্টের নাম উল্লেখ করে তার প্রতি বিদ্রুপপূর্ণ মন্তব্য করার অভিযোগও করেছেন। 

এ বিষয়ে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাজিরুর রহমান বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় মোটরসাইকেলযোগে দুই জন অজ্ঞাত ব্যক্তি শিক্ষক সোনম সাহাকে প্রাণনাশের হুমকি দিয়েছে— এই মর্মে তিনি একটি সাধারণ ডায়রি করেছেন। আমরা বিষয়টি তদন্ত করে দেখছি।’