বর্তমান সরকারকে অবিলম্বে পদত্যাগের দাবি জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সাদা দল। সরকারের পদত্যাগের পর নিরপেক্ষ সরকার গঠনের দাবি জানিয়ে সেই সরকারের কাছে ছাত্র হত্যার বিচার চায় তারা। শনিবার (৩ আগস্ট) ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে আয়োজিত এক সমাবেশে এই দাবি জানান তারা।
এর আগে বিশ্ববিদ্যালয়ের ভিসি চত্বর থেকে মিছিল বের করেন শিক্ষকরা। মিছিলটি টিএসসি হয়ে শহীদ মিনার এলাকা ও দোয়েল চত্বর হয়ে রাজু ভাস্কর্যে এসে শেষ হয়।
সমাবেশে সাদা দলের আহ্বায়ক অধ্যাপক লুৎফর রহমান বলেন, ‘আজ আন্দোলন যে পর্যায়ে দাঁড়িয়েছে, এই মুহূর্তে ছাত্র-জনতার হত্যার বিচার এই সরকারের কাছে চাই না। যারা হত্যা করেছে, তাদের কাছে হত্যার বিচার চাওয়ার কোনও যৌক্তিকতা নেই। এ ছাড়া এই সরকারের কাছে কোনও আন্তর্জাতিক কমিটি গঠনের দাবিও আমরা জানাই না। কারণ তারা যে কমিটি করবে, সেটাতেও তাদের বেহায়া বাহিনী রাখবে। যাতে এই তদন্ত যথাযথ না হয়। এই আন্দোলনে যে হত্যাকাণ্ড ঘটেছে, যে নির্যাতন হয়েছে, যে গণহত্যা করেছে, তাতে সরকারের কাছে বিচার চাওয়ার কোনও যৌক্তিকতা নেই। এই সরকারকে পদত্যাগ করতে হবে এটাই আমাদের একমাত্র দাবি।’
শিক্ষকরা বলেন, ‘আর কোনও রক্তের হোলি খেলা নয়। আমাদের এক দফা এক দাবি, এই সরকারের পদত্যাগ। এই বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসও ছাত্র-শিক্ষকদের জন্য নিরাপদ নয়। যারা ছাত্র-শিক্ষকদের নিরাপত্তা দিতে পারবে না, তাদের প্রশাসনে থাকারও যৌক্তিকতা নেই। আমরা হুঁশিয়ার করছি, এই ক্যাম্পাসের আর কোনও ছাত্র-শিক্ষককে হয়রানি করার সাহস যেন কেউ না দেখায়।’
তারা বলেন, ‘সরকার লাশের ওপর দিয়েও থাকতে চাচ্ছে কিন্তু সুযোগ নেই। এটা বিএনপি-জামায়াতের আন্দোলন মোটেই না। কারা এই গুলি চালিয়েছে, তা জনগণ জানে। আমরা চাই এই সরকারের পদত্যাগ।’
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক মামুন আহমেদ বলেন, ‘শিক্ষার্থীদের এই আন্দোলনে ইতিহাসের ভয়াবহ হত্যাকাণ্ড চালানো হয়েছে। সরকার তাদের রক্ত নিয়ে এখনও হাসছে। শিক্ষার্থীদের আর গুলি চালাবেন না। গণহত্যার দায় নিয়ে পদত্যাগ করুন। নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন দিন। সুষ্ঠু তদন্তের জন্য আন্তর্জাতিক অংশীদারত্ব দরকার। জাতিসংঘের তদারকিতে সুষ্ঠু তদন্ত হতে পারে। এ সরকারের কাছে আমরা বিচার প্রত্যাশা করি না। খুনিরা কখনও খুনের বিচার করতে পারে না।’