পোষা পাখির দোকান পরিচালনাকারীদের লাইসেন্স নিতে হবে

লাইসেন্স নেওয়া ছাড়া খামার ও পোষা পাখির দোকান স্থাপন এবং পরিচালনাকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া শুরু করছে বন বিভাগ। এ জন্য পোষা পাখির দোকান মালিকদেরকে জরুরিভিত্তিতে লাইসেন্স নেওয়ার জন্য বিভাগীয় বন কর্মকর্তার কার্যালয়, বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ, ঢাকা গত মঙ্গলবার (২০ আগস্ট) এক বিজ্ঞপ্তি জারি করেছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পোষা পাখি ব্যবস্থাপনা বিধিমালা, ২০২০-এর বিধি-৪ মোতাবেক লাইসেন্স নেওয়া ছাড়া কোনও খামারি পোষা-পাখির উৎপাদন, লালন-পালন, খামার স্থাপন, ক্রয়-বিক্রয় বা আমদানি-রফতানি করতে পারবেন না বা কোনও পেটশপ পরিচালনাকারী পোষা পাখি ক্রয়-বিক্রয় করতে পারবেন না।

লাইসেন্স নেওয়া ছাড়া খামার ও পেটশপ স্থাপন ও পরিচালনা করা বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন, ২০১২-এর ধারা অনুযায়ী দণ্ডনীয় অপরাধ। কোনও ব্যক্তি ওই বিধান লঙ্ঘন করলে তিনি ১ (এক) বৎসর পর্যন্ত কারাদণ্ড অথবা সর্বোচ্চ ৫০ (পঞ্চাশ) হাজার টাকা পর্যন্ত অর্থ দণ্ড বা উভয় দণ্ডে দণ্ডিত হবেন।

প্রসঙ্গত,  গত ১৪ আগস্ট বন অধিদফতরে কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় পরিবেশ ও বন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীর কাটাবনের পাখি মার্কেটে বিদ্যমান অনিয়মের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য বন বিভাগকে নির্দেশ দেন।