সুইজারল্যান্ডের জেনেভায় আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) গভর্নিং বডি এবং সংস্থাটির কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে দেশে ফেরার সময়ে আইন উপদেষ্টা আসিফ নজরুলকে হেনস্তার প্রতিবাদ জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) আইন বিভাগের সাবেক-বর্তমান শিক্ষার্থীরা।
শনিবার (৯ নভেম্বর) বিকালে ঢাবির কাজী মোতাহার হোসেন ভবনের সামনে প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয়। এছাড়া এঘটনায় জড়িতদের শাস্তির দাবি তুলেছেন বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীদের সংগঠন ‘আইন সমিতি’।
প্রতিবাদ সমাবেশে বক্তার বলেন, ছাত্র-জনতার প্রতিরোধের মুখে ফ্যাসিস্ট শক্তি পালিয়ে গিয়েছে। তারা সামান্য সুযোগ পেলেই আবার মাথাচাড়া দিয়ে উঠবে। সুইজারল্যান্ডে ফ্যাসিস্টরা ছোটোখাটো নমুনা দেখিয়েছে। আমরা এর তীব্র নিন্দা জানাই। সরকারের প্রতি আহ্বান যারা গণঅভ্যুত্থানের স্পিরিটকে ধারণ করে প্রতিনিধিত্ব করছে, তাদেরকে যেন নিরাপত্তা দেওয়া হয়। আর সুইজারল্যান্ডে বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তাদের বিরুদ্ধে তদন্ত করা উচিত। কেন তারা আসিফ স্যারকে প্রটোকল ও নিরাপত্তা দেয়নি।
আন্তর্জাতিক আদালতের সাবেক বিচারক ও ঢাবি আইন বিভাগের সাবেক শিক্ষার্থী শাহজাহান সাজু বলেন, ড. আসিফ নজরুলকে সুইজারল্যান্ডে যেভাবে হেনস্তা করা হয়েছে এটি অত্যন্ত ন্যক্কারজনক ও ঘৃণ্য কাজ। বাংলাদেশে অবস্থিত সুইজারল্যান্ডের দূতাবাসের উদ্দেশে তিনি বলেন, যদি সুইজারল্যান্ডের কোনও নাগরিকের সঙ্গে বাংলাদেশে এমন হতো আপনাদের প্রতিক্রিয়া কেমন হতো? এই ঘটনার জন্য সুইজারল্যান্ডে বাংলাদেশের দূতাবাসকে দায়ী করে তিনি ঘটনার সঙ্গে জড়িতদের শাস্তির আওতায় আনার দাবি জানান।
আইনজীবী অধিকার পরিষদের সদস্য সচিব এরশাদ সিদ্দিকী বলেন, আইএলও কনভেনশনে আইন উপদেষ্টা আসিফ নজরুল অংশগ্রহণ শেষে দেশে ফেরার পথে আওয়ামী ফ্যাসিস্টদের দোসররা তার সঙ্গে অসদাচরণ করে। আমরা জানি ইউরোপে থাকলে মানুষ হয়। কিন্তু এই আওয়ামী লীগ আর মানুষ হবে না। কয়লা ধুইলে ময়লা যায় না। আসিফ নজরুল এক দিনে তৈরি হয়নি। যখন কেউ হাসিনার বিরুদ্ধে কথা বলতে পারতো না এই আসিফ নজরুলসহ কলমযোদ্ধারা তার বিরুদ্ধে লিখেছে। তারা আসিফ নজরুলকে হেনস্তা করেছে। আমি সরকারকে বলবো— এই বিষয়টিকে হালকাভাবে নেবেন না।
এদিকে বাংলাদেশ আইন সমিতির দফতর বিষয়ক উপ-কমিটির সদস্য বিল্লাল হোসাইনের সই করা বিজ্ঞপ্তিতে দোষীদের শনাক্তপূর্বক বিচারের দাবি জানিয়েছেন বাংলাদেশ আইন সমিতির অন্তর্বর্তীকালীন কমিটির আহ্বায়ক কাজী মাহফুজুল হক সুপণ এবং সদস্য সচিব মোহাম্মদ মাহবুবুর রহমান খান।