ছাত্র-জনতার আন্দোলনের কারণেই জনগণ মুক্তবাতাসে নিশ্বাস নিচ্ছেন: আইজিপি

বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে আহতদের দেখতে গিয়ে আইজিপি বাহারুল আলম বলেছেন, আন্দোলনে অংশগ্রহণকারী সবাই বীরোচিত ভূমিকা রেখেছেন। এই বীরোচিত অবদানকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে তিনি বলেন, তাদের অবদানের জন্যই জনগণ আজ মুক্তবাতাসে নিশ্বাস নিচ্ছেন।

রবিবার (১ ডিসেম্বর) বিকালে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আহতদের দেখতে পঙ্গু হাসপাতালে যান আইজিপি বাহারুল আলম। হাসপাতালে গিয়ে আহতদের সঙ্গে কথা বলেন এবং তাদের খোঁজ-খবর নেন তিনি।

আইজিপি বাহারুল আলম জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (নিটোর) বা পঙ্গু হাসপাতালের চিকিৎসকদের সঙ্গেও আহতদের চিকিৎসা সম্পর্কে কথা বলেন।

আইজিপিকে কাছে পেয়ে আহতদের অনেকেই তাদের অনুভূতি প্রকাশ করেন। আইজিপি মনোযোগ সহকারে তাদের কথা শোনেন। তিনি এসব দুঃখজনক ঘটনায় দায়ের করা মামলা দ্রুত তদন্তের প্রতিশ্রুতি দেন। এ সময় আইজিপি বলেন, বাংলাদেশ পুলিশ ছাত্র-জনতার প্রত্যাশা অনুযায়ী জন-আকাঙ্ক্ষা পূরণে অঙ্গীকারবদ্ধ।

পরিদর্শনকালে নিটোর পরিচালক অধ্যাপক ডা. মো. আবুল কেনানসহ সংশ্লিষ্ট চিকিৎসক এবং ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।