নটরডেম কলেজে ১৫তম জাতীয় প্রকৃতি সম্মেলন উদ্বোধন

রাজধানীর নটরডেম কলেজে ১৫তম জাতীয় প্রকৃতি সম্মেলন শুরু হয়েছে। ‘প্লাস্টিকমুক্ত বিশ্বের দিকে প্রয়াস’ প্রতিপাদ্য নিয়ে দুই দিনব্যাপী এই সম্মেলনের আয়োজন করেছে নটরডেম নেচার স্টাডি ক্লাব (এনডিএনএসসি)।

শুক্রবার (১৭ জানুয়ারি) সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। সম্মেলনে অর্ধশতাধিক প্রতিষ্ঠানের ১২০০ শিক্ষার্থী অংশ নিচ্ছেন। উদ্বোধনী দিনে চিত্রাঙ্কন, গ্রিন ইভেন্ট, গ্রিন ডিবেট ও পরিবেশবান্ধব প্রযুক্তির প্রদর্শনীতে উৎসবমুখর ছিল নটরডেম কলেজ ক্যাম্পাস।

সম্মেলনে অংশ নিয়ে পরিবেশ উপদেষ্টা বলেন, ‘পরিবেশ ও প্রকৃতি রক্ষায় তরুণ প্রজন্মকে এগিয়ে আসতে হবে। উন্নয়নের ধরন বদলাতে হবে। ভুল কাজের কারণে খাবার ও পানীয় নিরাপদ নেই। প্রকৃতিকে উন্নয়নের কেন্দ্রবিন্দুতে আনতে হবে। বায়ু, মাটি ও পানি রক্ষা করা জরুরি।’ তিনি তরুণদের জলবায়ু পরিবর্তন মোকাবিলা ও পরিবেশ সুরক্ষায় সক্রিয় ভূমিকা নেওয়ারও আহ্বান জানান।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপদেষ্টা সৈয়দা রিজওয়ান হাসান (ছবি: সাজ্জাদ হোসেন)

পরিবেশ সংরক্ষণ মানবাধিকারের অংশ উল্লেখ করে রিজওয়ানা হাসান বলেন, ‘এটি মানুষের পাশাপাশি প্রাণিদেরও অধিকার। আমাদের প্রকৃতি-কেন্দ্রিক হতে হবে। যা সৃষ্টি করা যায় না, তা ধ্বংস করাও উচিত নয়।’ তিনি অপ্রয়োজনীয় হর্ন বাজানো বন্ধ করা, প্লাস্টিক বোতল ব্যবহার না করা এবং জীবনযাত্রায় পরিবর্তন আনারও পরামর্শ দেন।

মডারেটর মিজানুর রহমান ভূঁইয়াকে ‘লাইফটাইম এচিভমেন্ট অ্যাওয়ার্ড’

সম্মেলনের পাশাপাশি এদিন আয়োজক সংগঠন নটরডেম নেচার স্টাডি ক্লাবের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকীও উদযাপন করা হয়। এ উপলক্ষে ক্লাবের প্রতিষ্ঠাতা মডারেটর মিজানুর রহমান ভূঁইয়াকে ‘লাইফটাইম এচিভমেন্ট অ্যাওয়ার্ড’ দেওয়া হয়েছে। দেশের অন্যতম সেরা এই কলেজের জীববিজ্ঞান বিভাগের শিক্ষক হিসেবে দায়িত্ব পালনকালে তিনি ১৯৮৪ সালের ২৯ আগস্ট নটরডেম নেচার স্টাডি ক্লাব প্রতিষ্ঠা করেন।

মিজানুর রহমান ভূঁইয়ার হাতে অ্যাওয়ার্ডের ক্রেস্ট তুলে দেন নটরডেম কলেজের অধ্যক্ষ ড. ফাদার হেমন্ত পিউস রোজারিও

এসময় মিজানুর রহমান ভূঁইয়া বলেন, ক্লাবটি প্রতিষ্ঠার সময় আমরা জানতাম না যে, এটি এতদূর যাবে। আমি ক্লাবের অগ্রগতি দেখে খুবই আনন্দিত। সেইসঙ্গে পুরস্কার পেয়েও আনন্দিত বোধ করছি। 

তিনি বলেন, শিক্ষার্থীদের পরিবেশের গুরুত্ব উপলব্ধি করানোর উদ্দেশ্যেই ক্লাবটি প্রতিষ্ঠা করা হয়েছিল। আমি বিশ্বাস করি, এই ক্লাব আগামী দিনেও সেই চেতনা অব্যাহত রাখবে।

নটরডেম কলেজের অধ্যক্ষ ড. ফাদার হেমন্ত পিউস রোজারিওর সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের চেয়ারম্যান মুকিত মজুমদার বাবু ও নটরডেম নেচার স্টাডি ক্লাবের মডারেটর বিপ্লব কুমার দেব প্রমুখ।