আজও সকাল ১০টা থেকে শাহবাগে থাকবেন প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা

বুয়েট শিক্ষার্থী রোকনুজ্জামানকে হত্যার হুমকির বিচার এবং তিন দাবিতে আজ বুধবারও (২৭ আগস্ট) সকাল ১০টা থেকে শাহবাগে জমায়েত শুরু করবেন প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সারা দেশের সব প্রকৌশল এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের এই আন্দোলনে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন তারা। 

মঙ্গলবার (২৬ আগস্ট) রাতে শাহবাগ থেকে ব্লকেড কর্মসূচি শেষ করে চলে যাওয়ার সময় প্রকৌশলী অধিকার আন্দোলনের সাধারণ সম্পাদক সাকিবুল হক লিপু এই তথ্য জানান। 

এর আগে মঙ্গলবার দুপুরের পর প্রায় ৫ ঘণ্টা শাহবাগ অবরোধ করে রাখেন প্রকৌশল বিশ্ববিদ্যালয়েরে শিক্ষার্থীরা। এরপর রাতে ‘লং মার্চ টু ঢাকা’ কর্মসূচি দিয়ে শাহবাগ ছাড়েন তারা। 

তাদের দাবিগুলো হলো

১. ইঞ্জিনিয়ারিং ৯ম গ্রেড বা সহকারী প্রকৌশলী বা সমমান পদে প্রবেশের জন্য সবাইকে নিয়োগ পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হতে হবে এবং ন্যূনতম বিএসসি ডিগ্রিধারী হতে হবে। কোটার মাধ্যমে কোনও পদোন্নতি নয়, এমনকি অন্য নামে সমমান পদ তৈরি করেও পদোন্নতি দেওয়া যাবে না।

২. টেকনিক্যাল ১০ম গ্রেড বা উপ-সহকারী প্রকৌশলী বা সমমান পদের নিয়োগ পরীক্ষা ডিপ্লোমা ও বিএসসি ডিগ্রিধারী উভয়ের জন্য উন্মুক্ত করতে হবে।

৩. ইঞ্জিনিয়ারিংয়ে বিএসসি ডিগ্রি ব্যতীত প্রকৌশলী পদবি ব্যবহারকারীদের বিষয়ে যথাযথ আইনি পদক্ষেপ নিতে হবে। নন-অ্যাক্রিডেট বিএসসি ইঞ্জিনিয়ারিং কোর্সগুলোকে যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে আইইবি-বিএইটিই অ্যাক্রিডেশনের আওতায় আনতে হবে।

এর আগে, ৯ম গ্রেডে ডিপ্লোমাধারীদের নিয়োগ ও প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বঞ্চিত করার অভিযোগ তুলে ৩ দাবিতে ক্লাস পরীক্ষা বর্জনের ঘোষণা দেয় প্রকৌশলী অধিকার আন্দোলন নামক শিক্ষার্থীদের একটি প্ল্যাটফর্ম। তাতে যোগ দেন বুয়েটসহ অন্যান্য প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরাও।