শ্রম সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়ন ও নীতিমালা সংশোধনসহ পাঁচ দাবিতে সমাবেশ করছে ‘বাংলাদেশ আউটসোর্সিং কর্মচারী ঐক্য পরিষদ’।
শনিবার (৩০ আগস্ট) সকাল ১০টা থেকে রাজধানীর শাহবাগে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা আউটসোর্সিং কর্মীরা সমাবেশে যোগ দেন।
আন্দোলনকারীরা বলছেন, আউটসোর্সিং দৈনিক মজুরিভিত্তিক এবং প্রকল্পভিত্তিক কর্মীদের ঠিকাদার প্রথা বাতিল করে চাকরির নিশ্চয়তা ও সরাসরি প্রতিষ্ঠানের মাধ্যমে নিয়োগ দিতে হবে। বিনা কারণে চাকরিচ্যুত ও নতুন টেন্ডার বা চুক্তির অজুহাতে অভিজ্ঞ কর্মীদের ছাঁটাই করা যাবে না।
তারা বলেন, সব ধরনের বকেয়া বেতন-ভাতা দ্রুত পরিশোধ করতে হবে এবং প্রতিমাসের পাওনাদি পরবর্তী মাসের ৭ তারিখের মধ্যে পরিশোধের বাধ্যবাধকতা থাকতে হবে—যা প্রতিষ্ঠানের কাছে আদেশ বা নির্দেশনা হিসেবে বিবেচিত হবে।
এছাড়াও অন্যায়ভাবে চাকরিচুত্যদের পুনর্বহাল করতে হবে এবং কর্ম ঘণ্টার পর (ছুটির দিনসহ) কাজ করালে অতিরিক্ত পারিশ্রমিক দিতে হবে। এসব বিষয় নীতিমালায় স্পষ্টভাবে উল্লেখ থাকতে হবে। পাশাপাশি শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠায় শ্রম সংস্কার কমিশনের সুপারিশ দ্রুত বাস্তবায়ন করতে হবে বলে জানান তারা।
রাজশাহী থেকে আসা আবুল হোসেন নামের একজন বলেন, ‘আমরা দাস প্রথার মুক্তি চাই, আমাদের চাকরি জাতীয়করণ করতে হবে এবং আমরা কোনও দালালের মাধ্যমে আর চাকরি করতে চাই না।’