ঢাকায় পৌঁছেছে দুবাইয়ে নিহত আহমেদ আলীর মরদেহ

ইরান-ইসরায়েল যুদ্ধে দুবাইয়ে নিহত প্রবাসী বাংলাদেশি আহমেদ আলীর মরদেহ দেশে পৌঁছেছে।

সোমবার (৯ মার্চ) সকাল ৮টা ২০ মিনিটে এমিরেটস ইকে ৫৮২ নম্বর ফ্লাইটে ঢাকায় পৌঁছায় আহমেদ আলীর মরদেহ।

আহমেদ আলীর মরদেহ গ্রহণ করতে ঢাকা এয়ারপোর্টে উপস্থিত ছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবা‌য়েদ ইসলাম এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. নুরুল হক নুর। এ সময় দুই মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারাও বিমানবন্দ‌রে উপস্থিত ছিলেন।

শামা ওবায়েদ বলেন, আমরা এখানে এসেছি খুবই হৃদয়বিদারক একটা অবস্থায়। বলার কিছুই নেই, আমরা সব সময় বলে এসেছি, বাংলাদেশের কাছে দেশের নাগরিকদের নিরাপত্তা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ।

তিনি বলেন, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সিনিয়র সচিবসহ আমাদের কর্মকর্তারা এবং আলী আহমেদের পরিবারের সদস্যরা আলী আহমদের মরদেহ তার গ্রামের বাড়ি মৌলভীবাজারের বড়লেখায় নিয়ে যাবেন। সরকারের পক্ষ থেকে আমরা যতটুকু আমাদের নাগরিকদের পাশে থাকা যায়, সেটা চেষ্টা করছি।

নুরুল হক বলেন, ইরান-ইসরায়েল যুদ্ধ শুরুর পর থেকে চার জন বাংলাদেশি নিহত হয়েছেন। বাহরাইনে একজন, দুবাইয়ে একজন, সৌদি আরবে দুই জনসহ মোট চার জন নিহত হন এই যুদ্ধে।