প্রকাশিত সংবাদের প্রতিবাদ ও প্রতিবেদকের বক্তব্য

গত ২৪ মার্চ বাংলা ট্রিবিউনে প্রকাশিত ‘চার বছরের সাজাপ্রাপ্ত আসামি ৩২ বছর পলাতক, বিমানবন্দরে চালাচ্ছেন দাপুটে ব্যবসা!’ শীর্ষক সংবাদের প্রতিবাদ জানিয়েছেন খান মোহাম্মদ ইকবাল।

তিনি এ প্রতিবেদনকে মিথ্যা, ভিত্তিহীন, উদ্দেশ্যপ্রণোদিত ও মানহানিকর বলে দাবি করেছেন। এমনকি আদালতের রায়ে দণ্ডপ্রাপ্ত হয়ে পলাতক থাকার বিষয়টিও অসত্য ও বিভ্রান্তিকর বলেও দাবি করেছেন তিনি।

প্রতিবেদকের বক্তব্য

খান মোহাম্মদ ইকবালের বিরুদ্ধে চেক জালিয়াতির ঘটনায় দুটি ধারায় ৪ বছর ৪ মাসের সাজা হয়। আদালতের রায়ের কপি এই প্রতিবেদকের কাছে রক্ষিত আছে। পাশাপাশি তিনি দীর্ঘদিন আদালতে উপস্থিত না হওয়ার কারণে আদালত পত্রিকায় নোটিশ দিয়ে তাকে আদালতে হাজির হওয়ার নির্দেশ দেন। আদালতের ওই নোটিশও প্রতিবেদকের কাছে রয়েছে।  প্রতিবেদনে সংশ্লিষ্ট কিশোরগঞ্জের ভৈরব থানার পরিদর্শকের বক্তব্য আছে। তিনি ‘খান মোহাম্মদ ইকবালের বিরুদ্ধে সাজা পরোয়ানা রয়েছে’, এমন তথ্যও নিশ্চিত করেছেন।

এছাড়া অভিযোগের বিষয়ে খান মোহাম্মদ ইকবালের বক্তব্য নেওয়ার জন্য তার ব্যবহৃত মোবাইল নম্বরে প্রতিবেদক একাধিকবার ফোন দিলেও তিনি তা রিসিভ করেননি।

সংবাদে প্রতিবেদকের নিজস্ব কোনও মতামত দেওয়া হয়নি। তার বিরুদ্ধে মামলা ও আদালতের রায়ের আদেশের তথ্যের ভিত্তিতে সংবাদটি প্রকাশ করা হয়েছে।