নীতিনির্ধারণী সিদ্ধান্ত থেকে শুরু করে আন্তর্জাতিক ভূ-রাজনীতি, ক্রীড়াঙ্গন কিংবা বিনোদন— প্রতিদিনই বদলে যাচ্ছে ঘটনার প্রেক্ষাপট। বুধবার (৩০ সেপ্টেম্বর) বাংলা ট্রিবিউনে প্রকাশিত খবরগুলোর মধ্যে পাঠক মহলে আলোড়ন সৃষ্টি করেছে বেশ কিছু প্রতিবেদন।
পুলিশ পরিদর্শককে কল করে এমপি বললেন ‘এসব ফাইজলামি বাদ দেন’
অবৈধভাবে মাটি ও বালু তোলা বন্ধে ব্যবস্থা নিতে এক নৌপুলিশ পরিদর্শককে মোবাইল ফোনে হুঁশিয়ার করে দিয়েছেন নারায়ণগঞ্জ-৪ (ফতুল্লা) আসনের সংসদ সদস্য আব্দুল্লাহ আল আমিন। বক্তাবলী নৌপুলিশ ফাঁড়ির পরিদর্শক আমিনুল হককে মোবাইল ফোনে তিনি বলেছেন, ‘এই জায়গায় যদি মাটি কাটা হয়, আপনার খবর আছে।’
মরিয়মের পরিবারের সঙ্গে এমপি গাজী নজরুলের আপস
দ্বিতীয় স্ত্রী মরিয়ম আক্তারের আত্মহত্যায় প্ররোচনার মামলায় সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের ভুক্তভোগী পরিবারের আপস হয়েছে। মামলায় গাজী নজরুলের প্রথম স্ত্রী মাকসুদা ইসলামের জামিন মঞ্জুর করেছেন আদালত। তবে গাজী নজরুল ইসলামের জামিন আবেদন নামঞ্জুর করা হয়েছে।
যে প্রাসাদে বন্দি ছিলেন নবাব সিরাজের পরিবারের সদস্যরা
ঢাকার খুব কাছেই এমন একটি জায়গা আছে, যেখানে দাঁড়ালে মনে হবে কয়েক শত বছর পেছনে ফিরে গেছেন। বুড়িগঙ্গা নদীর ওপারে কেরানীগঞ্জের জিনজিরা এলাকায় দাঁড়িয়ে আছে ইতিহাসের নীরব সাক্ষী জিনজিরা প্রাসাদ। সময়ের আঘাতে প্রাসাদের বড় অংশ হারিয়ে গেলেও টিকে থাকা ভগ্নাংশ এখনও বহন করছে মোগল আমল থেকে বাংলার নবাবি সময়ের নানা স্মৃতি।
৫০ টাকার গাছ ৪০০ টাকায় কিনে বৃক্ষরোপণ কর্মসূচি, এক মাসেই যাচ্ছে মরে
সরকারের বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় চলতি বছর সিরাজগঞ্জে ৪০ হাজারের বেশি গাছ লাগানোর লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। তবে রোপণের এক থেকে দেড় মাসের মধ্যেই নিয়মিত পরিচর্যা ও রক্ষণাবেক্ষণের অভাবে অনেক চারা মারা গেছে এবং যাচ্ছে। একই সঙ্গে জেলার কয়েকটি ইউনিয়নের নথিপত্রে বাজারমূল্যের কয়েক গুণ দামে গাছ কেনা ও রোপণের ব্যয় দেখানোর তথ্য পাওয়া গেছে।
বছরের পর বছর শ্রম বেচেও দিন বদলায়নি আদিবাসী শ্রমিকদের
বাংলাদেশ সুগারক্রপ রিসার্চ ইনস্টিটিউটে (বিএসআরআই) বছরের পর বছর কাজ করেও স্থায়ী চাকরি ও ন্যায্য মজুরি পাচ্ছেন না পাবনার ঈশ্বরদীর স্থানীয় আদিবাসী শ্রমিকদের বড় একটি অংশ। অনিশ্চিত কর্মসংস্থান, কম মজুরি এবং বিকল্প কাজের সীমিত সুযোগে তাদের জীবন বদলাচ্ছে না।