ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির রাজু ভাস্কর্যের পাদদেশে শান্তিপূর্ণ কর্মসূচি চলছে, শান্তির প্রতীক সাদা পোশাকে গানে গানে সচেতন মানুষদের মানবিক দায়িত্ব ও অধিকার নিয়ে সচেতন করা চেষ্টা। হঠাৎ করেই হেলমেট পরিহিত একদল লোক হামলা শুরু করে কর্মসূচিতে। এরপর শুরু প্রতিবাদী স্লোগান। স্লোগানগুলো শুনে কারও হঠাৎ মনে হতে পারে জুলাই হয়তো আবারও ফিরে এসেছে।
শনিবার (১৬ নভেম্বর) বিকালে জুলাই আন্দোলনের থিমকে প্রাধান্য দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য থেকে শুরু হওয়া এই কর্মসূচির নাম দেওয়া হয়েছে 'লাল মজলুম'। পথ চলতে চলতে শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে গিয়ে শেষ হয় এই পথ নাটক।
অংশ নিয়ে সরকারি সংগীত কলেজের শিক্ষার্থী অভিজিৎ পাল বলেন, সংগীত মানুষের মনে শান্তি ছড়াতে কাজ করে। সাদা রঙ সমাজে শান্তির প্রতীক হিসেবেই পরিচিত। আমরা এই পথনাটকের মাধ্যমে সবার মাঝে শান্তির বার্তা দিতে চাই।
পথচারী হায়দার মিয়া দাঁড়িয়ে আছেন পথনাটক দেখার জন্য। তিনি জানান, তার কলেজ পড়ুয়া ছেলের সঙ্গে আন্দোলনে অংশ নিয়েছিলেন। এই পথনাটক দেখে দুঃস্বপ্নের সময়গুলো স্মৃতিপটে ভেসে উঠেছে তার।