৩০ ঘণ্টাতেও পুরোপুরি নেভেনি চকবাজারের আগুন, বের হচ্ছে ধোঁয়া

পুরান ঢাকার চকবাজারের চক মোগলটুলী সড়কের মনসুর খান প্লাজায় অগ্নিকাণ্ডের ৩০ ঘণ্টা পার হলেও আগুন পুরোপুরি নেভানো সম্ভব হয়নি। ভবনটি থেকে এখনও ধোঁয়া বের হচ্ছে। ফায়ার সার্ভিসের কর্মীরা পানি দিয়ে আগুন নেভানোর কাজ করছেন। এদিকে নিরাপত্তার কারণে আশপাশের সব মার্কেট বন্ধ রাখা হয়েছে।

ক্ষতিগ্রস্ত ভবনের দোকানিরা আগুনের লেলিহান শিখা থেকে রক্ষা পাওয়া মালামাল নামিয়ে আনছেন। তবে আগুনে না পুড়লেও ধোঁয়ায় অনেক মালামাল কালো হয়ে গেছে।

মঙ্গলবার (১৩ অক্টোবর) রাতে ঘটনাস্থল ঘুরে এমন চিত্র দেখা গেছে।

ঘটনাস্থলে দেখা যায়, ভবনটির নিচে ফায়ার সার্ভিসের গাড়ি রয়েছে। চক মোগলটুলী সড়কের দুই পাশে নিরাপত্তাবেষ্টনী দিয়ে মানুষের চলাচল সীমিত করা হয়েছে। ভবনের নিচে ব্যবসায়ী ও কর্মচারীদের ভিড় দেখা যায়।

আশরাফুল নামে এক ব্যবসায়ী বাংলা ট্রিবিউনকে জানান, ভবনটির ষষ্ঠ তলায় তার ব্যাগের দোকান রয়েছে। আগুনে মালামাল না পুড়লেও ধোঁয়ায় সব কালো হয়ে গেছে। ফলে সেগুলোর অর্ধেকই আর বিক্রিযোগ্য নয়। তিনি মালামাল নিচে নামিয়ে এনেছেন।

সোমবার (১২ অক্টোবর) বিকাল ৫টা ৪ মিনিটে চকবাজারের মনসুর খান প্লাজায় আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। পরে লালবাগ থেকে দুটি, সদর দফতর সিদ্দিকবাজার থেকে দুটি এবং পলাশী থেকে আরও দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে। পরে যোগ দেয় আরও চারটি ইউনিট।

প্রায় ১২ ঘণ্টার চেষ্টায় মঙ্গলবার ভোর ৫টা ২০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আনার কথা জানায় ফায়ার সার্ভিস। তবে এরপরও আগুন পুরোপুরি নির্বাপণ করা সম্ভব হয়নি।

ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে বলেন, আগুন এখনও নির্বাপণ করা যায়নি। ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে রয়েছেন এবং ভবনের অগ্নিকাণ্ডস্থলে পানি দিচ্ছেন।

তিনি আরও বলেন, আগুনের কারণ অনুসন্ধানে তদন্ত কমিটি গঠন করা হবে।