রাজধানীর মিরপুরের একটি পুলিশ বক্স ভাঙচুর করেছে পোশাক শ্রমিকরা। আজ পুলিশ ও শ্রমিকদের ধাওয়া পাল্টা ধাওয়ার এক পর্যায়ে শ্রমিকরা পুলিশ বক্সটি ভাঙচুর করে।
সপ্তাহের প্রথম কর্মদিবসে আজ মিরপুরে রাজধানীর গুরুত্বপূর্ণ সড়ক অবরোধ করেছেন পোশাক শ্রমিকরা। এতে সীমাহীন দুর্ভোগে পড়েছেন অফিসগামী যাত্রীরা। পোশাক শ্রমিকদের রাস্তা থেকে সরাতে অ্যাকশনে গেছে পুলিশ। টিয়ারশেল, সাউন্ড গ্রেনেড ও জলকামান ব্যবহার করা হচ্ছে। পোশাক শ্রমিকরাও পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেছেন এবং সেখানে একটি পুলিশ বক্স ভাঙচুর করা হয়েছে। এমন অবস্থায় রণক্ষেত্রে পরিণত হয়েছে মিরপুর-১০।
জানা গেছে, ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকার দাবিতে সকালে তারা সড়ক অবরোধ করেন। সকাল ১১টা পর্যন্ত পুলিশ তাদের সড়ক ছেড়ে দেওয়ার জন্য বোঝানোরও চেষ্টা করে। এক পর্যায়ে তারা সড় না ছাড়লে ১১টা ২০ মিনিটের অ্যাকশনে যায় পুলিশ।
মিরপুরের অবরোধে রাজধানীজুড়ে যানজট, ভোগান্তি চরমে বর্তমানে পুলিশ ও পোশাক শ্রমিকদের মধ্যে ধাওয়া পল্টা ধাওয়া চলছে। পুলিশ পোশাক শ্রমিকদের ছত্রভঙ্গ করার চেষ্টা করে যাচ্ছে।
মিরপুর ১০ থেকে ১৪ এবং পল্লবীর দিকে যেতে রাস্তায় অবস্থান করছেন পোশাক শ্রমিকরা। সেখানতে থেকে পুলিশ পোশাক শ্রমিকদের সরিয়ে দেওয়ার চেষ্টা করছে।
মিরপুর থানার কর্তব্যরত অফিসার এসআই হাফিজুল ইসলাম জানান, রাস্তা থেকে পোশাক শ্রমিকদের সরিয়ে দিতে কাজ করছে পুলিশ।