এজেআর কুরিয়ার সার্ভিসের আবারও হামলা, ভাঙচুর, লুটপাট ও দুটি পরিবহনে আগুন দিয়েছে সন্ত্রাসীরা। রবিবার (১৫ নভেম্বর) রাত ১০টার কিছু পর হাজারীবাগ শাখায় এ ঘটনা ঘটে।
এর আগে বিকাল ৪টার দিকে মোহাম্মদপুরে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। ৬ ঘণ্টার ব্যবধানে দুটো হামলার ঘটনা ঘটলো।
জানা গেছে, রবিবার রাত ১০টার দিকে এজেআর কুরিয়ার সার্ভিস হাজারীবাগের মেইন রোড পুরাতন ওয়্যারহাউসে ৩০/৪০ দুর্বৃত্ত দেশীয় অস্ত্রসহ এসে হামলা ও লুটপাট চালায়। অফিসের সামনে দাঁড়িয়ে থাকা দুটি গাড়িতে ভাঙচুর ও আগুন লাগিয়ে দেয়। হামলার সময় একজন পথচারী দেশি অস্ত্রের কোপে গুরুতর আহত হয়।
আগুন দেওয়া গাড়ি দুটির নম্বর হলো ঢাকা মেট্রো- ন ১৫-৯১৪৫ ও ঢাকা মেট্রো- ন ২১-৭৩৬০। পরে পুলিশে এলে সন্ত্রাসীরা পালিয়ে যায়।
হাজারীবাগ থানার ওসি মোশাররফ হোসেন বলেন, এ ঘটনায় সন্ত্রাসীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে।