পরিবেশবান্ধব ভবন নির্মাণ ও দূষণ রোধে কার্যকর পদক্ষেপের নির্দেশ উপদেষ্টার

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, ভবিষ্যতে মন্ত্রণালয়ের অধীন দফতরগুলোর পরিবেশবান্ধব ভবন নির্মাণ করতে হবে। ভবনের ডিজাইন এমনভাবে করতে হবে যাতে দিনের বেলায় বৈদ্যুতিক বাতি ছাড়াই সূর্যের আলোতে কাজ করা যায়। ভবনে পর্যাপ্ত পরিমাণে বাতাস প্রবেশের ব্যবস্থা রাখতে হবে। এছাড়া ব্লক ইটসহ পরিবেশবান্ধব নির্মাণসামগ্রী ব্যবহার করতে হবে।

বৃহস্পতিবার (২৯ আগস্ট) বিকালে মন্ত্রণালয়ের সভাকক্ষে ২০২৪-২৫ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচির জুলাই পর্যন্ত বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা সভায় তিনি এসব কথা বলেন।

উপদেষ্টা সভায় নদীদূষণ, শব্দদূষণ, প্লাস্টিক দূষণ রোধে সচেতনতা সৃষ্টির কাজে পরিবেশ অধিদফতরের মহাপরিচালককে নির্দেশনা দেন। তিনি বলেন, ‘প্লাস্টিকের ব্যানার ব্যবহার বন্ধে কার্যকর পদক্ষেপ নিতে হবে। জাহাজ ভাঙা পরিদর্শনে প্রতিবেদন দিতে হবে যথাযথভাবে।’

বন অধিদফতরের প্রধানকে বন্যপ্রাণী সংরক্ষণ, সাফারি পার্কের আধুনিক ব্যবস্থাপনা এবং ইউক্যালিপটাসের পরিবর্তে দেশজ গাছ লাগানোর পরামর্শ দেন তিনি।

সভায় মন্ত্রণালয়ের সচিব, অতিরিক্ত সচিবরা, অধীন দফতরগুলোর প্রধান, প্রকল্প পরিচালকসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এর আগে বৃহস্পতিবার সকালে পরিবেশ উপদেষ্টা পরিবেশ অধিদফতরে ৪১তম বিসিএসর নতুন যোগদান করা কর্মকর্তাদের ওরিয়েন্টেশন কোর্সের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে সনদপত্র বিতরণ করেন।