বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবীর রিজভী আহমেদ বলেছেন, বর্তমান সরকারের সঙ্গে জঙ্গিদের হুবহু মিল রয়েছে। জঙ্গিরা যেমন ভিন্নমত সহ্য করে না, সরকারও ঠিক তাদের মতই আচরণ করে। বৃহস্পতিবার নগরীর শালবাগানে অধ্যাপক রেজাউল করিমের বাসভবনে স্বজনদের সমবেদনা জানিয়ে বের হওয়ার সময় তিনি সাংবাদিকদের এসব বলেন।
শিক্ষার হত্যার ঘটনা নির্মম ও নৃশংস উল্লেখ করে রুহুল কবির রিজভী বলেন, এটা কাম্য হতে পারে না। আজ হত্যা এবং রক্তপাত এ দেশের রাজনীতির সংস্কৃতি হয়ে দাঁড়িয়েছে। আজ যে জঙ্গিদের কথা বলা হচ্ছে, দীর্ঘদিন ধরে এরা একের পর এক মানবতাবিরোধী, সভ্যতা ও সংস্কৃতিবিরোধী কর্মকাণ্ড করছে। অথচ এই সরকার যার হাতে রাষ্ট্রের সব সরঞ্জাম, গোয়েন্দা বাহিনী, পুলিশ, র্যাব, আইন প্রয়োগকারী সংস্থা রয়েছে। অথচ তারা এখনও পর্যন্ত তাদের খুঁজে বের করতে পারেনি।
তিনি আরও বলেন, শিয়া সম্প্রদায়, মুসলিম, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ কেউ এদের হাত থেকে রক্ষা পাচ্ছে না। তাদের আস্তানা কোথায় তা খুঁজে পাচ্ছে না। আর ঘটনার পর সরকার হম্বিতম্বি করে, আর বিএনপি ওপর দায় চাপানোর চেষ্টা করে। তাদের অনাচার, অবিচার, জোর করে ক্ষমতা দখলের জন্যই এ ধরনের পরিস্থিতি সৃষ্টি হচ্ছে।
অধ্যাপক রেজাউল করিম হত্যায় প্রকৃত খুনিদের গ্রেফতারের দাবি জানিয়ে রুহুল কবির রিজভী বলেন, মানুষকে বিভ্রান্ত ও জনদৃষ্টিকে ঝাঁপসা করানোর জন্যে নয়, প্রকৃত হত্যাকারীদের চিহ্নিত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দিতে হবে।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মিজানুর রহমান মিনু, রাজশাহী বিভাগের সাংগঠনিক সম্পাদক শাহীন শওকতসহ অন্যরা।
আরও পড়ুন: ৬৬ আরোহী নিয়ে ফ্রান্স থেকে মিসরগামী বিমান নিখোঁজ
/এমও/