দলে দলে আসছেন কাউন্সিলর ও ডেলিগেটরা

 

সমাবেশ স্থলে প্রবেশের অপেক্ষায় নেতাকর্মীরাক্ষমতাসীন আওয়ামী লীগের ২১তম সম্মেলনে অংশ নিতে দলে দলে আসছেন কাউন্সিলর ও ডেলিগেটরা। শুক্রবার (২০ ডিসেম্বর) ভোর থেকে তারা সম্মেলন স্থল ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানের নির্ধারিত প্রবেশ পথসহ আশপাশে অবস্থান নেন।  সকাল পৌনে ১১টার দিকে প্রবেশ পথ খুলে দেওয়া হয়। কাউন্সিলর ডেলিগেটদের নিরাপত্তা তল্লাশির পর ভেতরে প্রবেশের সুযোগ দেওয়া হচ্ছে।

শুক্রবার ভোর হতেই দেশের বিভিন্ন স্থান থেকে কাউন্সিলরসহ দলের নেতাকর্মীরা দলে দলে এসে সোহরাওয়ার্দী উদ্যানের আশপাশে জড়ো হতে থাকেন। নেতাকর্মীদের উপস্থিতিতে সম্মেলনের প্রবেশপথ ও আশপাশ এলাকা জমজমাট হয়ে উঠেছে। সম্মেলনকে ঘিরে ওই এলাকায় ব্যাপক নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হয়েছে।

সম্মেলনে ঢোকার প্রবেশ পথে নেতাকর্মীদের ভিড়‘শেখ হাসিনার নেতৃত্বে বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণে গড়তে সোনার দেশ, এগিয়ে চলেছি দুর্বার, আমরাই তো বাংলাদেশ’— এই স্লোগান নিয়ে আওয়ামী লীগের ২১তম সম্মেলন শুরু হবে আজ  বিকাল তিনটায়।

দলের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ সম্মেলন উদ্বোধন করবেন। এসময় প্রধানমন্ত্রী জাতীয় পতাকা ও দলের সাধারণ সম্পাদক দলীয় পতাকা উত্তোলন করবেন। দলের জেলা নেতারাও উত্তোলন করবেন পতাকা। পরিবেশন করা হবে জাতীয় সংগীত।

সারাদেশ থেকে সাড়ে সাত হাজার কাউন্সিলর ও ১৫ হাজার ডেলিগেটসহ প্রায় ৫০ হাজার নেতাকর্মী সম্মেলনে উপস্থিত থাকবেন। শৃঙ্খলা রক্ষায় কাজ করবেন দুই হাজার স্বেচ্ছাসেবী। বিএনপিসহ দেশের বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের আমন্ত্রণ জানানো হয়েছে।

সম্মেলনে আগত নেতাকর্মীদের ভিড়সোহরাওয়ার্দী উদ্যানে সম্মেলনের উদ্বোধনের পরপরই হবে সাংস্কৃতিক অনুষ্ঠান। ধর্মগ্রন্থ থেকে পাঠের পর হবে শোক প্রস্তাব পাঠ। একমিনিট নীরবতা পালনের পর অভ্যর্থনা উপ-পরিষদের আহ্বায়ক বক্তব্য দেবেন। সাধারণ সম্পাদক পেশ করবেন দলের প্রতিবেদন। এরপর সভাপতির বক্তব্য এবং সবশেষে সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হবে প্রথম দিনের কর্মসূচি।

সম্মেলনের দ্বিতীয় দিন শনিবার (২১ ডিসেম্বর) সকালে সাড়ে ১০টায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে কাউন্সিল অধিবেশনের উদ্বোধন করবেন শেখ হাসিনা। এরপর শুরু হবে রূদ্ধ দ্বার কাউন্সিল। এই কাউন্সিল অধিবেশনে নতুন নেতৃত্ব নির্বাচন করা হবে।

ছবি: সাজ্জাদ হোসেন

আরও পড়ুন:

আওয়ামী লীগের যত সম্মেলন

আ. লীগের সম্মেলন: সাধারণ সম্পাদকের পদ ঘিরেই মূল আলোচনা

আ. লীগের কাউন্সিল: ৩৩ শতাংশ নারী কোটার টার্গেট পূরণ হবে?

চ্যালেঞ্জ মোকাবিলা করেই এগিয়ে যাবে আ.লীগ: ড. আব্দুর রাজ্জাক

রাজনীতি থেকে দুর্বৃত্তায়ন দূর করতে কাজ করছে আ. লীগ: ড. হাছান মাহমুদ

ছবিতে আ.লীগের কাউন্সিল প্রস্তুতি