প্রতিরক্ষা বাহিনীগুলোর মধ্যে ভারসাম্য নষ্ট চায় না বিএনপি: সালাহউদ্দিন

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে উদ্দেশ করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, আমরা চাই আপনার সঙ্গে প্রতিরক্ষা বাহিনীর সুসম্পর্ক বজায় থাকুক, রাষ্ট্রের ব্যালান্স রাখতে হবে। আমরা চাই প্রতিরক্ষা বাহিনীগুলোর মধ্যে কোনও রকম ভারসাম্য নষ্ট না হোক। আমরা নির্বাচনকে সামনে রেখে কোনও ঝুঁকির মধ্যে পড়তে চাই না, আমরা এটা মোকাবিলা কর‍তে পারবো না।

বুধবার (১৫ অক্টোবর) জুলাই সনদ বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের জরুরি বৈঠকে তিনি এ মন্তব্য করেন। বৈঠকে কমিশন প্রধান এবং প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসও উপস্থিত ছিলেন।  

সালাহ উদ্দিন আহমদ বলেন, জাতীয় নির্বাচন পেছানোর কোনও সুযোগ নেই। ফেব্রুয়ারিতেই নির্বাচন করতে হবে, এর কোনও বিকল্প নেই। প্রধান উপদেষ্টাকে উদ্দেশ করে তিনি বলেন, আপনার প্রতি আমাদের সমর্থন সীমাহীন নয়, এর সীমারেখা আছে। আপনার প্রতি আমাদের সমর্থন কন্ডিশনাল, আপনি এটা উপলব্ধি করুন।

প্রতিরক্ষা বাহিনীর সঙ্গে প্রধান উপদেষ্টার সম্পর্ক নিয়েও কথা বলেন বিএনপির এই সিনিয়র নেতা।

এর আগে কমিশনের সদস্যরা রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করেন। বৈঠকে সভাপতিত্ব করেন অধ্যাপক মুহাম্মদ ইউনূস।