আগামীকাল বৃহস্পতিবার (১৭ মার্চ) জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২তম জন্মবার্ষিকী উপলক্ষে বিবৃতি দিয়েছেন জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদের সভাপতি হাসানুল হক ইনু ও সাধারণ সম্পাদক শিরীন আখতার।
বুধবার (১৬ মার্চ) এক বিবৃতিতে তারা বলেন, ‘বাঙালি জাতির অবিসংবাদিত নেতা, জাতির পিতা, স্বাধীন বাংলাদেশ রাষ্ট্রের প্রতিষ্ঠাতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২তম জন্মবার্ষিকী বাঙালি জাতির জন্য একটি আনন্দের দিন।’
তারা বলেন, বঙ্গবন্ধুর মতো ক্ষণজন্মা নেতার জন্ম হয়েছিল বলেই বাঙালি জাতি স্বাধীনতা ও মুক্তির সংগ্রামে দিশা পেয়েছিল এবং তার নেতৃত্বে সংগ্রাম করে স্বাধীন বাংলাদেশ রাষ্ট্র প্রতিষ্ঠা করেছিল।’
জাসদের দফতর সম্পাদক সাজ্জাদ হোসেন জানান, ১৭ মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২তম জন্মবার্ষিকীতে জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ সকাল ১০টায় ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধু ভবনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মাল্যদান করে শ্রদ্ধা নিবেদন করবে।