স্বরাষ্ট্রমন্ত্রী কেন এই হামলাকে লঘু করতে চাইলেন, প্রশ্ন এমপি নুসরাতের

সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ও এনসিপি নেত্রী নুসরাত তাবাসসুমের কুষ্টিয়ায় গ্রামের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ঘটিয়েছে বলে ধারণা করছেন নুসরাত তাবাসসুম। তবে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ কেন ওই হামলাকে লঘু করতে চাইলেন, সে বিষয়ে প্রশ্ন তুলেছেন তিনি।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে এ প্রশ্ন তোলেন তিনি।

নুসরাত তাবাসসুম লিখেছেন, বাচ্চাসহ ছয়-সাত জন মানুষ, একাধিক গবাদিপশুর বসবাসসহ একটি বসতবাড়িকে সংসদে দাঁড়িয়ে পরিত্যক্ত ঘোষণা করে দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী!  পেট্রোলের পোড়া গন্ধে ভরা একটা ধ্বংসস্তুপকে বলে দিলেন শর্ট সার্কিটের ফলাফল! আসলে কয়েক কোটির রাজকীয় ফ্ল্যাট না থাকলে আর কারও বসতবাড়িকে পরিত্যক্ত মনে হতেই পারে! সবাই তো আর দেশান্তরে থেকেও কয়েকগুণ সম্পত্তি বাড়িয়ে ফেলতে পারে না। এই স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আমিও কোনও জবাব চাই না।

তিনি বলেন, আমার লিস্টের সম্মানিত বিএনপি সমর্থক সহনাগরিকগণ, আপনাদের কাছে জানতে চাই, আমার বিশ্বাস, এই হামলা আওয়ামী লীগ করেছে। সে ক্ষেত্রে স্বরাষ্ট্রমন্ত্রী কেন এই হামলাকে লঘু করতে চাইলেন?

নুসরাত তাবাসসুম প্রশ্ন রাখেন, আমার সাত জন ঘুমিয়ে থাকা বাড়ি যদি পরিত্যক্ত হয়, তাহলে ঢাবি এফবিএস, ফার্মগেটের বাস কিংবা কমলাপুর রেলস্টেশনও কী পরিত্যক্ত?

উল্লেখ, বৃহস্পতিবার জাতীয় সংসদে বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলামের বক্তব্যের পর ওই অগ্নিকাণ্ডের বিষয়ে সরকারের অবস্থান তুলে ধরে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কুষ্টিয়ার দৌলতপুরে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের গ্রামের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় বৈদ্যুতিক শর্টসার্কিটের সম্ভাবনা বেশি বলে প্রাথমিক তদন্তে ধারণা পাওয়া গেছে। তবে আগুন লাগানো হয়েছে, নাকি বৈদ্যুতিক ত্রুটির কারণে আগুনের সূত্রপাত— তা নিশ্চিত হতে তদন্ত চলছে।

তিনি বলেন, বুধবার দিবাগত রাত ১২টা ২০ মিনিটে সীমান্ত থেকে ৭ দশমিক ৪ কিলোমিটার দূরে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার মথুরাপুর ইউনিয়নের বাগোয়ান গ্রামে নুসরাত তাবাসসুমের গ্রামের বাড়িতে আগুন লাগে। টিনশেড আধাপাকা বাড়িটিতে কেউ বসবাস করেন না। বাড়িটি থেকে প্রায় ২০ মিটার দূরে তার বাবা-মা তিনতলা একটি বাড়িতে থাকেন।