নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুন: স্বরাষ্ট্রমন্ত্রী বললেন, ‘শর্টসার্কিট’ 

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
১২ নভেম্বর ২০২৬, ১৭:৪২ আপডেট : ১২ নভেম্বর ২০২৬, ১৭:৫০

কুষ্টিয়ার দৌলতপুরে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের গ্রামের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় বৈদ্যুতিক শর্টসার্কিটের সম্ভাবনা বেশি বলে প্রাথমিক তদন্তে ধারণা পাওয়া গেছে। তবে আগুন লাগানো হয়েছে, নাকি বৈদ্যুতিক ত্রুটির কারণে আগুনের সূত্রপাত—তা নিশ্চিত হতে তদন্ত চলছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) জাতীয় সংসদে বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলামের বক্তব্যের পর এ বিষয়ে সরকারের অবস্থান তুলে ধরেন স্বরাষ্ট্রমন্ত্রী।

তিনি বলেন, বুধবার দিবাগত রাত ১২টা ২০ মিনিটে সীমান্ত থেকে ৭ দশমিক ৪ কিলোমিটার দূরে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার মথুরাপুর ইউনিয়নের বাগোয়ান গ্রামে নুসরাত তাবাসসুমের গ্রামের বাড়িতে আগুন লাগে। টিনশেড আধাপাকা বাড়িটিতে কেউ বসবাস করেন না। বাড়িটি থেকে প্রায় ২০ মিটার দূরে তার বাবা-মা তিনতলা একটি বাড়িতে থাকেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বাড়িটিতে দুটি ছাগলসহ কিছু জিনিসপত্র ছিল। আগুনে ছাগল দুটি মারা গেছে। ঘটনাস্থল পরিদর্শন করেছেন অতিরিক্ত পুলিশ সুপার ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)। সকালে তিনি নিজে কথা বলে পুলিশ সুপারকেও সেখানে পাঠিয়েছেন। সীমান্তের কাছাকাছি হওয়ায় বিজিবির একটি দলও ঘটনাস্থল পরিদর্শন করেছে। ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে।

আগুনটি কেউ লাগিয়েছে, নাকি দুর্ঘটনাবশত লেগেছে, তা তদন্তের নির্দেশ দিয়েছেন জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এ ঘটনায় বিজিবি, ফায়ার সার্ভিস, সিভিল প্রশাসন ও পুলিশ প্রশাসনের সমন্বয়ে যৌথভাবে তদন্ত করা হবে।

বিজিবির প্রাথমিক প্রতিবেদনের বরাতে তিনি বলেন, ঘটনাস্থলের আলামত, স্থানীয় লোকজন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সঙ্গে কথা বলে পেট্রোল বোমা বিস্ফোরণের মতো কোনও শব্দ শোনা যায়নি বলে জানা গেছে। বাড়ির দেয়ালে পেট্রোল বোমার কোনও চিহ্ন পাওয়া যায়নি। কোনও প্রত্যক্ষদর্শীর কাছ থেকেও পেট্রোল বোমা ব্যবহারের তথ্য পাওয়া যায়নি। প্রাথমিকভাবে সেখানে পেট্রোল বোমা ব্যবহার করা হয়নি বলেই ধারণা করা হচ্ছে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বাড়িটি পুরোনো হওয়ায় বৈদ্যুতিক তারের সংযোগ দুর্বল ছিল। ঘটনাস্থলের একটি ছবিতে শর্টসার্কিটের মতো পরিস্থিতি দেখা গেছে। প্রাথমিক তদন্তে বৈদ্যুতিক শর্টসার্কিটের সম্ভাবনা বেশি বলে ধারণা করা হচ্ছে। তবে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত এ বিষয়ে নিশ্চিত করে কিছু বলা যাবে না।

তিনি আরও বলেন, ঘটনাটিতে নাশকতার কোনও সংশ্লিষ্টতা পাওয়া গেলে সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। জিডির ভিত্তিতে পুলিশ তদন্ত করছে।

এর আগে নাহিদ ইসলামের বক্তব্যের পর স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম বলেন, একজন সংসদ সদস্যের বাড়িতে আগুন দেওয়ার ঘটনা গুরুতর। সংসদ সদস্যের নিরাপত্তা বিঘ্নিত হলে তা দেশের সবার জন্য আতঙ্কের বিষয়। দ্রুত তদন্ত করে সংসদে এ বিষয়ে জবাব দিতে স্বরাষ্ট্রমন্ত্রীকে অনুরোধ করেন তিনি।

/এসএমএ/আইএএম/
সম্পর্কিত
স্বরাষ্ট্রমন্ত্রী কেন এই হামলাকে লঘু করতে চাইলেন, প্রশ্ন এমপি নুসরাতের
বিদ্যুৎবিহীন গ্রামগুলোতে নতুন সংযোগ দেবে সরকার
বেশি দামে কিনেও গ্যাসের দাম বাড়ায়নি সরকার: জ্বালানিমন্ত্রী
সর্বশেষ খবর
এমপি নুসরাতের গ্রামের বাড়িতে অগ্নিসংযোগের প্রতিবাদে এনসিপির মশাল মিছিল
এমপি নুসরাতের গ্রামের বাড়িতে অগ্নিসংযোগের প্রতিবাদে এনসিপির মশাল মিছিল
আমির হামজার মাহফিলের অনুমতি দেয়নি প্রশাসন, আরেক এমপি বললেন কীসের অনুমতি
আমির হামজার মাহফিলের অনুমতি দেয়নি প্রশাসন, আরেক এমপি বললেন কীসের অনুমতি
স্বরাষ্ট্রমন্ত্রী কেন এই হামলাকে লঘু করতে চাইলেন, প্রশ্ন এমপি নুসরাতের
স্বরাষ্ট্রমন্ত্রী কেন এই হামলাকে লঘু করতে চাইলেন, প্রশ্ন এমপি নুসরাতের
‘চীনা গুপ্তচর’ কেলেঙ্কারির জেরে পদ ছাড়লেন এনভিডিয়ার সিইও জেনসেন হুয়াং
‘চীনা গুপ্তচর’ কেলেঙ্কারির জেরে পদ ছাড়লেন এনভিডিয়ার সিইও জেনসেন হুয়াং
সর্বাধিক পঠিত
বরখাস্ত করা হলো পিডিবির সেই উপ-সহকারী প্রকৌশলীকে
বরখাস্ত করা হলো পিডিবির সেই উপ-সহকারী প্রকৌশলীকে
আ.লীগের সঙ্গে যোগাযোগ: এসপি জাহাঙ্গীর নজরদারিতে, দুটি ফোন জব্দ
আ.লীগের সঙ্গে যোগাযোগ: এসপি জাহাঙ্গীর নজরদারিতে, দুটি ফোন জব্দ
‘কাজ নেই তো বেতন নেই’ নীতিতে কারখানা বন্ধের পথে পোশাক মালিকরা
‘কাজ নেই তো বেতন নেই’ নীতিতে কারখানা বন্ধের পথে পোশাক মালিকরা
ছুটে আসছে হাজারো মানুষ, নিচ্ছে তাজা ইলিশের স্বাদ: লাগে না প্রবেশ ফি
ছুটে আসছে হাজারো মানুষ, নিচ্ছে তাজা ইলিশের স্বাদ: লাগে না প্রবেশ ফি
রুশ তরুণীর আমন্ত্রণে বেলারুশের গ্রামে ভারতীয় ইউটিউবার
রুশ তরুণীর আমন্ত্রণে বেলারুশের গ্রামে ভারতীয় ইউটিউবার