ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব গাজী আতাউর রহমান বলেছেন, জুলাই অভ্যুত্থানের মাধ্যমে এ দেশের ছাত্র-জনতা ফ্যাসিস্ট আওয়ামী লীগকে দেশ থেকে তাড়িয়ে দিয়েছে। হাজারো মানুষকে হত্যা; লাখো মানুষের রক্ত যাদের হাতে লেগে আছে, তারাই আবার মানুষ মারার পরিকল্পনা নিয়ে মাঠে নেমেছে। নিকৃষ্ট কৃতকর্মের জন্য তাদের কোনও অনুশোচনা নেই। আছে ঔদ্ধত্য ও অহমিকা।
শুক্রবার (২০ নভেম্বর) ইসলামী আন্দোলন বাংলাদেশ, ঢাকা মহানগর দক্ষিণ আয়োজিত ‘নগর ও ওয়ার্ড দায়িত্বশীল তারবিয়াত’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
গাজী আতউর রহমান বলেন, আওয়ামী লীগ মনে করে, মানুষকে কষ্ট দেবে আর জনগণ প্রত্যাবর্তনের সুযোগ করে দেবে। তাদের এসব কর্মসূচি দেশপ্রেমিক জনগণ ঘৃণার সঙ্গে প্রত্যাখ্যান করেছে। আওয়ামী লীগ তাদের রক্তের পিপাসা এখনও ভোলেনি। তাদের প্রত্যাবর্তনের পথ দিন দিন আরও কঠিন করে তুলেছে। আগুনে মানুষ পুড়িয়ে দেশে ফেরার স্বপ্ন ধ্বংসাত্মক ও ন্যাক্কারজনক।
বিশেষ অতিথির বক্তব্যে শেখ ফজলে বারী মাসউদ বলেছেন, আমরা শরিয়াহ প্রতিষ্ঠার জন্য প্রস্তুত হচ্ছি। এ দেশের মানুষ প্রচলিত আইন থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। মানুষকে বোকা বানানোর আর সুযোগ নেই। অচিরেই ইসলামী শরিয়াহর পক্ষে গণআন্দোলন তৈরি হবে।
সভাপতির বক্তব্যে নগর সহ-সভাপতি আবদুল আউয়াল মজুমদার বলেন, প্রতিটি ওয়ার্ডে ইসলামী শরিয়াহ প্রতিষ্ঠার জন্য জনমত গড়ে তুলতে হবে। আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ।
এ সময় আরও বক্তব্য রাখেন দলটির কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক মুফতি শেখ মুহাম্মাদ সাইফুল ইসলাম, নগর সেক্রেটারি কে এম শরীয়াতুল্লাহ, সহ-সভাপতি আলহাজ্ব এম এইচ মোস্তফা, জয়েন্ট সেক্রেটারি ফজলুল হক মৃধা, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মুফতী আবদুল আহাদ প্রমুখ।