চট্টগ্রাম বিভাগের বন্যাকবলিত অঞ্চলে ১০ হাজার পরিবারের হাতে ত্রাণসামগ্রী পৌঁছে দেবে গ্রামীণফোন। বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির সহযোগিতায় কাজটি করবে তারা। পাশাপাশি, পানযোগ্য নিরাপদ পানি সরবরাহের লক্ষ্যে পাঁচটি ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টও স্থাপনে সহায়তা করবে প্রতিষ্ঠানটি। সোমবার (১৪ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এ প্রসঙ্গে গ্রামীণফোনের ভারপ্রাপ্ত চিফ করপোরেট অ্যাফেয়ার্স অফিসার হোসেন সাদাত বলেন, ‘চট্টগ্রাম বিভাগে বিভিন্ন অঞ্চল পানির নিচে তলিয়ে যাওয়ায় দুর্ভোগের শিকার হচ্ছেন অগণিত মানুষ। প্রবল বৃষ্টির কারণে সৃষ্ট বন্যা ও ভূমিধ্বসে মানুষ নিরাপদ খাবার ও সুপেয় পানির সংকটে রয়েছেন। বন্যাকবলিত অঞ্চলগুলোতে নেটওয়ার্ক সুবিধা সচল রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর এ সেবা নিশ্চিতে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন আমাদের কর্মীরা। সেই সঙ্গে আমরা দুর্গত পরিবারগুলোর হাতে ত্রাণসামগ্রী তুলে দেওয়ার পদক্ষেপ নিয়েছি। দেশের প্রয়োজনে যেকোনও সময় সহযোগিতার হাত বাড়াতে অঙ্গীকারবদ্ধ গ্রামীণফোন।’
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির সেক্রেটারি জেনারেল কাজী শফিকুল আজম বলেন, ‘বন্যার কারণে চট্টগ্রাম অঞ্চলের মানুষ এক অনাকাঙ্ক্ষিত চ্যালেঞ্জ মোকাবিলা করছে। বিরূপ পরিস্থিতিতে জনজীবন বিপর্যস্ত। চট্টগ্রাম বিভাগের বিভিন্ন অঞ্চলে মানুষের ঘরবাড়ি পানির নিচে তলিয়ে গেছে। আমরা গ্রামীণফোনের সঙ্গে একাত্মতা প্রকাশের মাধ্যমে এ পরিস্থিতিতে প্রান্তিক মানুষের পাশে দাঁড়িয়েছি।’