অবশেষে ভারতের ভিসা পেয়েছেন সাবিনা-কৃষ্ণা

ভারতের লিগে খেলতে সুযোগ পাওয়া সাবিনা ও কৃষ্ণাবৃহস্পতিবার পর্যন্ত ভিসা পাননি দেশের দুই ফরোয়ার্ড সাবিনা খাতুন ও কৃষ্ণা রাণী সরকার।  তাতে ভারতের মহিলা ফুটবল লিগে তাদের অংশগ্রহণ নিয়ে দেখা দেয় সংশয়। তারপরেও হতোদ্যম হননি দুই বিভাগের দুই অধিনায়ক। আশায় ছিলেন ভিসা প্রাপ্তির বিষয়ে।  শেষপর্যন্ত রবিবার এই দুজনের ভিসা দিয়েছে ভারতীয় দূতাবাস।  ভিসা প্রাপ্তিতে এখন ভারতের মহিলা লিগে খেলার পথ উন্মুক্ত হল দুজনের।

অবশ্য ভিসা পেলেও এখন নতুন করে সমস্যা দেখা দিয়েছে। বাংলাদেশের দুই মহিলা ফুটবলার খেলবেন ভারতের তামিলনাড়ু প্রদেশের দল সেথু এফসির হয়ে।  যেই দলটির প্রথম ম্যাচ আগামীকাল সোমবার।  মেঘালয়ের শিলংয়ে হবে এই লিগ। হয়তো সাবিনা-কৃষ্ণার প্রথম ম্যাচ খেলা হবে না। পরের ম্যাচগুলোতে তাদের অংশগ্রহণের সুযোগ আছে। তবে তারজন্যে সেথু এফসির কর্তৃপক্ষের নতুন করে অনুমতি লাগবে।

লিগে আপাতত তাদের ৬টি ম্যাচ খেলার কথা আছে। সাবিনা খাতুন বাংলা ট্রিবিউনকে ভিসা প্রাপ্তি নিয়ে বলেছেন, ‘আমরা সকালেই জানতে পেরেছিলাম, ভিসা পেতে পারি। দূতাবাসে গিয়ে দেখি সত্যি সত্যি ভিসা হয়ে গেছে। এখন ভারতীয় লিগে খেলার অপেক্ষায় আছি।’

এদিকে বাফুফে সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ দুই ফুটবলারের ভিসা প্রাপ্তির খবরটি নিশ্চিত করে বলেছেন,‘সাবিনা ও কৃষ্ণার ভারতের ভিসা হয়ে গেছে। দুপুড়ের মধ্যে ভিসা প্রাপ্তির খবরটি নিশ্চিত হয়েছে। তবে ভিসা পেলেও এখন সেখানকার লিগে খেলা নিয়ে কিছুটা সংশয় আছে। সেথু এফসি কর্তৃপক্ষ এখন আমাদের দুই খেলোয়াড়কে নেবে কিনা, তা আগে জানতে হবে। আমরা এই বিষয়ে তাদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করে যাচ্ছি।’