ক্রাইস্টচার্চের ঘটনায় শ্রদ্ধা জানাবে এফএ

94ac381efed1b7591bdee74cf846cc9c-5c9069273516fনিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে মসজিদে সন্ত্রাসী হামলার ঘটনায় শোকের ছায়া পড়েছে ক্রীড়াঙ্গনেও। এই হামলায় অল্পের জন্য বাংলাদেশের ক্রিকেটাররা বেঁচে ফিরেছেন। তবে নিহত হয়েছেন কিউইদের ফুটসাল দলের গোলরক্ষক। ৫ বাংলাদেশিসহ ঘটনায় নিহত হয়েছেন অন্তত ৫০ জন। মর্মান্তিক ঘটনায় ওয়েম্বলি স্টেডিয়ামে তাদের প্রতি শ্রদ্ধা জানাবে ইংল্যান্ডের ফুটবল অ্যাসোসিয়েশন (এফএ)।

ইংল্যান্ডের ফুটবল অ্যাসোসিয়েশন (এফএ) এমন উদ্যোগের কথা জানিয়েছে। তারা বলেছে, ক্রাইস্টচার্চে বন্দুকধারীদের হামলার ঘটনায় তারা শ্রদ্ধা জানাবে ২২ মার্চ, শুক্রবার। সেই দিন ইউরো বাছাইয়ে মুখোমুখি হবে ইংল্যান্ড ও চেকপ্রজাতন্ত্র। এফএ বিবৃতিতে জানিয়েছে, ‘নিউজিল্যান্ডে ট্র্যাজেডির ঘটনায় নিহতদের প্রতি শ্রদ্ধা জানানো হবে ২২ মার্চ, শুক্রবার। সেদিন ইউরো বাছাইয়ে ইংল্যান্ড মুখোমুখি হবে চেক প্রজাতন্তের। ক্রাইস্টচার্চের ঘটনায় আমরা প্রত্যেককে স্মরণ করবো যারা এই মর্মান্তিক ঘটনায় আক্রান্ত হয়েছেন।’

শুক্রবার ওয়েম্বলি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ইউরোর বাছাই। অবশ্য তার আগে ইংলিশ প্রিমিয়ার লিগসহ ফুটবল অ্যাসোসিয়েশন সমালোচনার মুখে পড়েছিলো। তাদের বিরুদ্ধে দ্বৈত নীতির অভিযোগ আনা হয়েছিলো যে কেন তারা এই হামলার ঘটনায় এখনও কোনও ধরনের শোক প্রকাশ করেনি!