শুক্রবার পুলিশ এফসির বিপক্ষে ৩-০ গোলে জিতলেও বসুন্ধরা কোচ মাঠসহ নানা বিষয়ে সমালোচনা মুখর ছিলেন। মাঠ নিয়ে এই স্প্যানিশ কোচ বললেন,‘এমন মাঠে ভালো ফুটবল খেলা কঠিন। অনেক সময় বল ঠিকমতো আসে না। এরকম গোচারণ ভূমিতে ভাল খেলার কোনও উপায় নেই। এখানে ভাল খেলার চেষ্টা করলে যেকোনও বড় দল গ্রুপ পর্ব কিংবা কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিতে পারে। এখানে দুটি পাস খেলা কঠিন, খেলোয়াড়দের পক্ষে বল নিয়ন্ত্রণ করা কঠিন। সার্জিও রামোস এলেও এখানে ঠিকমতো খেলতে পারবে না!’
ফেডারেশন কাপের টানা সূচি নিয়েও বিরক্ত ব্রুজন বলেছেন এভাবে চললে দেশের ফুটবলের উন্নতি হবে না, ‘১০-১১ দিনে ৫ ম্যাচ খেলতে হচ্ছে। খেলোয়াড়দের পর্যাপ্ত বিশ্রাম নেই, তাহলে তাদের কাছ থেকে ভালো খেলা আশা করি কীভাবে। এভাবে কোনো কম্পিটিশন চলতে পারে না। একটা ফাইনালের আগে ৫-৬ দিন প্রস্তুতির সময় দেবে, ভালো ম্যাচ দেখার জন্য দর্শক আসবে, স্পনসর আসবে। এমনই একটা টুর্নামেন্ট হওয়া উচিত। এখন যেভাবে চলছে তাতে খেলোয়াড়দের কোনও উপকার হবে না।বাংলাদেশের ফুটবলেরও কোনও উপকার হবে না।’
ম্যাচের বল নিয়েও আপত্তি এই কোচের,‘বলের মান ভালো নয়। এ কারণেও ভালো খেলা কঠিন। অন্তত এই মানের টুর্নামেন্টে আরও ভালো মানের বল দিয়ে খেলা উচিত।’