কাতালান পরাশক্তির এখন এমন একজন কোচ দরকার, যিনি ড্রেসিংরুমকে শৃঙ্খলাবদ্ধ করতে পারবেন। এই কাজটি কোম্যানের পক্ষেই সবচেয়ে ভালোভাবে করা সম্ভব বলে নতুন আশায় বুক বেঁধেছে বার্সেলোনা। তবে ৫৭ বছর বয়সী ডাচ যতই ভালো করুন, তাকে একবছর পরই বিদায় দিয়ে তার জায়গায় জাভিকে বসানো হবে বলে সাবধান করে দিয়েছেন ভিক্তর ফন্ত। আগামী বছর ১৫ মার্চ অনুষ্ঠেয় বার্সেলোনার সভাপতি নির্বাচনে প্রার্থী ফন্ত পরিষ্কার বলে দিয়েছেন জাভিকে কোচ করে আনার পূর্বঘোষণা থেকে তিনি একচুলও সরে দাঁড়াবেন না।
অনেকের মতেই বার্সেলোনার সব সমস্যার মূলে বার্তোমেউ এবং তার নেতৃত্বাধীন বোর্ড। বার্তোমেউ সরলেই বার্সেলোনা কক্ষপথে ফিরবে, এমন বিশ্বাস বার্সেলোনানিস্তাদের মনে। ২০১৪ সাল থেকে বার্সেলোনার সভাপতি পদে থাকা বার্তোমেউ প্রচণ্ড চাপে রয়েছেন। ধরা হচ্ছে, ভিক্তর ফন্তই তাকে সরিয়ে বার্সেলোনার কুর্সিতে বসতে যাচ্ছেন।
ফন্তের কথা, ‘মেসি পুরোপুরি হতাশ এ কারণেই যে ক্লাব খেলার দিক দিয়েই হোক বা আর্থিক ও সাংগঠনিকভাবে, খুব সংকটের মধ্যে আছে। আমি আশা করবো মেসি ২০২১ সালে জাভির অধীনে খেলবে।’
জাভি এখন কাতারের আল-সাদ ক্লাবে কোচিংয়ের হাতটা পাকিয়ে নিচ্ছেন। ক্লাবের কিংবদন্তি এই মিডিফিল্ডারকে গত জানুয়ারিতে কোচ হওয়ার প্রস্তাব দেন বার্তোমেউ। কিন্তু জাভি তাকে না করে দিয়ে বলেন, ক্লাবের অনেক কিছুই নতুন করে গোছাতে হবে, তাই এখনই বার্সেলোনার দায়িত্ব নেবেন না। এ মাসের গোড়াতেও আইকন ম্যাগাজিনকে দেওয়া সাক্ষাৎকারে জাভি বলেছেন, ‘বাইরে থেকে ক্লাবকে ঘিরে অনেক কিছুই শোনা যায়। মাঠ এবং মাঠের বাইরে অনেক বিষয় আছে যে কারণে আমি মনে করি না এখনই দায়িত্ব নেওয়াটা ঠিক সময়।’
গত বছর লিভারপুলের কাছে হার, তার আগের বছর রোম-বিপর্যয় আর এবার বায়ার্নের কাছে ৮-২ গোলের লজ্জার পর কোম্যানও বুঝতে পারছেন কী কঠিন দায়িত্ব তাকে দিযেছে বার্সেলোনা। কিছু খেলোয়াড়ের ব্যাপারে নির্মম সিদ্ধান্ত তাকে নিতেই হবে। বার্তোমেউও মঙ্গলবার বলে দিয়েছেন মাত্র ৮ জন খেলোয়াড় বাদে বাকি সবার ওপর খড়্গ ঝুলে আছে। এই আটজন হলেন মেসি, টের-স্টেগেন, ডি ইয়ং, গ্রিজমান, লেংলে, ডেম্বেলে, আনসু ফাতি, রিকি পুইজ ও সেমেদো।
পালাবদল ভালোই শুরু হয়েছে বার্সেলোনায়। সেতিয়েনের পর বিতর্কিত ক্রীড়া পরিচালক এরিক আবিদালকেও বিদায় করে দিয়ে দাযিত্ব দেওয়া হয়েছে তারই সহকারী র্যামন প্লেনসকে।
এখন কোম্যানের হাতে বার্সেলোনার বদল কেমন হবে সেটাই দেখার অপেক্ষায় বিশ্ব ক্লাব ফুটবল।