ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, ময়মনসিংহের ছেলে-মেয়েরা জাতীয় ও আঞ্চলিক পর্যায়ে বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতায় কৃতিত্বের স্বাক্ষর রাখছে। তাই এ অঞ্চলে বিকেএসপির আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্রটিকে আন্তর্জাতিক মানসম্পন্ন করে গড়ে তোলা হবে। মন্ত্রীই জানান, আঞ্চলিক কেন্দ্রের জন্য কয়েকটি জায়গা দেখা হয়েছে। অচিরেই নির্বাচিত স্থানে জমি অধিগ্রহণ শেষে শুরু করে দেওয়া হবে অবকাঠামো নির্মাণের কাজ। নবগঠিত ময়মনসিংহ বিভাগের ওপর প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ দৃষ্টি থাকার কথা জানিয়ে ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন,সরকার ময়মনসিংহকে খেলাধুলার তীর্থভূমি হিসেবে গড়ে তুলতে চায়। শিগগিরই এখানে একটি ইনডোর স্টেডিয়ামও নির্মাণ করা হবে।
শুটিং রেঞ্জের উদ্বোধনী অনুষ্ঠানে ময়মনসিংহের জেলা প্রশাসক মোঃ মিজানুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মোঃ আখতার হোসেন, জাতীয় ক্রীড়া পরিষদের সচিব মোঃ মাসুদ করিম, বিকেএসপির মহাপরিচালক মোঃ রাশীদুল হাসান, ময়মনসিংহ সিটি করপোরেশনের মেয়র মোঃ ইকরামুল হক টিটু, জেলা পুলিশ সুপার মোঃ আহমার উজ্জামান, জেলা পরিষদের চেয়ারম্যান ইউসুফ খান পাঠান ও ময়মনসিংহ মহানগর আওয়ামী লীগের সভাপতি এহতেশামুল আলমসহ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ।