অনূর্ধ্ব-১৮ ফাইভ-এ-সাইড বিশ্বকাপ হকির প্রথম আসরে অংশ নিতে যাচ্ছে বাংলাদেশ। আগামী ৯ থেকে ১২ ডিসেম্বর মিসরের কায়রোতে চলবে ১২ দলের এই প্রতিযোগিতা। যেখানে ‘বি’ গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ ভারত, চিলি ও সুইজারল্যান্ড।
বিশ্বকাপে অংশ নিতে ইতোমধ্যে ভিসার জন্য ঢাকায় অবস্থিত মিসর দূতাবাসে আবেদন করেছে বাংলাদেশ দল। আগামী ৬ ডিসেম্বর দেশ ছাড়ার পরিকল্পনা রয়েছে তাদের। বিকেএসপির কোচ শেখ নান্নুর অধীনে চলছে দলের প্রস্তুতি।
ফাইভ-এ-সাইড হকিতে প্রতি দলে চারজন ফিল্ড খেলোয়াড় ও একজন গোলরক্ষক থাকেন। প্রচলিত হকির চেয়ে ছোট পরিসরে ও ভিন্ন গতির এই সংস্করণে খেলোয়াড়দের দক্ষতা, গতি ও দ্রুত সিদ্ধান্ত নেওয়ার সামর্থ্য গুরুত্বপূর্ণ।
গত জুলাইয়ে ওমানে অনুষ্ঠিত এশিয়ান বাছাইপর্ব পেরিয়ে প্রথমবারের মতো ফাইভ-এ-সাইড বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করে বাংলাদেশ। এবার বিশ্বমঞ্চে নিজেদের সামর্থ্য প্রমাণের পালা শেখ নান্নুর শিষ্যদের।