অস্ট্রেলিয়া এবার কোনো পরীক্ষা-নিরীক্ষার পথে হাঁটছে না। বরং বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজে তারা পূর্ণশক্তির দল ঘোষণা করেছে। আর এটিকেই বাংলাদেশের জন্য বড় অর্জন হিসেবে দেখছেন টেস্ট অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। তার মতে, শক্তিশালী দল ঘোষণা করে অস্ট্রেলিয়া প্রমাণ করেছে তারা বাংলাদেশকে আর হালকাভাবে দেখছে না।
শুক্রবার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে নতুন কুঁড়ির ফাইনাল শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে শান্ত বলেছেন, বাংলাদেশের ক্রিকেটে এমন ঘটনা আগে খুব একটা দেখা যায়নি, ‘বাংলাদেশের ক্রিকেটে আগে এমনটা দেখিনি। আমাদের বিপক্ষে খেলতে এলে অনেক দলই পরীক্ষা-নিরীক্ষা করতো। কিন্তু এবার অস্ট্রেলিয়া পূর্ণশক্তির দল ঘোষণা করেছে। এটাকে আমাদের দলের একটি অর্জন বলবো।’
তিনি মনে করেন, ‘ওরা এমন দল নিয়ে খেলবে, যেটা আমাদের জন্যও বড় সুযোগ। তাতে ওদের বিপক্ষে আমরা কতটা ভালো ক্রিকেট খেলতে পারি, সেটি দেখাতে পারবো। প্রতিপক্ষের স্কোয়াড দেখলেই বোঝা যায়, তারা এই সিরিজকে মোটেও হালকাভাবে নিচ্ছে না।’
অস্ট্রেলিয়ার ঘোষিত দলে রয়েছেন অভিজ্ঞ পেস ত্রয়ী জশ হ্যাজলউড, মিচেল স্টার্ক ও স্কট বোল্যান্ড। স্পিন বিভাগে থাকছেন অভিজ্ঞ নাথান লায়ন। ব্যাটিং লাইনআপে আছেন স্টিভ স্মিথ, মার্নাস লাবুশেন ও ট্রাভিস হেড। এছাড়া অলরাউন্ডার ক্যামেরন গ্রিন ও বাউ ওয়েবস্টার দলকে আরও ভারসাম্যপূর্ণ করেছে।
এদিকে পেসার এবাদত হোসেন সদ্যোজাত সন্তান ও স্ত্রীকে সময় দিতে অস্ট্রেলিয়া সফর থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন। তবে ইনজুরির কারণে পেস আক্রমণে সংকট তৈরি হলে প্রয়োজন অনুযায়ী ছুটি সংক্ষিপ্ত করে দলে যোগ দেওয়ার সম্ভাবনাও রয়েছে।
দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচ ১৩-১৭ আগস্ট ডারউইনে অনুষ্ঠিত হবে। এরপর ২২-২৬ আগস্ট ম্যাকাইতে অনুষ্ঠিত হবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট।